আধখানা ছেলেবেলা

রতনতনু ঘাটী

তুমি আমাদের চাঁদের বাড়িতে এলে না তো একবারও

হাঁটুর ব্যথায় হাঁটতে পারো না? ঠাকুমা, ওসব ছাড়ো!

তুমি পৃথিবীর পুরনো বাড়িতে, বাবা-মা ও আমি চাঁদে

সত্যি বলো না, এখানে আসতে তোমার মনও তোকাঁদে!

চাঁদে আমাদের লোকজনও কম, বন্ধুও নেই কেউ

চারদিকে শুধু ব্যাসল্ট মেশানো কালো পাথরের ঢেউ।

ওই যে যেখানে নিল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন

পা রেখেছিলেন চাঁদের মাটিতে, আজ হল সাত দিন,

সেখানে গেলাম চড়ুইভাতিতে, কেটে গেল হুল্লোড়ে

এখানে সকলে যে-যার মতন, যে-যেমন খুশি ঘোরে।

সি অফ রেনস পেরিয়ে বাঁ দিকে বে অফ রেনবো আছে

ওইখানেতেই আমাদের বাড়ি জুরা পাহাড়ের কাছে।

তুমি নেই বলে আমার মতন মা’রও খুব মন ভার

বাবাও তো দেখি উদাসীন বড়ো, কাজে মন নেই আর।

জানো তো ঠাকুমা, এখানে মাত্র সাতাশ দিনেই বছর

শুনলে তোমার হাসি পাবে ঠিক, এখানে সকলে পর।

কাচ দিয়ে ঢাকা বাড়িগুলো সব, আড়াল করেছে মনটা

এখানে কখনো পড়ে না গো ঠামি, স্কুলের ছুটির ঘণ্টা।

ল্যাপটপ নিয়ে লেখাপড়া চলে, একা থাকি সারাদিন

ভাল লাগে না গো ঠাকুমা এখানে, আছি বান্ধবহীন।

চাঁদের আকাশে জ্যোৎস্নাও নেই, আঁধারেই থাকে ঢাকা

খুব শুনশান, নির্জন আর চারদিক ফাঁকা-ফাঁকা।

গাছপালা নেই, আনাজপাতিও, শিশির পড়ে না ঘাসে

পৃথিবী থেকেই সব কিছু নিয়ে স্পেসশিপ যায় আসে।

তুমি কাছে নেই, রূপকথা নেই, ‘ক্ষীরের পুতুল’ও নেই

সারা দিন-রাত ভাল লাগে না গো, মনে পড়ে তোমাকেই।

অনুষ্কা, পলাশ, দেবলীনাদের ছেড়ে কি থাকতে পারি?

এখানে এখন অক্সিজেনও ফেরি হয় বাড়ি-বাড়ি।

লুনার রিপাবলিক সোসাইটিও তো নিউ ইয়র্কে আছে

চাঁদের জমি তো তারাই বেচছে পৃথিবীবাসীর কাছে।

ওদের তো আছে স্পেসশিপ ফেরি, এইবার পুজো এলে

আসতেই হবে পুরনো বাড়ির স্মৃতিটৃতি সব ফেলে।

মুন কার্ডে বাবা টিকিট কাটবে, মেল করে দেব দেখো

আমাদের এই চাঁদের বাড়িটা আনন্দে ভরে রেখো।

তুমি এলে চাঁদে অনেক কিছুই আনতে হবে গো ঠামি

তারই তালিকা খুব ছোটো করে লিখছি তোমাকে আমি।

মনে করে এনো ‘চাঁদের পাহাড়’, ঝরনা কলম যদি

খুঁজে পাও এনো, শিল্পীর আঁকা আস্ত কোপাই নদী।

রবি ঠাকুরের গান ও কবিতা যত পারো তুমি এনো

স্কুলে বাজানোর ছুটির ঘন্টা এক্ষুনি পেলে কেনো।

তুমি দিয়েছিলে ‘ঠাকুমার ঝুলি’, সেটাও সঙ্গে রেখো

চাঁদিয়াল ঘুড়ি মনে করে নিও ভুলে যেও না গো, দেখো!

তুমি দিয়েছিলে রং-পেনসিল এনো তার পাঁচ-ছ’টা।

তোমার বানানো কাগজের সেই পালতোলা নৌকোটা।

‘সোনার কেল্লা’ সিনেমার সিডি এনো তুমি মনে করে

এসব নিতেই দেখবে তোমার ব্যাগও গিয়েছে ভরে।

গুছোতে-গুছোতে ফুরিয়ে আসবে পৃথিবীবাসের বেলা

মনে করে এনো আমার হারানো আধখানা ছেলেবেলা!

সকল অধ্যায়
১.
ছেলেবেলা
২.
পাসওয়ার্ডের বাড়ি
৩.
কিচ্ছুটি বলব না
৪.
হস্টেলের চিঠি
৫.
টিকিটামা
৬.
ইতি ছোটো বোন তুলি
৭.
হুঁহুঁব্বাবা
৮.
স্বপ্ন-বলা কম্পিটিশন
৯.
জন্মভূমি
১০.
আকাশ-চোর
১১.
তাদের জন্যে
১২.
আধখানা ছেলেবেলা
১৩.
পাপানের প্রশ্ন
১৪.
বীরপুরুষ রবীন্দ্রনাথ
১৫.
চাঁদ-চোর
১৬.
নদীর ছবি
১৭.
গল্প-খেলার সময় তো নেই
১৮.
বাঘবিশারদ
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর
২০.
স্বপ্নের ফেরিওয়ালা
২১.
ভুলো মনের গল্প
২২.
এবং কিন্তু যদি
২৩.
পৃথিবীকে ভালবেসে
২৪.
বাংলা ভাষা
২৫.
আকাশকুসুম
২৬.
চাঁদ ভেসে যায়
২৭.
বনের গল্প
২৮.
ঘোড়ার ডিম
২৯.
আমাদের নতুন বাড়ি
৩০.
বই-চোর ভূত
৩১.
টিয়াটারা-টের
৩২.
খেলোয়াড় ছেলে
৩৩.
চুপকথা
৩৪.
অবাক ভোজন
৩৫.
পুষ্পক-প্রাইমারি
৩৬.
চাই মহাকাশযান
৩৭.
অঙ্ক-পাখি
৩৮.
লালটুলি নীলটুলি
৩৯.
ভাইফোঁটা
৪০.
ইচ্ছেপুরের গল্প
৪১.
বেশ আছি
৪২.
সাক্ষাৎকার
৪৩.
বিল্টু যাবে বিশ্বকাপে
৪৪.
রূপকথা
৪৫.
নতুন ভারতবর্ষ
৪৬.
মেলানকলি
৪৭.
ছুটির বাঁশি
৪৮.
প্রকৃতিপাঠ
৪৯.
মিথ্যে রাজার দেশে
৫০.
গ্রামের গল্প
৫১.
জল্পনা-কল্পনা
৫২.
ভূতুড়ে কলকাতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%