দাদুর ইঁদুর

সঞ্জীব চট্টোপাধ্যায়

‘আজ শেক্সপিয়ারস!’ বইয়ের র‌্যাক থেকে একটা মোটা বই টেনে নিয়ে দাদু লাফাতে লাগলেন, ‘কাল সারারাত ধরে ব্যাটারা শেক্সপিয়ার চিবিয়েছে৷’ বই যেখানে ছিল, সেইখানেই কুচো-কুচো কাগজ পড়ে আছে৷ দু-একটা টুকরো বইয়ের গায়ে লেগে ঝুলছে৷ ‘আর ক্ষমা করা যায় না৷ নো মারসি৷ এটা ধেড়েদের কাজ, নেংটিদের দাঁতে শেক্সপিয়ার সইবে না৷’

বইটার বুকে হাত বুলোতে-বুলোতে দাদু চিৎকার করলেন, ‘দেওকিনন্দন, এ দেওকিনন্দন৷’

নিচের বাগানে যেন মেঘ ডেকে উঠল, ‘জি হাঁ৷’

‘তুরন্ত আ যাও৷’

দাদু ডেকচেয়ারে বসলেন৷ চোখমুখ খুবই ভীতিপ্রদ৷ ‘বুঝলে, পরশু মেটিরিয়ামেডিকা, তার আগের দিন রবীন্দ্র রচনাবলী, আজ শেক্সপিয়ার৷ খিদে আর হজমশক্তি, দুটোই ক্রমশ বাড়ছে৷ মেটিরিয়ামেডিকায় ওষুধ আছে৷ নাকসভমিকার পাতা খেয়ে ব্যাটারা আগে খিদে বাড়িয়েছে৷’

‘ওষুধের নাম লেখা পাতা খেলেও ওষুধের কাজ হয় দাদু?’

‘হবে না? সেই ঘটনার কথা তোমাদের মনে নেই? উত্তাল নদী পেরোতে হবে৷ নৌকো নেই৷ সাঁতার জানা নেই৷ শিষ্যের হাতে গুরু একটা কাগজের মোড়ক দিয়ে বললেন, এইটা মুঠোয় ধরে হেঁটে পার হয়ে যাও৷ শিষ্য হেঁটে নদী পার হচ্ছে৷ সত্যিই সে ডুবছে না৷ মাঝ নদী বরাবর এসে তার মনে হল, আচ্ছা দেখি তো কী আছে এতে৷ খুলে দেখলে, লেখা আছে রাম নাম৷ যেই মনে হওয়া রামনামের এত জোর, ব্যস, ভড়-ভড় করে ডুবে গেল৷’

‘মনে আছে, বাবা বহুবার আমাকে এই গল্প বলেছেন৷ তবে রামনামের জোর হিসেবে নয়, শিষ্যের বিশ্বাসের গল্প৷ গল্পটা শেষ করেন এই বলে—বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর৷’

‘সেই বিশ্বাসে আমার কথাটাও তুমি মেনে নাও, তর্ক কোরো না৷ মেটিরিয়ামেডিকা বুকে চেপে ধরলে খাবি-খাওয়া রোগী বিছানায় উঠে বসে৷’

‘তা হলে এত মানুষ মারা যায় কেন?’

‘বিশ্বাস নেই বলে৷’

‘তার মানে, সেই বিশ্বাস৷’

‘তোমার সঙ্গে তর্ক করতে চাই না৷ আই হ্যাভ নো টাইম৷ আমার মন খারাপ৷ আমার শেকসপিয়ার খেয়ে গেছে৷’

‘জি হাঁ৷’ হাঁ-হাঁ করে দেওকিনন্দন ঘরে ঢুকল৷ নিচের বাগানে একা-একা বোধহয় কুস্তি করছিল৷

মাথার পিছনে মাটি লেগে আছে৷ ভোজপুরি গোঁফজোড়া খাড়া হয়ে আছে৷ দেওকিনন্দন সামনে থাকলে দাদুও গলাটাকে খুব গম্ভীর মতো করার চেষ্টা করেন৷ দেওকির আদুরে নাম রেখেছেন দাদু, দেবু৷

দেবু, একটা ইঁদুরকল চাই৷’

‘জি হাঁ৷ লে আয়েগা৷ লেকিন জাঁতিকল কি খাঁচাকল?’

‘জাঁতি নেহি, জাঁতি নেই৷ উ বীভৎস হ্যায়৷ খাঁচা মাঙতা৷’

‘ঠিক হ্যায় জি, হো যায়েগা৷ লেকিন লেংটিকে লিয়ে কি ধেড়ে কে লিয়ে?’

‘ইধার আও৷’

‘দেওকি সামনে ঝুঁকে পড়ল৷ দাদু বইটার কুরে-কুরে খাওয়া অংশ দেওকির সামনে তুলে ধরলেন৷

‘এ কিসকা কাম?’

‘দেওকি ভালো করে দেখে বললেন, ‘ধাড়িয়াকা৷’

‘তব ধেড়ে কি লিয়ে খাঁচাকল লে আও৷’

কল এসে গেছে৷ দাদুও এসে গেছেন কোর্ট থেকে৷ রাতের খাওয়াদাওয়া শেষ৷ দাদুর লাইব্রেরি ঘরে কলের কেরামতি চলেছে৷ দাদু নির্দেশ দিচ্ছেন৷ দেওকি করে যাচ্ছে৷

‘ময়দাকা এতনা ছোটা-ছোটা গোলি বানাও৷ ময়দা কি খায়েগা? সন্দেহ হ্যায়৷ লোভনীয় কুছ চিজ চাহিয়ে৷’

আমি মেঝেতে থেবড়ে বসেছিলুম৷ বললুম, ‘কেক৷’

‘ওটা তোমার প্রিয়, ইঁদুরের প্রিয় হবে কি? কেয়া দেবু প্রিয় হোগা?’

‘লাড্ডু হোগা জি৷’

‘হাঁ-হাঁ লাড্ডু৷ লে আও৷’

দেওকি সামনের দোকান থেকে এক টাকার লাড্ডু কিনে আনল৷ প্রথমেই একটা লাড্ডু আমার হাতে দিয়ে দাদু বললেন, ‘টেস্ট করো৷’

মুখে দিয়ে বললুম, ‘ভেরি টেস্টফুল৷’

দেবুকে একটা দিলেন৷ ‘ক্যায়সা?’

‘বহত বড়িয়া৷’

দাদু একটা খেলেন৷ ‘হাঁ, মালুম হোতা হ্যায়, বড়িয়া৷’

ঠোঙায় পড়ে আছে আর একটা৷ দেওকি সেটাকে কলে পুরল৷ এখন কলটাকে কোথায় রাখা হবে? ইঁদুরের চোখে পড়া চাই৷ ইঁদুরের আবার চোখ কী! সর্বত্র তার চোখ৷ দেওকির পরামর্শে কলটাকে একটা বইয়ের র‌্যাকের তলায় রাখা হল৷

ভীষণ ভোরে ঘুম ভেঙে গেল৷ অন্যান্য দিন দাদুই আমাকে টেনে তোলেন৷ আজ আবার দাদুর কী হল৷ ঘুম ভেঙেই চোখের সামনে সেই ফরসা টকটকে মুখ দেখতে না পেলে কেমন যেন লাগে৷

দাদুকে খুঁজে পেলুম লাইব্রেরি ঘরে৷ হাঁটু মুড়ে মেঝেতে বসে আছেন৷ সামনে ইঁদুরকল৷ গোঁফলা এইটুকু ইঁদুর দাঁড়িয়ে কাঁপছে৷ আশ্চর্য! কলের ভেতরের লাড্ডুটা সে চেয়েও দেখেনি৷ দাদুর মুখটা যেন কেমন হয়ে গেছে৷ দুঃখ-দুঃখ ভাব৷

হাঁটুর ওপর হাত রেখে শরীরটা সামনের দিকে ঝুলিয়ে ইঁদুরটাকে দেখছিলুম৷ এইবার থেবড়ে বসে পড়লুম৷

‘কী সুন্দর দেখতে দাদু৷’

‘বিউটিফুল৷’

‘গা-টা দেখেছ? তেল চুকচুকে৷ চোখ দুটো যেন জ্বলজ্বলে পুঁতির মতো৷ মুখটা কত বুদ্ধিমান৷’

‘অসাধারণ৷ এত কাছে থেকে ইঁদুর আমি কোনওদিন দেখিনি৷ বড় আদরের জিনিস হে৷’

‘কী করবেন?’

‘সারারাত বেচারা না-খেয়ে আছে৷ একটা বিস্কুট আন তো৷’

বিস্কুট নিয়ে এলুম৷ দাদু গুঁড়ো-গুঁড়ো করে কলের মধ্যে ঢুকিয়ে দিলেন৷ ইঁদুরটা কাঁপতে-কাঁপতে কোণের দিকে চলে গেল৷ বিস্কুট ছুঁলই না৷ দাদু বললেন, ‘প্রাণভয়ে ভীত৷ কেমন বুঝতে পারে দেখছ? জানে মৃত্যু এগিয়ে আসছে৷’

নিচে দেওকির বাজখাঁই গলা শোনা গেল৷ দাদু কলটা তাড়াতাড়ি হাতে তুলে নিলেন৷ ‘দেওকির হাত থেকে একে বাঁচাতে হবে খোকা৷ দেখলেই মারতে চাইবে৷ চল, বাগানের এক কোণে ছেড়ে দিয়ে আসি৷’

দেওকির চোখে ধুলো দিয়ে আমরা দুজনে বাগানের পাঁচিলের ধারে এসে কলটা খুলতেই ইঁদুরটা বেরিয়ে এল৷ সঙ্গে-সঙ্গে তেড়ে এল এক ডজন কাক৷

‘তাড়াও, তাড়াও, গেল!’ দুজনে হই-হই করে কাক তাড়াতে লাগলুম! কাকের পেটে যেতে-যেতেও ইঁদুরটা একটুর জন্যে বেঁচে গেল৷ জল যাওয়ার নর্দমা ধরে সোজা দৌড়ে রান্নাঘরের জানলা দিয়ে বাড়িতে ঢুকে গেল৷

‘বাঁচ গিয়া৷ বাঁচ গিয়া৷ ঘরের ছেলে ঘরে গিয়া৷’

দাদুর ধেই-ধেই নৃত্য৷ আমি দম বন্ধ করে ছিলুম এতক্ষণ৷

আমিও নাচতে লাগলুম৷ দেওকি বললে, ‘হুয়া কেয়া?’

দাদু বিজয়ীর মতো বললেন, ‘বাঁচ গিয়া, বাঁচ গিয়া৷’

‘কৌন বাঁচ গিয়া জি?’

‘চুহা৷ চুহা৷’

দাদুর সে কী নাচ!

সকল অধ্যায়
১.
সেই রাত
২.
হেডস্যারের মায়াজাল
৩.
রেখা
৪.
নিরঞ্জন স্যার
৫.
নবেন্দুর দলবল
৬.
জনার্দনের জরদার কৌটো
৭.
হাসি কান্না চুনি পান্না
৮.
রাবণবধ
৯.
হেডস্যারের সমাজসেবা
১০.
এক রাজার গল্প
১১.
রসবড়া
১২.
বাঘের সার্কাস
১৩.
সাইকেল বিভ্রাট
১৪.
দেশি সাহেব,বিলিতি নেড়ি
১৫.
বেত আর বাত
১৬.
এই সেই বাড়ি
১৭.
কাঁঠাল
১৮.
আমি অন্তহীন
১৯.
আনারকলির উপহার
২০.
আছে কোথাও
২১.
ঘুরঘুরে
২২.
অঞ্জলি
২৩.
অঙ্কই ভগবান
২৪.
দিদি
২৫.
সিঁড়ি
২৬.
পেয়ারা গাছ
২৭.
কণ্ঠস্বর
২৮.
সাটিন-ভেলভেট
২৯.
বন্ধু
৩০.
অরণ্যের উপকথা
৩১.
শেষ গোলাপ
৩২.
অনুসন্ধান
৩৩.
শান্তি
৩৪.
অংশীদার
৩৫.
টপ সিক্রেট
৩৬.
প্ল্যাটফর্ম
৩৭.
সাগর
৩৮.
রামুদা
৩৯.
হেডস্যার
৪০.
হেডস্যারের জুতো
৪১.
আলোর নিচেই অন্ধকার
৪২.
সে এক কাণ্ড
৪৩.
দাদুর কাঁঠাল
৪৪.
দাদুর ইঁদুর
৪৫.
দাদুর দ্বিতীয় ইঁদুর
৪৬.
দাদুর দাঁদানো বাঁত
৪৭.
দাদুর বেড়াল
৪৮.
দাদুর বাগান
৪৯.
অহিদার চোরধরা
৫০.
আমি ও টম
৫১.
টম আর দুলী
৫২.
বাবার বাবা
৫৩.
গোল
৫৪.
উদ্ধার
৫৫.
আজও দাঁড়িয়ে আছি
৫৬.
দুখপাইয়ে তো সুখ লাগাইয়ে
৫৭.
জ্ঞানী
৫৮.
দিদি আর পিকলু
৫৯.
শেষ খাওয়া
৬০.
নির্জন বনপথ
৬১.
ঋণ শোধ
৬২.
নতুন ফসল
৬৩.
অরূপ যাত্রা
৬৪.
পয়সার ফয়সালা
৬৫.
ফানুস
৬৬.
বালির ওপর পোল
৬৭.
বাঘমারি
৬৮.
কুশলের সাইকেল
৬৯.
আমিই গোয়েন্দা
৭০.
ফেরা
৭১.
গোলকিপার
৭২.
সন্ধান
৭৩.
ফুল হয়ে ফোটার কালে
৭৪.
কৃপা
৭৫.
বড় বিল
৭৬.
রকেট
৭৭.
দুটো বেজে পাঁচ
৭৮.
সোনার হরিণ
৭৯.
বিচার
৮০.
অনাথ
৮১.
ভোলা
৮২.
আগুন
৮৩.
ডানাকাটা পাখি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%