দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
অমল সেন
সাহস চাই
সত্য বলার স্পষ্ট কথা বলার।
সেই সাহস চাই
যাতে অসত্যকে বলতে পারো অসত্য
অন্যায়কে বলতে পারো অন্যায়
অত্যাচারীকে বলতে পারো অত্যাচারী।
যাতে ঔদ্ধত্যের কাছে দম্ভের কাছে
মাথা নত না করো।
সেই সাহস চাই
যাতে শৃংখলকে ছিন্ন ক'রে
পাষাণ-কারাকে চূর্ণ ক'রে
দাস-সুলভ শান্তির মোহকে ঝেড়ে ফেলে
উদ্যত উন্নত শিরে বলতে পারো
আমি স্বাধীন সবল সক্ষম সত্যবাদী।
সাহস চাই
যেন সত্যের জন্য সর্বনাশকে
বরণ ক'রে নিতে পারো
স্বাধীনতার জন্য
নিজের সুখ শান্তি যশের স্তূপে
আগুন লাগাতে পারো
পরান্নভোজী না হ'য়ে তরুতলে আশ্রয়
নিতে পারো
আবেদন-নিবেদনের থালা বইবার
দীনতা থেকে মুক্ত হ'য়ে
নিজের পাওনা আদায় ক'রে নিতে পারো।
ভীরুতা পাপ, অলসতা মহাপাপ—
নির্ভীক নিরলস হবার সাধনা করার
সাহস চাই।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন