দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

ধীরেন বল
আন্নাকালী, কখন এলি? আয় এখেনে ব'স মা,
বয়েস হলো, চোখটা খারাপ—তাই তো নিলাম চশমা।
চোখের দোষে এতদিন তো দেখতে ভালো পাইনি,
ক্ষেন্তিবুড়ি এলেই ভাবি—ঐ এলোরে ডাইনি!
উঁচু-নীচু বুঝিইনিকো, সোজায় দেখি বক্র,
বিলকুল সব ভুল দেখতাম—ভাগ্যের কী চক্র!
দামী চশমা নিলাম এবার, সব দু:খু ঘুচলো,
ভোঁতা জিনিস দেখবো ভোঁতাই, ছুঁচোলোকে ছুঁচলো!
ওকি—ওকি! উঠিস কেন? ছটফটে তুই ন'স মা,
মন খুলে আজ গল্প করি, নিলাম দামী চশমা!
বলিস কী তুই? ভুল দেখছি? আসলে তুই কেষ্টা,
চশমা জোড়ায় গলদ আছে—বলবি বুঝি শেষটা?
মেনে নিলাম কেষ্টাই তুই, কোথায় চলিস—পার্কে?
চলনা সাথে আমিও যাবো, ঠেকায় এবার আর কে?
ঐ দেখ মেঘ জমছে ক্রমে, নামতে পারে বর্ষা,
ছাতা একটা সঙ্গে নিবি, নেইকো কোনো ভরসা।
মেঘ করেনি, ঝলমলে রোদ? ভুল দেখছি চক্ষে?
চশমা আমার বাজে বলিস? থাক—থাক কর রক্ষে!
সঙ্গে ওটা খোকন বুঝি? সাথ ছাড়েনি ভূতটা,
খোকন ও নয়,—তোদের পোষা অ্যালসেশিয়ান কুত্তা?
আর দেরি নয়, ঘড়িটা দেখ—ঠিক বেজেছে সাতটা,
এটাও ভুল? নইলে কেন ঘনিয়ে এলো রাতটা?
ওইরে দেখি মানকে আসে! বাগড়া দেবে ঠিক সে!
এদিক দিয়ে চলনা পালাই, নয় ডেকে নে রিক্সে।
মানকে ও নয়, আন্নাকালী?—ঘণ্টাখানিক র'স মা,
চল কেষ্টা, দোকান থেকে পাল্টে আনি চশমা!!
—
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন