ঘুরঘুরে

সঞ্জীব চট্টোপাধ্যায়

কলেজ জীবনে আমাদের চারজনের একটা দল ছিল৷ সেই দলের আবার একটা নামও ছিল ‘ঘুরঘুরে’৷ ছুটি-ছাটা থাকলে আমরা বেরিয়ে পড়তুম৷ সেই সময়টা ভারতবর্ষের খুব একটা সুন্দর সময়৷ কয়েক বছর আগে দেশ স্বাধীন হয়েছে৷ ওদিকে নেহরু ছুটছেন, এদিকে বিধান রায়৷ আমরা সব স্বপ্নে ভাসছি৷ নতুন ভারত জাগছে৷ সারাদেশে একটা দলেরই শাসন৷ গুচ্ছের দলের গদি ধরে টানাটানি খেলা নেই৷ পকেটে পকেটে আগ্নেয়াস্ত্র ঘোরে না৷ আর ডি এক্স জড়ানো ‘মানব-বোমা’ তৈরি হয়নি৷ একটি মাত্র উল্লেখযোগ্য রাজনৈতিক হত্যা—মহাত্মা গান্ধীর মৃত্যু৷ নানারকম অসুখেই মানুষ মরত৷ যে মৃত্যুর নাম ছিল ‘ন্যাচারাল ডেথ’৷ চারপাশে অনেক হাসি-খুশি ডাক্তার ছিলেন৷ যাঁদের সঙ্গে রুগিরা প্রাণ খুলে দু’চারটে রোগের কথা কইতে পারত সাহস করে৷ ফিজ—মাত্র পাঁচ টাকা, কি দশ টাকা৷ বাড়িতে এলে৷ চেম্বারে—আড়াই টাকা৷ পেটেন্ট ড্রাগস তেমন ছিল না বললেই চলে৷ ডিসপেনসারি থেকেই ওষুধ দিতেন কম্পাউন্ডার৷ মিকশ্চার আর পুরিয়া৷ কম্পাউন্ডার জিগ্যেস করতেন, ‘শিশি এনেছ?’ বিরাট দুটো কাচের জারে লাল, নীল তরল৷ শিশির গায়ে আঠা দিয়ে সেঁটে দিতেন কিরি-কিরি করে কাটা কাগজ৷ মাত্রার নির্দেশ৷ এই রকম বলতেন, সকালে এক দাগ, রাতে এক দাগ৷ আর এই চোদ্দোটা পুরিয়া৷ এ-বেলা একটা, ও-বেলা একটা৷ পয়সার যা-কিছু লেনদেন এই কম্পাউন্ডারের সঙ্গে৷ দ্বিতীয়বার আর যাওয়ার প্রয়োজন হত না৷ সেকালের রোগ-বালাই একালের মতো খ্যাঁচড়া ছিল না৷ কাশতে কাশতে কাশি একদিন সরে পড়ল, কাঁপতে কাঁপতে জ্বর একদিন ছেড়ে গেল৷ একটাই ঘিনঘিনে ব্যাধি ছিল টিবি৷ ধরেছে কি মরেছে৷ প্রত্যেককেই বসন্তের টিকে নিতে হত৷ পক্স হবে না, হবে চিকেন পক্স৷ তার আবার মিষ্টি দিশি নাম মায়ের দয়া৷ এই দয়ায় দিন-পনেরো মশারি-বাস৷ কাছে কেউ আসবে না৷ দূর থেকে বাক্যালাপ৷ দুরন্ত সাহস ছিল মানুষের৷ মানসিক প্রস্তুতিও ছিল৷ মায়ের দয়ায় একজন কাত হলে বাড়িসুদ্ধ সকলেরই হওয়ার সম্ভাবনা৷ তবে ছাড় আছে৷ আগেই যে দয়া পেয়েছে, সে এই মায়ের দয়া দ্বিতীয়বার আর নাও পেতে পারে৷

চারিদিকে সব বড় বড় সংসার৷ ভাই-বোনদের ছড়াছড়ি৷ ঝগড়া আছে, ভাব-ভালোবাসা আছে৷ প্রাচুর্য আছে, দারিদ্র্য আছে তবু সময়টা তখন এইভাবে ভেঙে পড়েনি৷ প্রচার মাধ্যম এতটা বেপরোয়া হয়ে ওঠেনি৷ আর সকলেরই পায়ের তলায় মাটি ছিল৷ ভবিষ্যতে কী হবে ভেবে বর্তমানটাকে কেউ ‘ম্যাসাকার’ করে ফেলত না৷ দুজন মানুষ এক জায়গায় হলে ফাটাফাটি হাসি শোনা যেত৷ বড়লোকরা অবশ্য চিরকালই ‘গ্লূমি’৷ ছড়ি হাতে বেড়াতে বেরোলে বোঝা যেত না, ছড়ি বেড়াচ্ছে, না বাবু বেড়াচ্ছে৷ দুটোই সমান স্টিফ৷ ওই সময়টায় জমিদারদের খুব দুর্দিন চলছিল৷ বাড়িও ফাটছে, সম্পর্কেও চিড় ধরছে৷ মামলা-মকদ্দমা, পার্টিশন৷ পুজোর দালানে দুর্গাপুজোর ঢাক বাজছে কেঁদে কেঁদে৷ ফরসা, ফরসা মহিলারা পূজাস্থানে ঘুরে বেড়াচ্ছেন ঠিকই, তবে পা-ফেলার ভাষায় অনিশ্চয়তা৷ অ্যালসেশিয়ান কুকুর ছাড়া-কুকুর হয়ে রাস্তায় ঘুরে বেড়ালে মনে যেমন আঘাত লাগে, বড়লোকরা গরিব হয়ে গেলে সহ্য করা যায় না৷ খুব দুঃখ হয়৷ আমাদের ‘ঘুরঘুরে’ দলে সুন্দর চেহারার এক জমিদারপুত্র ছিল৷ বিশাল বাড়ি ভেঙে পড়ছে৷ বাবা-কাকারা মামলা লড়ছে৷ ছাদের গম্বুজে গোলা পায়রার ঝাঁক৷ চারিদিকে আগাছা৷ সুসময়ে এই বাড়ির বিয়েতে জোড়া সানাই ভৈরবীতে তান তুলত৷ সন্ধ্যার পর ইমনে কাঁদত৷ দিস্তে দিস্তে বড়লোক চারপাশে থইথই৷ আমাদের এই বন্ধুর সুন্দরী বোনকে এক ঝলক দেখে আমাদের দলের এক বন্ধুর ‘মেন্টাল হসপিট্যালে’ যাওয়ার অবস্থা হয়েছিল৷ পর পর ক’দিন ত্রিফলার জল খাইয়ে মেরামত করা হল৷ মাঝখান থেকে তার আর বিয়ে করাই হল না৷ যে মেয়েই দেখানো হয়, বলে, ‘ওর মতো নয়৷’ সেই মেয়েটি হঠাৎ একদিন অদৃশ্য হয়ে গেল৷ খুঁজে পাওয়া গেল না৷ তখন মনে হয়েছিল, কী আর এমন ব্যাপার৷ এখন এই বৃদ্ধ বয়েসে আকাশের দিকে হাঁ-করে তাকিয়ে বসে থাকতে থাকতে ভাবি, কোথায় সে গেল! এখন সে কোথায় আছে! ভালো আছে তো!

সকল অধ্যায়
১.
সেই রাত
২.
হেডস্যারের মায়াজাল
৩.
রেখা
৪.
নিরঞ্জন স্যার
৫.
নবেন্দুর দলবল
৬.
জনার্দনের জরদার কৌটো
৭.
হাসি কান্না চুনি পান্না
৮.
রাবণবধ
৯.
হেডস্যারের সমাজসেবা
১০.
এক রাজার গল্প
১১.
রসবড়া
১২.
বাঘের সার্কাস
১৩.
সাইকেল বিভ্রাট
১৪.
দেশি সাহেব,বিলিতি নেড়ি
১৫.
বেত আর বাত
১৬.
এই সেই বাড়ি
১৭.
কাঁঠাল
১৮.
আমি অন্তহীন
১৯.
আনারকলির উপহার
২০.
আছে কোথাও
২১.
ঘুরঘুরে
২২.
অঞ্জলি
২৩.
অঙ্কই ভগবান
২৪.
দিদি
২৫.
সিঁড়ি
২৬.
পেয়ারা গাছ
২৭.
কণ্ঠস্বর
২৮.
সাটিন-ভেলভেট
২৯.
বন্ধু
৩০.
অরণ্যের উপকথা
৩১.
শেষ গোলাপ
৩২.
অনুসন্ধান
৩৩.
শান্তি
৩৪.
অংশীদার
৩৫.
টপ সিক্রেট
৩৬.
প্ল্যাটফর্ম
৩৭.
সাগর
৩৮.
রামুদা
৩৯.
হেডস্যার
৪০.
হেডস্যারের জুতো
৪১.
আলোর নিচেই অন্ধকার
৪২.
সে এক কাণ্ড
৪৩.
দাদুর কাঁঠাল
৪৪.
দাদুর ইঁদুর
৪৫.
দাদুর দ্বিতীয় ইঁদুর
৪৬.
দাদুর দাঁদানো বাঁত
৪৭.
দাদুর বেড়াল
৪৮.
দাদুর বাগান
৪৯.
অহিদার চোরধরা
৫০.
আমি ও টম
৫১.
টম আর দুলী
৫২.
বাবার বাবা
৫৩.
গোল
৫৪.
উদ্ধার
৫৫.
আজও দাঁড়িয়ে আছি
৫৬.
দুখপাইয়ে তো সুখ লাগাইয়ে
৫৭.
জ্ঞানী
৫৮.
দিদি আর পিকলু
৫৯.
শেষ খাওয়া
৬০.
নির্জন বনপথ
৬১.
ঋণ শোধ
৬২.
নতুন ফসল
৬৩.
অরূপ যাত্রা
৬৪.
পয়সার ফয়সালা
৬৫.
ফানুস
৬৬.
বালির ওপর পোল
৬৭.
বাঘমারি
৬৮.
কুশলের সাইকেল
৬৯.
আমিই গোয়েন্দা
৭০.
ফেরা
৭১.
গোলকিপার
৭২.
সন্ধান
৭৩.
ফুল হয়ে ফোটার কালে
৭৪.
কৃপা
৭৫.
বড় বিল
৭৬.
রকেট
৭৭.
দুটো বেজে পাঁচ
৭৮.
সোনার হরিণ
৭৯.
বিচার
৮০.
অনাথ
৮১.
ভোলা
৮২.
আগুন
৮৩.
ডানাকাটা পাখি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%