রতনতনু ঘাটী
আমি সেদিন ই-মেল খুলে আকাশ খুঁজছি যেই
মা বললেন, ‘‘বাপন, তোমার কিচ্ছুতে মন নেই!
সময় পেলে নেট দ্যাখো না, জানবে কত কী যে!’’
মা জানে না ই-মেল খুলে বন্ধু খুঁজি নিজে।
দোয়েল, রিয়া, অর্চিষ্মান, দেবপর্ণা, মিঠি
কাঁকনপুরের বন্ধুরা সব কেউ লেখে না চিঠি।
ওইখানে তো মাসির বাড়ি, যাচ্ছি বলো কই?
সারাক্ষণই পরীক্ষা আর চারপাশে তো বই!
এস এম এস-এ মনের আবেগ ছোট্ট করে লিখি
নতুন যুগের আমরা এখন কম্পিউটার শিখি।
বোনের সঙ্গে খুনসুটি বাদ, মাউস নিয়ে খেলা
ওরও এখন সময় তো নেই, নাচ শেখে দুইবেলা।


সিডি চালিয়ে কত্থক আর মণিপুরিও শেখে
একলা আমি পাসওয়ার্ডে কারসারটা রেখে
জ্যোৎস্না খুঁজি, পূর্ণিমা চাঁদ, অন্ধকারে ঝিঁঝি।
বাবা বলেন, ‘‘বাপন, তুমি একটুও নও বিজি?
সামনে তোমার এগজাম না? কেরিয়ারের হাল কী?’’
রবিঠাকুরের বীরপুরুষ আর ডাকাত-ঘেরা পালকি...
দু’ চোখ জুড়ে জোনাকিরাই, গা ছমছম আরও...
বাবা বলেন, ‘‘সিডি চালিয়ে ম্যাথস শিখলে পারো!’’
ওঁদের অফিস, দুপুরে যেই মনখারাপের ফাঁকে
মোবাইলে মিসড কল দিই বাবা এবং মাকে।
মা তখনই বলেন ফোনে, ‘‘মন ভালো নেই ছেলে?
আকাশজোড়া রামধনুকের ছবি পাঠালাম মেল-এ।’’
ইন-বক্সটা খুলেই দেখি মনখারাপের মেঘে
দু’-এক ফোঁটা বৃষ্টি যেন রামধনুটায় লেগে!
দাদু থাকেন বৃদ্ধাবাসে, ঠামি পিসির বাড়ি
ওঁদের কাছে এক্ষুনি তো ছুট্টে যেতে পারি!
কিন্তু তার কি উপায় আছে? এত্ত পড়া ফেলে?
ওঁদের আমি বিজয়ারও প্রণাম সারি মেল-এ।
এক-এক বছর পাশ করছি, উঠছি নতুন ক্লাসে
মনটা আমার আটকে আছে এখনও সিক্স প্লাসে।
স্মৃতির মেঘে ভুলে যাওয়ার তুমুল ঘনঘটা
মা, বাবা আর আমার মিলে পাসওয়ার্ড যে ছ’টা!
এত্ত ক’টা মনে রাখা মোটেও সহজ নয়।
বাবা বলেন, ‘‘পাসওয়ার্ডটা গোপন রাখতে হয়!’’
বোনের মাত্র একটাই, সেভোলে যে বারবারই...
নিজের ছাড়া বোনেরটাও কি মনে রাখতে পারি?


ঠাম্মি-দাদু, মা ও বাবা, বোন এবং আমি
এক বাড়িতেই থাকতাম, আর কত যে পাগলামি!
মান-অভিমান, রাগ-দুঃখ, ছড়িয়ে থাকত ঘরে
খুশির দোলায় আমরা ছিলাম টরে-টক্কা-টরে।
ভাইফোঁটায় মামা আসত, পিসি আসত দোলে
এই বাড়িটাই ‘খুশির বাড়ি’, বলত সক্কলে।
ঠাম্মি-দাদুর নকল ঝগড়া, বাবার মজা, হাসি
আমরা ছিলাম সবাই মিলে আনন্দে বানভাসি।
কী থেকে যে কী সব হল, সুখের সঙ্গে আড়ি
আমাদের এই বাড়িটা আজ পাসওয়ার্ডের বাড়ি।
বড়ো যাঁরা সামনে আছেন, ছোটোদেরকেও বলি
পাড়ায়-পাড়ায় এমন বাড়ি, এ-গলি, ওই গলি।
আমাদের এই বাড়ির মতন দুঃখী বাড়ি পেলে
একসঙ্গে থাকার মজা পাঠিও দিও মেল-এ!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন