দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
মিহির সেন
বয়েসটা বড় বেয়াড়া,
নিজেই চেনা যায় না নিজের
ইচ্ছেগুলোর চেহারা।
হয়তো হঠাৎ অকারণেই
ইচ্ছে হল আজকে
আকাশ থেকে ছিনিয়ে আনি
আগুন-মুখো বাজকে।
পাহাড়টাকে উপড়ে আনি
শক্ত মুঠে আঁকড়ে,
নয়তো বুনো ঢেউয়ের ঘাড়ে
কেশরগুলো পাকড়ে
দিগ্বিজয়ে ঝাঁপিয়ে পড়ি
সমুদ্রের ও প্রান্তে।
তীক্ষ্ণ নখে পাতাল চিরি
রহস্যটা জানতে।
নয়তো হঠাৎ ইচ্ছে করে
ঘৃণায় ফুঁসে উঠতে,
পরক্ষণেই ভালবাসায়
পাগল হয়ে ছুটতে।
কেন এমন ইচ্ছে করে
ইচ্ছে করে জানতে,
উৎসটাকে ছিনিয়ে এনে
যুক্তি দিয়ে বাঁধতে।
বয়েসটা বড় বেয়াড়া,
নিজেই চেনা যায় না নিজের
ইচ্ছেগুলোর চেহারা।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন