রতনতনু ঘাটী

বকুল, তুমি ফুল হয়েছ
বেশ হয়েছে বেশ
এমন করে আর কখনো
কেউ করেনি আড়ি।
কদমকুঁড়ি গাঁয়ের শেষে
চাঁপাদিঘির জলে,
দু’ মুঠো ফুল ছড়িয়ে দিতে
যাচ্ছি তাড়াতাড়ি।
অস্তাচলে দিন চলেছে
পিছনে দেবদারু,
সন্ধে এসে নদীর পারে
পথ গিয়েছে ভুলে।
বকুল, তুমি আগের মতো
বিকেল হলে আর,
আমায় নিয়ে ছুটবে না তো
নদীর কূলে-কূলে।
বকুল, তুমি বকুল শুধু
ফুল হয়েছ যদি,
ঝাপসা হল দু’ চোখ কেন
আলো আঁধার হলে...
মেঘেরা সব তাকিয়ে আছে
বনের দিকে মুখ,
অভিমানী চাঁদ ভেসে যায়
ইছামতীর জলে।

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন