রতনতনু ঘাটী

শ্বেতকরবী গাছটা কেমন
ভরেছে আজ ফুলে
মাধ্যমিকে প্রথম হল
চম্পারানি দুলে।
নদীতে আজ জোয়ার নেই
ঢেউয়ে তবু দোলা
সাঁতরে নদী প্রাইজ হাতে
অমূল্যধন জোলা।
পাহাড় কেন লজ্জারাঙা
ঘটেছে ভাই কী যে
দিনু বাগদি চূড়ায় উঠে
পাহাড়জয়ী নিজে।

বাইরে এসে সবাই জড়ো
খাঁ-খাঁ করছে বাড়ি
রকেট চড়ে ভানু কাহার
আকাশ দেবে পাড়ি।
কাগজে আর টিভিতে ছবি
আমরা বলি, ‘‘ভালো!’’
গরিব ছেলেমেয়ের পথে
চাঁদ দিয়েছে আলো।
মন্ত্রী দেন ভাষণ তাঁর
মমতা হয়ে ফোটে
গ্রামের ফুলে চিরদিনই
শহর সেজে ওঠে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন