দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
বিশ্বনাথ মুখোপাধ্যায়
আকাশে বাতাসে বনে প্রান্তরে আজ
ছলকি ছলকি একি আনন্দ জাগে,
খুশি-ঢেউ কেন লাগে মোর মন-মাঝ
কাশবনে আজ একি শিহরণ লাগে!
অসুর-দলনী মা আসিছেন ঘরে
সবাকার মনে তাইতো জেগেছে হাসি,
অত্যাচারীর বিনাশ মায়ের করে
সত্য আসিবে ক্রুর ও মিথ্যা নাশি।
হৈমবতীরে বরণ করিয়া নিতে
প্রকৃতিও তার সাজায় বরণ ডালা,
সন্ধ্যা আকাশ দীন উপহার দিতে
অলস আবেশে গাঁথিছে তারার মালা।
চারিদিকে আজ বহিছে খুশির বান
হাসি-সাগরের বাঁধ ভেঙে গেছে বুঝি,
মুখর পৃথিবী গাহিছে জয়ের গান
বহুদিন পরে সে কি ভাষা পেল খুঁজি!
অভয়দাত্রী দশভূজা ওমা তারা
তব আগমনে প্রার্থনা করি আজ,
ক্ষুধার আগুনে যারা পুড়ে হলো সারা
বাঁচাও তাদের—রাখো মা শরম-লাজ।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন