দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ভট্টাচার্য
শরৎ এল নীল আকাশের
মেঘের নৌকা বেয়ে,
শরৎ এল ঝরনা ঝরা
সোনার আলোয় নেয়ে।
শরৎ এল কাশের বনে
ছড়িয়ে খুশির হাসি,
শরৎ এল ঝরিয়ে দিয়ে
শিউলি রাশি রাশি।
শরৎ এল ফুল বাগানে
হাজার ফুলের মেলা,
গাছে গাছে শাখায় শাখায়
পাখ-পাখালির খেলা।
শরৎ এল রোদের খুশি
মাঠের সবুজ ঘাসে,
জল টলটল পুকুর নদী
সোনার আলোয় হাসে।
শরৎ এল ছুটির খবর,
পূজোর খবর নিয়ে,
শরৎ এল কিশোর-শিশুর
প্রাণে দোলা দিয়ে।
—
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন