দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
পরীক্ষা দিয়ে দুলু বলে মুঠো বাগিয়ে
জ্বলজ্বলে মুখ করে চোখ দু'টো পাকিয়ে,
ফাটিয়ে দিলাম বটে, ও: সে কি লিখলাম!
লিখতে লিখতে গায়ে ছুটে গেছে কালঘাম,
প্রতি সাবজেক্টে নিয়ে খাতা তিনবার
খসখস ঘসঘস লিখে গেছি এনতার।
দেখে গার্ড ছাত্ররা চোখ গোল, ফিসফিস,
আমি বলি মনে মনে—ফল তোরা দেখে নিস।
ফার্স্ট ডিভিসন ছার, 'লেটার' সে দু'চ্চার
নির্ঘাৎ মারবোই, কোন ভুল নেই তার।
দৈবাৎ 'স্লিপ' করে—প্রথম বা দ্বিতীয়
না হলেও 'দশে এক' হবই, তা দেখে নিও।
রেজাল্ট বেরোয়—দেখি, একি! একি নম্বর!
'টোটালের' ঘরে কেন লেখা আছে সত্তর!
প্রতি সাবজেক্টে পাঁচ সাত নয় ছয়,
ফি বিষয়ে তিন খাতা, তার ফল এই হয়!
অঙ্কের ঘরে তাও বসে আছে শূন্য,
পরীক্ষা দিলি বটে ধন্য রে ধন্য।
দুলু বলে—এমনটা হয় নাকি, দূরদূর!
এগজামিনারগুলো শত্তুর শত্তুর।
মুখ দেখে খুশিমত দেয় ওরা নম্বর,
'তেল' না দিলেই সব করে দেয় গড়বড়।
কাকে তোলে মগডালে, কেউ হয় চিৎপাত—
এসবের মানেটা কি? শত্রুতা নির্ঘাৎ।।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন