দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
বিশ্বপ্রিয়
এবার পূজায় হয়নি জামা,
হয়নি নোতুন জুতো :
তাই বলে কি ঘরের কোনায়
কাঁদবে বসে ভূতো?
বাবার ওপর অভিমানে
মুখটা গোমড়া করে—
'দাও জামা দাও, কাপড়, জুতো'
—নাছোড় বায়না ধরে?
মোটেই তা নয়, অমন যারা
—নেহাৎ বোকা ছেলে :
দেখেনিকো এই দুনিয়ার,
কিছুই দু'চোখ মেলে।
চতুর্দিকে চলছে ছাঁটাই—
কারখানা আর কলে,
বন্ধ অফিস কোর্ট কাছারি :
দুখের আগুন জ্বলে।
দিন কাটে তো রাত কাটে না
এমন গরীব যারা—
কোথায় পাবে নোতুন কিছু
কেনার পয়সা তারা?
ভূতো তো আর অবুঝ নয় :
তাই ভেবেছে মনে—
এবার পূজায় সঙ্গী হবে
সেই দুখীদের সনে,
যাদের ঘরে হাজার অভাব
অথচ মনে জুড়ে :
নোতুন আশার বোধন শুরু
দু:খ ভোলার সুরে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন