রতনতনু ঘাটী

বনের মধ্যে সেদিন আমি
যাচ্ছি যাচ্ছি এবং যাচ্ছি
দূরে কোথাও আকাশকুসুম
ফুটে ওঠার গন্ধ পাচ্ছি।
যাচ্ছি যাচ্ছি এবং যাচ্ছি।
হঠাৎ দেখি বাঘের গায়ে
চাঁদের আলো ফেলছে ছায়া
দাঁড়িয়ে আছে তেপান্তরে
দু’ চোখে তার মেঘের মায়া।
চাঁদের আলো ফেলছে ছায়া!
তখন আমি ঘোড়ার পিঠে
যাচ্ছি যাচ্ছি এবং যাচ্ছি।
আলেয়াদের দিঘির পাড়ে
এক-দু’জনকে দেখতে পাচ্ছি।
যাচ্ছি যাচ্ছি এবং যাচ্ছি।

দূরে কোথাও নীলের পরি
সাদার পরে দু’ চোখ রেখে
মায়াকানন লেখার ফাঁকে
এসব দৃশ্য যাচ্ছে দেখে।
সাদার পরে দু’ চোখ রেখে।
আমি তখন জ্যোৎস্না লেগে
এক্কেবারে ভিজে চুপ্পুস
বাঘকে ডেকে চাঁদ দেখাচ্ছি
বাঘিনি তার উধাও ফুপ্পুস।
এক্কেবারে ভিজে চুপ্পুস!
একলা বনে আমি তখন
চাঁদকে দিয়ে মেঘ লেখাচ্ছি
দূরে কোথাও আকাশকুসুম
ফুটে ওঠার গন্ধ পাচ্ছি।
যাচ্ছি যাচ্ছি এবং যাচ্ছি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন