রতনতনু ঘাটী

সেই যে ছেলে দিগন্তকে
নামিয়ে আনে ছবির খাতায়
তারই জন্যে এই রাখলাম
সবুজ রংটা হলুদ পাতায়।
সেই ছেলেটা শ্যামলা-বেঁটে
আমরা তাকে সবাই চিনি
ছবির পাতায় নামিয়ে আনে
স্বর্গ থেকে মন্দাকিনী।
তার জন্যে উথালপাথাল
ঢেউ রেখেছি পাঁচটা-ছ’টা
আর রেখেছি হলদি নদী
মোহনপুরের আকাশ ক’টা।
ভ্যাবলা ছেলে আকাশ লেখে
অঙ্ক বই আর জ্যামিতিতে
রামধনুটা আজ এনেছি
জন্মদিনে তাকেই দিতে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন