দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
শৈলেন দত্ত
এখন শিউলি-বেলা ধূ ধূ কাশবন
চুপি চুপি ডেকে বলে : এ মাঠে এখন
যদি আসো পেতে পারো শালিখের মন।
চোখে তার আকাশের নীলিমা অগাধ
শাঁখ-মাজা মেঘে গড়ে স্বপ্ন-প্রাসাদ
ছেড়ে যেতে পারে ছোট কলহ বিবাদ।
দেবদারু বনে শোনো দোয়েলের শিস
পাখী-ডাকা হাওয়া এসে করে ফিসফিস
ঢেউ-ঢেউ ধানে নামে উমার আশীষ।
মন যদি পায় তার ছোট দুটি ডানা
ফেলে যেতে পারে এই মাটির সীমানা
ছোঁয়া যায় আকাশের দূর সামিয়ানা।
বই-খাতা তোলা থাক এসো গাই গান
স্বর্ণ-চাঁপার রেণু ভরে দিক প্রাণ—
প্রান্তরে রোদদুরে শরতের ঘ্রাণ!
এখন শিউলি-বেলা ভরা মাঠ বিল
শালিখের চোখে দেখে আকাশের মিল।
এসো মাঠে হাত ভরে কুড়াই সে নীল।
—
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন