সঞ্জীব চট্টোপাধ্যায়
প্ল্যাটফর্ম ছেড়ে লম্বা ট্রেনের শেষ গার্ডের কামরাটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে৷ পতাকা হাতে দাঁড়িয়ে আছেন একা গার্ড সাহেব৷ একেবারে একা৷ এদিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শঙ্কর৷
মাঝখানের সাদা কামরাটায় জানলার ধারে বসে আছে প্রাণের বন্ধু সুখেন৷ সুখেন চলে গেল পুনায়৷ বাকি লেখা-পড়াটা সে ওইখানেই করবে৷ জীবনে বড় হতে হবে, আরো বড়৷ টাকা-পয়সার অভাব তো নেই৷ একটাই অভাব, সুখেনের মা নেই৷ অনেক আগেই মারা গেছেন৷ শঙ্করের মাকেই সে মা বলত৷ বেশির ভাগ সময় শঙ্করদের বাড়িতেই কাটাত৷ এক সঙ্গে খাওয়া৷ একই বিছানায় পাশাপাশি শুয়ে দেশ-বিদেশের কত গল্প৷ আলো নেভানো ঘরে চাঁদের আলো এসে ঝাঁপিয়ে পড়েছে বিছানায়৷ বাইরে নারকোল গাছের পাতা বাতাসে যখন দুলছে তখন মনে হচ্ছে রুপোর ঝালর৷ সুখেন বলত, ‘যাই বল শঙ্কর, পৃথিবীটা কিন্তু খুব সুন্দর৷ কবিতা লিখতে ইচ্ছে করে৷ ছন্দ মেলাতে পারি না৷
ট্রেনটা আর নেই৷ দৃষ্টিপথের একেবারে বাইরে৷ জোড়া জোড়া ইস্পাতের লাইন৷ কাঠের স্লিপার, গোটা গোটা খোয়া৷ খড়াং করে একটা শব্দ হল, সিগন্যালটা উঠে গেল৷ সুখেন চলে যাচ্ছে দূর থেকে দূরে৷ শঙ্কর চোখ মুছে এদিকে-ওদিকে তাকাল৷ প্ল্যাটফর্ম প্রায় খালি৷ একটু দূরে একটা লম্বা বেঞ্চে বসে আছে একা একটি ছেলে৷ পরনে হাফপ্যান্ট, আধময়লা একটা গেঞ্জি৷ পায়ের কাছে একটা বস্তা৷ ছেলেটিকে বেশ সুন্দর দেখতে৷ অনেক চুল৷ কিছুটা কপালে ঝুলছে৷ ছেলেটি এক মনে রঙ-চঙে একটা কাগজের টুকরো দেখছে৷ হঠাৎ উত্তেজিত হয়ে তালগোল পাকিয়ে বস্তাটার ভেতর ঢুকিয়ে দিল৷
শঙ্কর পায়ে পায়ে এগিয়ে গিয়ে বললে, ‘তোমার পাশে একটু বসব?’
ছেলেটি তড়াক করে উঠে দাঁড়াল৷ শঙ্কর জিগ্যেস করল, ‘কী হল?’
ছেলেটি অদ্ভুত একটি কথা বলল, ‘ভদ্দরলোকরা বসলে ছোটলোকদের উঠে যেতে হয়৷’
শঙ্কর স্তম্ভিত৷ ছেলেটা বলে কী—‘তুমি এ-রকম বলছ কেন?’
‘এই রকমই তো হয়৷ এই বসার জায়গাগুলো সব ভদ্দরলোকদের৷ আমাদের বসতে দেখলেই হ্যাট হ্যাট করে হটিয়ে দেবে৷ আমরা তো কাগজকুড়ুনি, খালের ধারে, খানার পাশে থাকি, নোঙরা, অসুখ ছড়াই৷ আমার পাশে বসলে তোমার পোশাক ময়লা হয়ে যাবে৷’
শঙ্কর ছেলেটির পাশে বসতে বসতে বললে, ‘আমি ভদ্দরলোক, ছোটলোক নই, আমি একটা লোক, ঠিক লোকও নই, একটা ছেলে, তোমার চেয়ে একটু বড়৷ তোমার নাম কী?’
‘শঙ্কর৷’
এই মরেছে, আমার নামও শঙ্কর! তুমি এত কথা শিখলে কোথা থেকে?’
‘কেন, শিখতে পারি না? কাগজ কুড়োই বলে?’
‘বড় ঝগড়া করো তুমি, সব সময় গরম হয়ে আছ৷’
‘আমরা তো সারাদিন ঝগড়া করেই বেঁচে আছি৷ সকাল থেকে মাঝরাত৷ তা তুমি কাঁদলে কেন? চোখে জল!’
‘ওই ট্রেনে আমার বন্ধু বিদেশে চলে গেল৷ মনটা খুব খারাপ হল৷ তাই চোখে জল এল৷’
‘তুমি খুব নরম৷ আমার মতো একটু গরম হওয়ার চেষ্টা করো৷ আমার বাবা কী বলে জানো, ‘শঙ্কর! নিজেকে শক্ত কর৷ ময়দার তাল হলে লোকে তোকে লুচি করে খেয়ে ফেলবে৷’
‘তোমার বাবা কী করেন?’
‘আমাকে দেখে বুঝতে পারছ না? রাজমিস্তিরির জোগাড়ে৷ দিনের বেলায় আকাশে দোল খায়, রাতের বেলায় ভুঁয়ে গড়াগড়ি৷ আমাকে বলেছে, শঙ্কর বোতোল হবি না তাহলেই বেতাল৷ তালে থাক, তাহলেই ফাঁক তালে বেরোতে পারবি৷ আমি তো সারাটা জীবন বাঁশ বেয়ে পাঁচতলা, সাততলা করলুম, তোকে উঠতে হবে সিঁড়ি দিয়ে ধাপে
ধাপে৷
আমাদের বস্তিতে রোজ উমাদি আসে আমাদের পড়াতে-শেখাতে৷ উমাদি আমাদের বলে তোরা আমার চ্যালেঞ্জ৷ প্রত্যেকে এক এক পাটি জুতো৷’
‘বাপরে, কী সাংঘাতিক কথা গো!’
‘উমাদিকে দেখলে তুমি আর মন্দিরে গিয়ে মাকে প্রণাম করবে না৷ উমাদি আমাদের জ্যান্ত দুর্গা৷’
‘এই কাগজ কুড়োনোটা ছেড়ে দিলে হয় না?’
‘কী বলতে চাইছ? ভিক্ষে করব? স্কুল, কলেজের ছেলে-মেয়েদের পুরিয়া সাপ্লাই, ঝুমুরওয়ালিদের বোতোল, পুলিশের খোঁচোর? বাবা বলেছে, শঙ্কর না খেয়ে মরবি—সেও ভালো, নিজেকে বিক্রি করবি না৷ উমাদি এই বস্তুটাকে কী বলে জানো—তোমাদের এই সভ্যতার পুঁটলি৷ দেখবে, একটু আগে আমি এই কাগজের টুকরোটা দেখছিলুম, তারপর গোল্লা পাকিয়ে ফেলে দিয়েছি৷ এই দেখো, বিজ্ঞাপন—একটা ছেলে আর মেয়ে, সং সেজে ঠ্যাং তুলে দাঁড়িয়ে আছে৷ এদের কী বলে জানো—মডেল৷ আমাদেরও এই রকম সাজতে হবে৷ খেয়ে দেয়ে কাজ নেই আমাদের৷ কী বোকা বোকা! চুলের কায়দা দেখো৷ তুমি এই রকম সাজবে? ওই যে দেখছ দূরে মস্ত বাড়িটা—শপিং মল—ওইখানে এই সব বিক্রি হয়৷ টাকা হলে মানুষ পাগল হয়ে যায়৷ মদ খেয়ে যেই নেশা হয় ভেউ ভেউ করে কাঁদে৷ আবার মা কালীকে গান শোনায়৷ তুমি গান গাও?’
‘নাঃ, গলায় তেমন সুর নেই৷’
‘উমাদি আমাদের গানও শেখায়৷ বলেছে সব কিছু শিখে রাখ, যখন যেটা কাজে লাগে৷’
‘তোমার মা কী করেন?’
‘রান্না৷ সকালে তিন বাড়ি, রাত্তিরে তিন বাড়ি৷’
‘তুমি বুঝি মাঝে মাঝে এখানে এসে বসে থাকো?’
‘কত কি দেখা যায়! এই তো ক’দিন আগে যা হল৷ বুড়ি মা, সঙ্গে তার ছেলে, হোঁতকা মতো৷ ছেলে আগে উঠে গেল, ট্রেন চলতে শুরু করেছে৷ ছেলে চেল্লাচ্ছে—উঠে পড়ো, উঠে পড়ো, এই নাও হাতটা ধরো৷ হাতটা এগিয়ে দিয়ে, ধরার আগে ঝট করে টেনে নিল৷ আমি আগেই বুঝে গেছি, কি করতে চায়৷ প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝের ফাঁকটায় ফেলে মারতে চায়৷ আমি এক লাফে গিয়ে জাপটে ধরেছি৷ দুজনেই প্ল্যাটফর্মে গড়াগড়ি৷ তুমি শুনবে, সেই শয়তানটা ট্রেন থেকে নামল না৷ এখনকার ট্রেন, জানো তো ঝট্ করে স্পিড উঠে যায়!’
‘তারপর?’
‘তারপর? আমি একজন দিদা পেয়েছি, আর আমার মা পেয়েছে একজন মা৷ ওই দেখো আমার মা আসছে আমার খোঁজে৷ আমার মাটাকে দেখো শঙ্করদা, আমার মা৷ আচ্ছা, গুডবাই৷’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন