পয়সার ফয়সালা

সঞ্জীব চট্টোপাধ্যায়

বিধানবাবু বাসের পিছন দিকে বেশ টাইট হয়ে দাঁড়িয়েছিলেন৷ একটা হাত হাতলে, আর এক হাতে পকেট সামলাচ্ছেন৷ চোখের সামনে দুটি সতর্কবাণী৷ ‘নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন৷ ‘পকেটমার হইতে সাবধান৷’ এই দ্বিতীয় সতর্কবাণী না মেনে চলায়, গত মাসের পুরো মাইনের টাকাটি চলে গেছে৷ বন্ধু-বান্ধবের কাছে হাত পাততে হয়েছিল৷

বিধানবাবুর আজ ভীষণ সর্দি হয়েছে৷ নতুন ঠান্ডা পড়ছে৷ মাথায় তেমন চুল নেই৷ কাল রাতে পাড়ার পুজো প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ যাত্রা দেখেছেন৷ পালাটি, খুব জমাটি ছিল৷ অতটা খেয়াল করেননি৷ হিম লেগে গেছে৷ সকালে গোটা সত্তরবার হেঁচেছেন৷ নাকের স্টকে এখনও মারাত্মক-মারাত্মক সব হাঁচি জমা আছে৷ তেড়েফুঁড়ে বেরোতে চাইছে৷ অনেক কায়দায় চেপে রেখেছেন৷ এই ঠাসাঠাসি ভিড়ে হাঁচলে বাস থেকে কান ধরে নামিয়ে দেবে৷

হাঁচি আর হেঁচকি, মনটাকে ঘুরিয়ে দিতে পারলেই শরীরে তলিয়ে যায়৷ তিনি মনটাকে নানা কায়দায় ঘোরাতে চাইছেন৷ রাস্তা দেখার চেষ্টা করছেন৷ দেখার কি আর উপায় আছে! দাঁড়িয়ে থাকলে কিছু কি আর দেখা যায়! রাস্তা সাঁই-সাঁই করে উলটো দিকে ছুটে চলেছে৷ কালো পিচের বেল্ট পিছলে চলেছে৷ কনডাক্টারের চিৎকার শুনে বুঝে নিতে হয় বাস এল কোথায়?

কারা কী বলছে সেদিকে মন দেওয়ার চেষ্টা করছেন৷ অন্যদিন সামনে, পিছনে, মাঝে কোথাও-না-কোথাও ধুম ঝগড়া বেধে যায়, আজ তাও লাগছে না৷ এমন দিনকাল পড়েছে মানুষ বিপদে পড়লে কেউই আর সাহায্যের জন্যে এগিয়ে আসে না৷ এখন দেখছেন নিজেকেই না ঝগড়া বাধাতে হয়! সেলফ হেল্‌প ইজ বেস্ট হেল্‌প৷ সেই কতকাল আগে পড়েছিলেন৷ বর্ণে-বর্ণে সত্য৷ ঝগড়ার সুযোগও রয়েছে৷ ঘাড়ের কাছে তখন থেকে একজন কনুইয়ের রদ্দা মেরে চলেছেন৷ একজন ডান পায়ের আঙুলটা থেকে থেকেই মাড়াচ্ছেন৷ পিছনদিকে পায়ের গুলিতে একজন ব্রিফকেসের খোঁচা মেরে চলেছেন৷ তেরোস্পর্শ চলেছে শরীরে৷ লাগালেই হয়৷ বড় শান্তিপ্রিয় মানুষ৷ ঝগড়াঝাঁটি শুনতে ভালোবাসেন৷ করার শক্তি নেই৷

গলার কাছে একটা হাঁচি ঘোট পাকাচ্ছে৷ যে-কোনও মুহূর্তে উড়ে বেরোতে পারে৷ কেবলই ঢোঁক গিলছেন৷ নাকটাকে ফোলাচ্ছেন, ছোট করছেন৷ সম্প্রসারণ, সংকোচন৷ হাঁচি না হয়ে অন্য কিছু হলে এতক্ষণে গুটিয়ে যেত৷ নাঃ, আর পারা গেল না৷ একেবারে ডগায় এসে গেছে৷ যে হাতে পকেট সামলাচ্ছিলেন, সেই হাতে তাড়াহুড়ো করে পকেট থেকে রুমাল বের করতে গেলেন৷ রুমাল বেরোল, সেইসঙ্গে টক করে একটি পয়সা পড়ে গেল বাসের মেঝেতে৷ ছুটে এসে শেষ মুহূর্তে মানুষ যেভাবে চলন্ত ট্রেন ধরে, তিনিও সেইভাবে রুমালটাকে ঠেলে নাকের কাছে তুললেন৷ একে বলে শেষ মুহূর্তে সেভ করা৷ রুমাল চাপা নাক থেকে বদখত একটা আওয়াজ বেরোল৷ শব্দটা তেমন শ্রুতিসুখকর নয়৷ যাঁরা শুনলেন, তাঁরা বললেন, কী মশাই, ফেটে যাবেন যে!

বিধানবাবু শুনলেন, কিছু বললেন না৷ বলার মতো অবস্থা তাঁর নেই৷ হাঁচি আসে জোড়ায়-জোড়ায়৷ আর একটা পাঁয়তারা ভাঁজছে৷ যে-কোনও মুহূর্তে নাক ছেড়ে বেরোতে পারে৷ রুমাল চেপে কোনওরকমে ধরে রাখলেন৷ শেষে গিলে ফেললেন৷ একপ্রকার অসাধ্য সাধন৷

সঙ্কট এখনকার মতো কাটল, এইবার পকেটে হাত দিলেন৷ ছিল দুটো সিকি আর দুটো পাঁচ পয়সা৷ একটা পাঁচ নেই৷ ফেরার বাস ভাড়া৷ পাঁচটা পয়সা অন্য সময় কিছুই নয়৷ আজকাল কোনও ভিখিরিকে দিলেও ছুঁড়ে ফেলে দেয়৷ আজ কিন্তু পাঁচটা পয়সাই তাঁর কাছে ভীষণ মূল্যবান৷ পকেটে আর একটাও পয়সা নেই৷ বুক-পকেটে নোট নেই৷ টায়-টায় ফেরার ভাড়াটি ছিল৷ কাল মাস পয়লা৷ কাল হলে পাঁচটা পয়সার জন্যে মাথা ঘামাতেন না৷ আজ ঘামাতেই হবে৷ পাঁচ পয়সার জন্যে দশ মাইল পথ হেঁটে আসবেন না কী৷ কারুর কাছে চাইতেও লজ্জা করবে৷ চাইলে পাবেন, তবে উদ্ধার করা যায় কিনা, দেখতে দোষ কী! হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই৷

বিধানবাবু প্রথমে ডান পাশে কাত হয়ে নিচের দিকে তাকাবার চেষ্টা করলেন৷ অসম্ভব ব্যাপার! কুলফি বরফের মতো খাপে-খাপে মানুষ কাপ হয়ে আছে৷ নড়বার, চড়বার, ঝোঁকবার উপায় নেই৷ জোড়া-জোড়া পা ছাড়া কিছুই দেখা যায় না৷

ডানপাশে কাত হতে গিয়ে পাশের ভদ্রলোকের সঙ্গে ঠোকাঠুকি হয়ে গেল৷ তিনি বললেন, ‘কী হল কী?’

‘পয়সা পড়ে গেল৷’

পয়সা পড়ে গেলে সকলেরই সহানুভূতি হয়৷ ভদ্রলোক বাঁ-দিকে কাত হয়ে বিধানবাবুকে সাহায্য করতে চাইলেন৷ সেই একই ব্যাপার৷ দুজনের মাথায়-মাথায় আবার ঠোকাঠুকি৷ পাশাপাশি জলে ভাসমান দুটো পেতলের ঘড়ার মতো দু-জনে ঠুসঠাস ঠোকাঠুকি চলতে লাগল৷

বিধানবাবু এবার একটু পিছিয়ে গিয়ে সামনে ঝুঁকতে চাইলেন৷ সঙ্গে-সঙ্গে পিছনের সারি থেকে একজন বললেন, ‘কী মশাই, গোরুর মতো চতুষ্পদ হতে চাইছেন না কি?’

‘আজ্ঞে, না দাদা। পয়সা পড়ে গেছে৷’

‘কত কত?’

‘বুঝতে পারছি না কত! টপাস করে পড়ে গেল৷’

‘সেরেছে, এই ভিড়ে আবার পয়সা ফেললেন!’

ভদ্রলোকের সহানুভূতি হল৷ তিনিও বিধানবাবুর মতো দু-কদম পিছিয়ে গিয়ে সামনে নিচু হয়ে ঝুঁকে দেখার চেষ্টা করলেন৷ গেটের কাছে, গেল-গেল যাঃ বলে একদল হইহই করে উঠলেন৷ বাসের মধ্যে মানুষ আজকাল এমনভাবে ঠাসাঠাসি হয়ে থাকে, চাপের সামান্য এদিক-ওদিক হলেই হয়ে গেল৷ ভদ্রলোক দু-কদম পিছিয়ে সামনে ঝোঁকার চেষ্টা করায় গেটের কাছের এক ভদ্রলোক চাপের চোটে বাইরে ছিটকে পড়লেন৷ বাস কিন্তু থামল না৷ গেটের কাছে যাঁরা ছিলেন, রাস্তায় উলটে পড়ে থাকা ভদ্রলোককে বলতে লাগলেন, ‘উঠে পড়ুন, উঠে পড়ুন, ধুলো ঝেড়ে উঠে পড়ুন৷ কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি৷’

যেন ছোট ছেলে খেলতে-খেলতে পড়ে গেছে৷ সবাই মিলে ভোলাবার চেষ্টা৷ পয়সা খোঁজার অদ্ভুত একটা নেশা আছে৷ পয়সা কেন, হারানো জিনিস খুঁজে বের করার নেশা৷ আর উত্তেজনায় মানুষ কী না করে! প্রত্নতাত্ত্বিকরা বছরের-পর-বছর ধরে ঢিবি খুঁড়ে-খুঁড়ে অতীত ইতিহাসে চলে যান৷ ডুবুরিরা নেমে যান সমুদ্রের গভীরে৷ যে জাহাজ ডুবে গেছে সেই জাহাজের খোঁজে৷

সারা বাসে খবর ছড়িয়ে পড়ল, বিধানবাবুর পকেট থেকে পয়সা পড়ে গেছে৷ শুরু হয়ে গেল প্রতিযোগিতা৷ কে আগে খুঁজে পায়! যিনি আগে পাবেন, তিনি হাসি-হাসি মুখে, পয়সাটি তুলে এগিয়ে দেবেন, এই নিন মশাই! যেন স্কুলের ফার্স্ট বয় অভিভাবকের দিকে পরীক্ষার ফলের কাগজ এগিয়ে দিচ্ছে৷

বিধানবাবুর এখন আর করার কিছু নেই৷ জনসাধারণ ভার নিয়েছেন৷ যাঁরা বসে আছেন তাঁরা পা ফাঁক করে সামনের দিকে ঝুঁকে নিজেদের পায়ের তলায় খুঁজতে লাগলেন৷ যাঁরা আসনের ধারে বসেছিলেন তাঁরা আবার নিজের এলাকা ছেড়ে, হাত বাড়িয়ে অন্যের পা সরিয়ে খোঁজার এলাকা বাড়াতে লাগলেন৷ অতি উৎসাহের ফলে অল্পস্বল্প অশান্তি দেখা দিতে লাগল৷ কেউ-কেউ ঘুমোচ্ছিলেন, খোঁজার ঠেলায় ঠেলা খেয়ে, কী--কী, কী হল বলে নড়েচড়ে বসে, ঘুম-ঘুম চোখে এদিক-ওদিক হাত বাড়াতে গিয়ে কারুর নাকের ডগা থেকে চশমা খসিয়ে দিলেন, কারুর হাতের নস্যির টিপ ঝরিয়ে দিলেন৷ সামনে ঝুঁকতে গিয়ে আসনের পিছনের লোহায় কপাল ঠুকে গোল আলু করে ফেললেন, সারা বাসে একটা আলোড়ন পড়ে গেল৷ একজন দুজন স্বার্থপর ছিলেন৷ তাঁরা কিছুতেই নিজের পায়ের তলা নিজেও দেখবেন, না, অন্যকেও দেখতে দেবেন না৷ ফলে একদল তাঁদের শিক্ষা দিতে শুরু করলেন৷ সারা বাসে যেন ব্যায়াম চলেছে৷ ফ্রন্ট বেন্ড, ব্যাক বেন্ড, সাইড বেন্ড, হামাগুড়ি৷

কনডাক্টার জায়গা হাঁকছেন৷ বিধানবাবু এবার নামবেন৷ গেটের দিকে এগোতে-এগোতে বললেন, ‘যাক গে, ছেড়ে দিন৷ ও আর মনে হয় পাওয়া যাবে না৷’ তিনি রাস্তার নেমে পড়লেন৷ কনডাক্টার বাসের গায়ে চাঁটা মেরে ছাড়ার নির্দেশ দিলেন৷ তিন-চারজন সমস্বরে প্রশ্ন করলেন, কত ছিল দাদা, কত ছিল? বিধানবাবু ফুটপাথে উঠতে-উঠতে বললেন, ‘পাঁচটা পয়সা৷’

বাসের ভেতরের সমস্ত যাত্রী এক সঙ্গে গর্জন করে উঠলেন সমুদ্রের মতো—‘মার ব্যাটাকে, মার৷’ বিধানবাবু শুনলেন কিন্তু ভয় পেলেন না৷ মার-মার শব্দটা দূর থেকে দূরে চলে গেল৷

সকল অধ্যায়
১.
সেই রাত
২.
হেডস্যারের মায়াজাল
৩.
রেখা
৪.
নিরঞ্জন স্যার
৫.
নবেন্দুর দলবল
৬.
জনার্দনের জরদার কৌটো
৭.
হাসি কান্না চুনি পান্না
৮.
রাবণবধ
৯.
হেডস্যারের সমাজসেবা
১০.
এক রাজার গল্প
১১.
রসবড়া
১২.
বাঘের সার্কাস
১৩.
সাইকেল বিভ্রাট
১৪.
দেশি সাহেব,বিলিতি নেড়ি
১৫.
বেত আর বাত
১৬.
এই সেই বাড়ি
১৭.
কাঁঠাল
১৮.
আমি অন্তহীন
১৯.
আনারকলির উপহার
২০.
আছে কোথাও
২১.
ঘুরঘুরে
২২.
অঞ্জলি
২৩.
অঙ্কই ভগবান
২৪.
দিদি
২৫.
সিঁড়ি
২৬.
পেয়ারা গাছ
২৭.
কণ্ঠস্বর
২৮.
সাটিন-ভেলভেট
২৯.
বন্ধু
৩০.
অরণ্যের উপকথা
৩১.
শেষ গোলাপ
৩২.
অনুসন্ধান
৩৩.
শান্তি
৩৪.
অংশীদার
৩৫.
টপ সিক্রেট
৩৬.
প্ল্যাটফর্ম
৩৭.
সাগর
৩৮.
রামুদা
৩৯.
হেডস্যার
৪০.
হেডস্যারের জুতো
৪১.
আলোর নিচেই অন্ধকার
৪২.
সে এক কাণ্ড
৪৩.
দাদুর কাঁঠাল
৪৪.
দাদুর ইঁদুর
৪৫.
দাদুর দ্বিতীয় ইঁদুর
৪৬.
দাদুর দাঁদানো বাঁত
৪৭.
দাদুর বেড়াল
৪৮.
দাদুর বাগান
৪৯.
অহিদার চোরধরা
৫০.
আমি ও টম
৫১.
টম আর দুলী
৫২.
বাবার বাবা
৫৩.
গোল
৫৪.
উদ্ধার
৫৫.
আজও দাঁড়িয়ে আছি
৫৬.
দুখপাইয়ে তো সুখ লাগাইয়ে
৫৭.
জ্ঞানী
৫৮.
দিদি আর পিকলু
৫৯.
শেষ খাওয়া
৬০.
নির্জন বনপথ
৬১.
ঋণ শোধ
৬২.
নতুন ফসল
৬৩.
অরূপ যাত্রা
৬৪.
পয়সার ফয়সালা
৬৫.
ফানুস
৬৬.
বালির ওপর পোল
৬৭.
বাঘমারি
৬৮.
কুশলের সাইকেল
৬৯.
আমিই গোয়েন্দা
৭০.
ফেরা
৭১.
গোলকিপার
৭২.
সন্ধান
৭৩.
ফুল হয়ে ফোটার কালে
৭৪.
কৃপা
৭৫.
বড় বিল
৭৬.
রকেট
৭৭.
দুটো বেজে পাঁচ
৭৮.
সোনার হরিণ
৭৯.
বিচার
৮০.
অনাথ
৮১.
ভোলা
৮২.
আগুন
৮৩.
ডানাকাটা পাখি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%