রতনতনু ঘাটী
চাঁদ নেমে এসে বসল যখন
কদমগাছের ডালে,
তিনজন চোর ছিল চাঁদটাকে
চুরি করবার তালে।
জ্যোৎস্না তখন ভাসিয়ে দিচ্ছে
গাছপালা ঘরবাড়ি,
তিনজন লোক ভিজছিল, তারা
স্বপ্নের কারবারি।
একজন বলে, ‘‘এখন আমার
গোটা চাঁদটাই পেলে,
ছেলের কপালে টিপ দিতে হবে
না দিলে কাঁদবে ছেলে!’’

আর একজন বলল তখন,
‘‘খেলা রাখো চাঁদ নিয়ে,
বিয়েতে মেয়েকে চাঁদ দিতে হবে
না দিলে হবে না বিয়ে!’’
শেষজন বলে, ‘‘আমি তো চাঁদটা
রাখব নিজের কাছে,
সব স্বপ্নই জীবনে মিথ্যে
এটুকুই বেঁচে আছে!’’
চাঁদ ভাগাভাগি করতে করতে
উড়ল ভোরের পাখি,
চাঁদ চাওয়াটাই সত্যি জীবনে
চাঁদটাই শুধু ফাঁকি।
জানে না কখন ডুবে গেছে চাঁদ
চোখে জ্যোৎস্নার ঘোর,
কদমগাছের নীচে বসে আছে
তিনজন চাঁদ-চোর।

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন