রতনতনু ঘাটী
আমার রাঙাপিসির বাড়ি
যাস যদি তুই কালনা
ভোরেরবেলা খেতে দেবেন
নিম-বেগুনের ডালনা।
নিলুজেঠুর বাড়ি গেলেই
রাগ করবি কম হলে,
চোখ জুড়োবে, মন জুড়োবে
পোস্তবাটার অম্বলে।
মায়ের নিতুমাসির বাড়ি
বর্ধমানের রায়না
শুঁটকি মাছের রায়তা ছাড়া
আইসক্রিমই খায় না।

মণিদিদির ইটাহারের
বাড়ির রেওয়াজ অতি
চিরতা-জলে ফুচকা দেবে
চাইবে না সম্মতি।
বিনোদঠামির বাড়ি গেলে
ডেকে বলবেন, ‘‘খুকনি,
আয় না খেতে এঁচোড় দেওয়া
মুগের ডালের ঘুগনি।’’
আমি বললাম, ‘‘তা বেশ, তবে
নামটি তোর বিভাস কি?
একটা কথা বল তো দেখি
পান্তাভাতে ঘি খাস কি?’’

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন