দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
রবিদাস সাহারায়
ভোজের বাড়ীতে খুব লেগে গেছে হৈ চৈ;
কেউ বলে জল কোথা, কেউ বলে দৈ কৈ?
শেষ হল সব কিছু রান্নার আয়োজন,
গুছিয়ে হাতের কাছে রাখা সব প্রয়োজন।
আয় নারু, আয় মনি, আয় শিবু, পটলা।
এমন সময়ে কি রে সাজে করা জটলা?
ভাত ঐ টগবগ ফুটছে রে হাঁড়িতে
লোক সব বসে গেল দল বেঁধে সারিতে।
বিছিয়ে দে পাতা আর জল আন সত্বর,
নুন, লেবু, লংকাও নিয়ে আয় পরপর।
দিবি রে গরম ভাত হাঁড়ি ওই নামলে,
নিন্দার শেষ নেই মাঝপথে থামলে।
সব কিছু দেওয়া চাই চটপট পরপর,
দেখিস না হয় যেন একটুও গড়বড়।
হয়ে গেছে পাতা দেওয়া শুরু কর এইবার,
ভাত ঐ নেমে গেছে, দেরিতে কি দরকার!
কি বলিস হাঁড়িটাতে একটিও ভাত নেই?
জল শুধু ফুটেছিল মিছেমিছি হাঁড়িতেই।
রাঁধুনিটা ভুলে গেছে চাল দিতে হাঁড়িতে,
হায় হায় একি হল আজ ভোজবাড়ীতে!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন