ঋণ শোধ

সঞ্জীব চট্টোপাধ্যায়

বিশ্ববন্ধু লেনের চওড়া রাস্তায় দত্তদের বিশাল ভাগলপুরী গোরু পাগলের মতো চার-পা তুলে একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে৷ গাড়ি-ঘোড়া লোক চলাচল সব বন্ধ৷ ষাঁড় হলে কথা ছিল না, গোরু তো লক্ষ্মী প্রাণী৷ সাতসকালে শান্ত একটা গোরু এমন করবে কেন?

মুকুজ্যে বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে ছোট্ট দুটো ছেলে, সন্টে আর নন্টে৷ চুপ করে দাঁড়িয়ে আছে দুজনে৷ সন্টে বড় ভাই, নন্টে ছোট ভাই৷ দত্তবাড়ির এই গোরুটা রোজ সকালে ঘুম থেকে ওঠে৷ গোয়ালে ব্রেকফাস্ট সেরে মুকুজ্যে বাড়ির বিশাল গেটের সামনে প্রতিদিন বড় বাইরে আর ছোট বাইরে করে যায় রোজ৷ একটা দিনও কামাই নেই৷ হ্যাট্-হ্যাট্ করলে শোনে না৷ ন্যাজ মলে তাড়িয়ে দিতে চাইলে তেড়ে-তেড়ে আসে৷ দত্তদের বলেও কোনও লাভ হয় না৷ সুভাষ দত্ত, সুমিত মুকুজ্যে প্রায়ই মুখোমুখি হয়৷ বাজারে, দোকানে, ট্রেনে৷ সুমিতের একটাই কথা সুভাষ তোমার গোরুটাকে একটু শিক্ষিত করার চেষ্টা করো৷ একটু ট্রেনিং দাও৷ রোজ-রোজ, বাড়ির গেটের সামনে, আর যে সহ্য করা যায় না৷ সুভাষের সেই একই উত্তর, আরে ভাই, ভাবতে পারো, আমারও কি কম লোকসান! রোজ অতটা করে গোবর লস৷ অন্তত একশো পিস ঘুঁটে হতো৷ আমার মনে হয় পূর্বজন্মে তোমাদের কাছে ওর অনেক ঋণ ছিল৷ এ জন্মে শোধ করে যাচ্ছে৷

সুমিত বলে, তোমার কি মনে হয় পূর্বজন্মে ও মানুষ ছিল?

অবশ্যই৷

মানুষ গোরু হয়ে গেল?

কী বলছ তুমি? মানুষ গাধা হয়, পাঁঠা হয়, গোরু হতে পারে না! মানুষ সব পারে৷ মানুষ যে কী সাংঘাতিক জীব তোমার ভাই ধারণা নেই৷

তা ঠিক৷ তোমাকে দেখে আর তোমার কথা শুনে মালুম হচ্ছে৷ তোমার গোরু দুধ দিয়ে শোধ করছে তোমার ঋণ, আর নাদা-নাদা গোবর দিয়ে শোধ করছে আমার ঋণ৷ এবার একদিন ধরে বেধড়ক পেটাব তখন ঠিক হবে৷

ছি-ছি-ছি, গোরু হল মা ভগবতী, বামুনের ছেলে হয়ে তাকে পেটাবে?

এই চলে আসছে গত ছ’মাস ধরে৷ দুধ খায় দত্তরা আর গোবর সাফা করে মরে মুকুজ্যেরা৷ সুমিত ভাবে পেটাবে, পারে না৷ সাদা ধবধবে নধর চেহারার গোরু৷ কাছে গেলেই মন দুর্বল হয়ে যায়৷ শাসন-টাসন যা করার ওই বিচ্চু দুটোই করে, সন্টে আর নন্টে৷ ছোট-ছোট ঢিল ছুঁড়ে মারে৷ ছিপটি দিয়ে পেটায়৷ হুট হাট করে৷ গোরু গ্রাহ্যই করে না৷ ভাবে আদর৷

সেই গোরু আজ ঘোড়ার মতো ছুটছে৷ রাস্তার এ-মাথা থেকে ও-মাথা, ও-মাথা থেকে এ-মাথা৷ বৃদ্ধ প্রসন্নবাবু পথের পাশের খুপরি জানলা থেকে বললেন, এ মনে হয় অলিম্পিকে যাবে, তাই একটু প্র্যাকটিস করে নিচ্ছে৷

সুভাষ দত্তও সমানে ছুটছে পিছন-পিছন৷ সুবিধে করতে পারছে না৷ একবার তো উলটে পড়েই গেল৷ খেলা খুব জমে উঠেছে৷ দুধারের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে৷ কেউ আর সাহস করে বেরোচ্ছে না৷ ছাদে না হয় বারান্দায় সব ভিড় করেছে৷

হঠাৎ সুমিতের মনে হল এর পিছনে নিশ্চয় সন্টে নন্টের হাত আছে৷ সকালে গেটের সামনে দুটো বিটলে আর ওই গোরু আজ ছমাস দেখে আসছে৷ বারান্দায় অমন চোরের মতো দাঁড়িয়ে থাকার কথা তো নয়! এর পিছনে রহস্য আছে৷ সুমিত বারান্দায় গেল৷ দু-ভাই পাশাপাশি দাঁড়িয়ে৷ কী ভালোমানুষের মতো মুখ যেন কিছুই জানে না৷

বড়টা বললে, কাকা, কী হয়েছে বলো তো? অমন করছে কেন?

—কেন অমন করছে, জানিস না? তাই না?

—না গো৷ সত্যিই আমরা জানি না৷

সুমিত বললে, সত্যি কথা বল৷ মরেটরে গেলে ভীষণ বিপদ হয়ে যাবে৷

নন্টেটা সন্টের চেয়ে একটু ভীতু৷ সে জিগ্যেস করলে, কাকা মরে যেতে পারে?

পারেই তো৷

—কেন গলে যাবে না৷

—কী গলে যাবে? গোরু?

—না গো বরফ৷

—বরফ৷ এর মধ্যে বরফের কথা আসছে কী করে?

—ওর গলায় বরফ আছে৷

—সে কী রে? বরফ পেল কোথা থেকে?

রহস্য ফাঁস হয়ে গেল৷ বিচ্চু দুটোর বাবা সকালে ফ্রিজ পরিষ্কার করছিলেন৷ সেই সময় ফ্রিজ থেকে সাতদিনের জমা বরফের একটা চাংড়া বেরিয়েছিল৷ সেটা তিনি উঠোনে ফেলে দিয়েছিলেন৷ গলে-গলে একটু ছোট হয়ে এসেছিল৷ বড় বিচ্চুর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল৷ বেশ বড় মাপের সেই টুকরোটাকে দুই ভাইয়ে মিলে বেশ করে ঘাস, পাতা জড়িয়ে গোরুটার মুখের সামনে ফেলে দিয়েছিল৷ পেটুক গোরু৷ মুখে পুরেই গিলেছে৷ গোরুর সব খাদ্য প্রথমে গিয়ে জমা হয় গলকম্বলে৷ গোরু পরে আরাম করে কোথাও শুয়ে-শুয়ে জাবর কাটে৷ সেই বরফের থান গলকম্বলে যত গলছে, গরু তত লাফাচ্ছে৷

সন্টে বললে, তুমি দ্যাখো কাকা, আজ আর গেটের সামনে কিছু করেনি৷ আর কোনওদিনও করবে না৷

ঘণ্টা তিনেক ছোটাছুটির পর গোরু শান্ত হল৷ তার মানে বরফ সব গলে গেছে৷ যাক বাবা মরেনি৷ এসে দাঁড়িয়েছে মুকুজ্যেবাড়ির গেটের সামনে৷ এখনও হাঁপাচ্ছে৷ হঠাৎ ন্যাজ তুলে অন্যদিন যতটা করে প্রায় তার ডবল নামিয়ে দিয়ে, হাম্বা বলে ডাক ছাড়ল৷ যার মানে, কর্তব্যকর্মে কখনও অবহেলা করো না৷ জীবনের ব্রতই হল, করেঙ্গে ইয়ে মরেঙ্গে৷

পরিমাণ দেখে সুমিত বললে, আজ একবারে ডবল ঋণ শোধ৷

সকল অধ্যায়
১.
সেই রাত
২.
হেডস্যারের মায়াজাল
৩.
রেখা
৪.
নিরঞ্জন স্যার
৫.
নবেন্দুর দলবল
৬.
জনার্দনের জরদার কৌটো
৭.
হাসি কান্না চুনি পান্না
৮.
রাবণবধ
৯.
হেডস্যারের সমাজসেবা
১০.
এক রাজার গল্প
১১.
রসবড়া
১২.
বাঘের সার্কাস
১৩.
সাইকেল বিভ্রাট
১৪.
দেশি সাহেব,বিলিতি নেড়ি
১৫.
বেত আর বাত
১৬.
এই সেই বাড়ি
১৭.
কাঁঠাল
১৮.
আমি অন্তহীন
১৯.
আনারকলির উপহার
২০.
আছে কোথাও
২১.
ঘুরঘুরে
২২.
অঞ্জলি
২৩.
অঙ্কই ভগবান
২৪.
দিদি
২৫.
সিঁড়ি
২৬.
পেয়ারা গাছ
২৭.
কণ্ঠস্বর
২৮.
সাটিন-ভেলভেট
২৯.
বন্ধু
৩০.
অরণ্যের উপকথা
৩১.
শেষ গোলাপ
৩২.
অনুসন্ধান
৩৩.
শান্তি
৩৪.
অংশীদার
৩৫.
টপ সিক্রেট
৩৬.
প্ল্যাটফর্ম
৩৭.
সাগর
৩৮.
রামুদা
৩৯.
হেডস্যার
৪০.
হেডস্যারের জুতো
৪১.
আলোর নিচেই অন্ধকার
৪২.
সে এক কাণ্ড
৪৩.
দাদুর কাঁঠাল
৪৪.
দাদুর ইঁদুর
৪৫.
দাদুর দ্বিতীয় ইঁদুর
৪৬.
দাদুর দাঁদানো বাঁত
৪৭.
দাদুর বেড়াল
৪৮.
দাদুর বাগান
৪৯.
অহিদার চোরধরা
৫০.
আমি ও টম
৫১.
টম আর দুলী
৫২.
বাবার বাবা
৫৩.
গোল
৫৪.
উদ্ধার
৫৫.
আজও দাঁড়িয়ে আছি
৫৬.
দুখপাইয়ে তো সুখ লাগাইয়ে
৫৭.
জ্ঞানী
৫৮.
দিদি আর পিকলু
৫৯.
শেষ খাওয়া
৬০.
নির্জন বনপথ
৬১.
ঋণ শোধ
৬২.
নতুন ফসল
৬৩.
অরূপ যাত্রা
৬৪.
পয়সার ফয়সালা
৬৫.
ফানুস
৬৬.
বালির ওপর পোল
৬৭.
বাঘমারি
৬৮.
কুশলের সাইকেল
৬৯.
আমিই গোয়েন্দা
৭০.
ফেরা
৭১.
গোলকিপার
৭২.
সন্ধান
৭৩.
ফুল হয়ে ফোটার কালে
৭৪.
কৃপা
৭৫.
বড় বিল
৭৬.
রকেট
৭৭.
দুটো বেজে পাঁচ
৭৮.
সোনার হরিণ
৭৯.
বিচার
৮০.
অনাথ
৮১.
ভোলা
৮২.
আগুন
৮৩.
ডানাকাটা পাখি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%