রতনতনু ঘাটী
বিশ্বকাপে বল ছুটছে
সুইং এবং গুগলি
এসব ছেড়ে বিল্টু একা
যাচ্ছে এখন হুগলি।
ওখানে তার ক্রিকেট কোচিং
সকাল-বিকেল-সন্ধে।
সবাই বলে, ‘‘ওসব ছেড়ে
লেখাপড়ায় মন দে।’’
কে-ই বা শোনে এসব কথা
সচিন, ওয়ার্ন, লারায়
ডুবে থাকার আনন্দে সে
অঙ্ক-ভূগোল হারায়।
জন্টি, ডোনাল্ড, সৌরভকে
দেয়াল জুড়ে লটকায়
সময় পেলে বিল্টু থাকে
ইনজামামের ছক্কায়।

জয়সূর্যের ব্যাটিং নিয়ে
ভাবতে-ভাবতে রাত্রে
মনের ভুলে জল ঢেলে দেয়
লেখার কালির পাত্রে।
ভবিষ্যতে করবে কী সে
সবাই ভেবে সারা
আমি জানি বিল্টু হবে
একাশোজনের বাড়া।
বিল্টু থাকে খেলার মাঠে
বিল্টু থাকে ক্রিকেটে
এমন ছেলে ধার ধারে না
সুপারিশের টিকেটে।

এবারে তার ডাক আসেনি
স্বপ্ন তো নেই ফেলতে
বিল্টু যাবে আগামীবার
বিশ্বকাপে খেলতে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন