অগ্নিকুমার আচার্য
এক বার, দু-বার নয়। পরপর আট বার। এক মহিলা আরোহণ করলেন এভারেস্টের চূড়োয়। তাও, যে-সেমহিলা নন! তিন সন্তানের জননী!
সত্যি, বড়োই আশ্চর্যজনক ঘটনা! একবার এভারেস্ট বিজয় করাই কত কষ্টসাধ্য! কত অভিযাত্রী বিফল হয়ে ফিরে এসেছেন। কেউ কেউ আবার তুষার ঝড়ে প্রাণখানিও রেখে এসেছেন হিমালয়ে।
কিন্তু, আট বার এভারেস্ট বিজয়! কে ইনি?
তাঁর নাম— লাখপা শেরপা। বিবাহিতা। আবার তিন সন্তানের মা! তরুণী-যুবতী নন। বয়েস এখন ৪৪।
এই বয়সে এভারেস্টের সু-উচ্চ চূড়ায় আরোহণ? ভাবা যায় না। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন নেপালের মহিলা লাখপা।
রেকর্ডের পর রেকর্ড! এর আগে ৭ বার এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছিলেন লাখপা। এবার অষ্টমবার এভারেস্টের চূড়ায় উঠে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন।
২০১৮-র এপ্রিলের মাঝামাঝি সময়ে অষ্টমবারের পর্বতারোহণের যাত্রা শুরু। পরের মাসের এক রবিবারে সকাল ৬.৩৫ মিনিট নাগাদ তিনি পৌঁছেছেন সামিট পয়েন্টে।

লাখপা শেরপা
লাখপার আগের সাতবারের সাফল্যের ইতিহাসও বড়োই চমকপ্রদ।
বিবাহিতা পর্বতারোহীর প্রথম মেয়ের জন্মের আট মাসের মাথায় তিনি প্রথমবার এভারেস্ট বিজয় করেন। তখন তিনি কিন্তু ছিলেন সন্তানসম্ভবা। দু-মাসের অন্তঃসত্ত্বা। এই শরীর নিয়েই এভারেস্টের পথে যাত্রা! এ-রকম দুঃসাহস ক-জনে দেখাতে পারে? সত্যি, তুলনাহীন।
লাখপা নেপালি। নেপালি মহিলারা যে কত সাহসী, কত কষ্টসহিষ্ণু তা বিশ্বের মহিলাদের কাছে তুলে ধরতে লাখপা বারবার এভারেস্টের সুউচ্চ শৃঙ্গে সাফল্যের সঙ্গে আরোহণ করেন।
সবচেয়ে আশ্চর্য, লাখপার কোনো ট্রেনিং ছিল না। আজকাল পর্বতারোহীদের জন্য ট্রেনিং স্কুল রয়েছে। যে স্কুলে পর্বতারোহণের জন্য বিভিন্ন কলাকৌশল শেখানো হয়। কিন্তু লাখপা, একে তিন সন্তানের মা, বয়সও অনেক বেশি, তদুপরি ওর কোনো ট্রেনিং নেই। এই তিনটি বিষয়ে প্রতিকূলতা সত্ত্বেও লাখপা অনায়াসে আট বার এভারেস্ট জয় করে দেখালেন, অধ্যবসায় উদ্যম ও সাহস থাকলে অসাধ্যও সাধন করা যায়।
লাখপা জানান, তাঁর মনের জোরে কোনো ঘাটতি ছিল না। এখনও তাঁর যথেষ্ট মনের জোর। লাখপার ইচ্ছে, তিনি দশবার এভারেস্ট জয় করবেন, তারপর বিশ্রাম।
বিশ্বের তামাম পর্বতারোহীদের কাছে লাখপা এক উজ্জ্বল প্রেরণা। মেয়েরাও যে তেনজিং নোরগের ও এডমণ্ড হিলারিকে ছাড়িয়ে যেতে পারেন, তার প্রমাণ রাখলেন লাখপা।
লাখপার দুরন্ত সাফল্য দেখে, মেয়েরা সগর্বে বলবে— আমরাও পারি। আমরাও পুরুষদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন