দাদুর দাঁদানো বাঁত

সঞ্জীব চট্টোপাধ্যায়

দাদু যখন সকালে বেড়াতে বেরোবেন তখন হাতে থাকবে পাকানো-পাকানো বেতের লাঠি৷ সে লাঠির কী বাহার! বাবা এনে দিয়েছিলেন মুসৌরি থেকে৷ আর যখন কোনও কাজে বেরোবেন তখন আর লাঠি নয়, তখন আমি তাঁর পাশে এক চলন্ত লাঠি৷ দাদুর ভারী ডানহাত আমার কাঁধে৷ আমার উচ্চতাও ওই লাঠিটার মতোই৷ দাদুর হাতে আমার কাঁধটা বেশ ফিট করে যায়৷ চলন্ত লাঠির গতি যখন বেড়ে যেতে চায় দাদুর হাত তখন কাঁধ খামচে ধরে পাশাপাশি টেনে আনে৷ আমার চেহারাটাও ঠিক লাঠির মতো৷ মা বলেন, খ্যাংরা কাঠির মাথায় আলুর দম৷ হবে না! অত খেলে কারুর চেহারা ভালো হয়৷ অষ্টপ্রহর মুখ চলছে৷ দুঃখ হয় কথা শুনে, কিছু বলতে পারি না৷ দেওকীনন্দন বলেছে, ঘাবড়াও মাত৷ চানা চালাও, বঠকি লাগাও, পবননন্দন বন যাও৷ ঘাড় হো যায়গা লোটা কা মাফিক৷ হাত হো যায়গা ডাম্বেল কা মাফিক৷ সমঝা ছোটাবাবু?

এখন আমরা চলেছি দাঁতের ডাক্তারের কাছে৷ আমাদের শহরে যেখানে বাজার সেখানে একটা জুতোর দোকানের পাশে ছোটমতো ডাক্তারখানা৷ ভাঁজ করা দরজার একদিকে একটা কাচের কেসে দু-পাটি দাঁত সবসময় আমার স্কুলের পণ্ডিতমশাইয়ের মতো শীত নেই গ্রীষ্ম নেই খিঁচিয়েই আছে৷ আর একপাশের দরজায় মাফলার জড়ানো গালফুলো এক মুখের ছবি৷ যন্ত্রণাকাতর৷ তলায় গোটা-গোটা অক্ষরে লেখা, দন্তশূল, তিন শূলের এক শূল৷ দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে মরতে হয়৷ সামনের দিকে গালফুলোদের বসার জন্যে দুপাশে দুটো বেঞ্চ৷ ভেতর দিকে পরদার আড়ালে একটা উঁচু চেয়ার৷ সেইখানেই ঠেসে ধরে সাঁড়াশি দিয়ে দাঁত তোলা হয়৷ কোণের দিকে জলের কল, বেসিন৷ আমি দাদুর সঙ্গে চৌষট্টিবার এই দোকানে এসেছি৷ কোথায় কী আছে সব মুখস্থ৷

দাদুর ওপরের পাটিতে ষোলো, নিচের পাটিতে ষোলোটা দাঁত ছিল৷ সবই এই ডাক্তারবাবু একটা-একটা করে টেনে-টেনে তুলেছেন৷ বত্রিশ মাস সময় লেগেছে৷ দাদুর সে কী গর্ব৷ সকলের নাকি বত্রিশটা দাঁত থাকে না৷ ঠিক-ঠিক ওপরে ষোলোটা আর নিচে ষোলোটা, দুই মিলিয়ে ঠিক বত্রিশ দাঁত লম্বা খাড়া টানা-টানা চোখ, মহাপুরুষের লক্ষণ৷ দাদুর সবক’টা লক্ষণই স্পষ্ট৷ তবে একটাই যা দুঃখ, দাদুর সবক’টা দাঁতই এই সিধুডাক্তারের সাঁড়াশি শেষ করে দিয়েছে৷ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাদু বোঝেননি৷ মা আমাকে বকেন৷ দাদুকে তো বকতে পারেন না৷ দাদু যে মায়ের বাবা৷ অত মিষ্টি খেলে কারুর দাঁত ভালো থাকে৷ দাদু আবার বাবাকে উপদেশ দেন, মিষ্টি খেয়েই বেশ ভালো করে কুলকুচো করে মুখ ধুয়ে ফেলবে, দেখবে দাঁত ঠিক থাকবে, একেবারে ছবির মতো৷ আশি বছরেও বসে-বসে ছোলাভাজা চিবোচ্ছে৷ কচি কলাপাতা থেকে চেটে-চেটে তেঁতুলের আচার খাচ্ছ টকাস-টকাস শব্দ করে৷ দাদু যখন এইসব বলেন, আমি মনে-মনে হাসি৷ যিনি বলছেন তিনি নিজেই এখন ফোকলা৷

সন্ধে-সন্ধে হয়ে এসেছে৷ সিধুডাক্তার লিকলিকে একটা ধূপ জ্বেলে দেয়ালে টাঙানো তাঁর গুরুদেবের ছবির সামনে কপালে দু-হাত ঠেকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন৷ মাথার চুল ছুঁয়ে পিনপিন করে ধূপের ধোঁয়া উঠছে৷ গুরুদেবকে মোটেই ভালো দেখতে নয়৷ দাঁতের ডাক্তারের গুরুদেব বলেই বোধহয় দাঁত দুটো অত বড়-বড়৷ ছবির দিকে তাকালেই আগে চোখ পড়ে যায় দাঁতে, তারপর গলার রুদ্রাক্ষের মালায়, তারপরই ভুঁড়িতে৷ কাউকে বলিনি, ছবিটা দেখলেই আমার মনে হয়, একেই বলে টাস্ক ফোর্স৷ টাস্ক হল হাতির দাঁত, সেইটাই ফোর্সে বেরিয়ে এসেছে সামনে৷ নিশ্চয়ই দেহ রেখেছেন৷ মহাপুরুষদের মৃত্যুকে বলে মহাপ্রয়াণ৷ আহা, দাঁত দুটো ডাক্তারবাবু যদি খুলে নিয়ে ওই শো-কেসে রাখতেন, যেখানে দু-পাটি দাঁত মুখ ছাড়াই পড়ে পড়ে হি-হি করে ভূতের হাসি হাসছে৷ গুরুদেবের ছবির মাথার ওপর কাঠের ব্র্যাকেটে একটি মাটির গণেশ৷ ভারি ভালো মানিয়েছে৷ না বাবা, এসব ভাবব না৷ ওঁরা যেখানেই থাকুন যদি মনের কথা জেনে ফেলেন নির্ঘাত অঙ্কে ফেল করিয়ে দেবেন৷

আমি হুড়মুড় করে দোকানে উঠতে যাচ্ছিলাম৷ দাদু টেনে ধরলেন, ‘দেখছ না পুজো হচ্ছে! হুড়মুড় করে ঢুকলেই হল৷ একাগ্রতা নষ্ট হয়ে যাবে৷’

দাদুর পাশেই চুপ করে দাঁড়িয়ে রইলুম৷ কিছুক্ষণ পরেই সিধুডাক্তার ওইরকম কপালে ধূপসমেত হাত ঠেকানো অবস্থাতেই আমাদের দিকে ফিরলেন৷ চোখ আধবোজা! ঠোঁট নড়ছে বিড়বিড় করে৷ সেই ঠোঁটে আমাদের দেখে একটু হাসির রেখা উঠেই মিলিয়ে গেল৷ আমরা যে দিকে দাঁড়িয়ে আছি সেটা পশ্চিম৷ সূর্য ওইদিকে ডুবে গেছে অনেক আগে৷ উনি ওইদিকেই নমস্কার জানাচ্ছেন৷ ঘুরে গেলেন দক্ষিণে৷ দক্ষিণ থেকে পুবে৷ পুবেই সেই দাঁততোলার বিদঘুটে চেয়ার৷ ওইদিকে একটু বেশিক্ষণ নমস্কার হল৷ ও দিকে সূর্য ওঠে৷ তা ছাড়া ওইদিকেই তো দাঁত তোলা হয়৷ দেওয়ালে বড়-বড় করে লেখা, ফাইভ রুপিজ এ টুথ, টেন রুপিজ এ ফলস টুথ৷ নিজের দাঁত ফেলতেও টাকা, নকল দাঁত লাগাতেও টাকা৷ তবে আসলের চেয়ে নকলের দাম পাঁচ টাকা বেশি৷

ডাক্তারবাবু হাসি-হাসি মুখে বললেন, ‘আরে, মুকুজ্যেমশাই। আসুন, আসুন৷’

আমরা ভেতরে ঢুকে পাশাপাশি বেঞ্চিতে বসলুম৷ দাদু বললেন, ‘তোমার পিতৃভক্তি দেখে মুগ্ধ হলুম!’

ঘাড় কাত করে ডাক্তারবাবু বললেন, ‘আজ্ঞে, ওই জোরেই তো করে খাচ্ছি৷ ঘুষি মেরেও তো দাঁত ফেলা যায়, কিন্তু এমন খুস করে দাঁত ফেলতে ক’টা লোক পারে৷ ওই তো বিলেতফেরত জোয়ারদর৷ টেন রুপিজ এ টুথ৷ এমন হ্যাঁচকা টান মারে চোয়াল উপড়ে চলে আসে৷ এক দাঁত তুলতে আর-এক দাঁত তুলে ফেলে৷’

‘সে যদি বলো, আমার বেলাতেও তোমার হাতে একবার সেই কেস হয়েছে৷’

‘আজ্ঞে না মুকুজ্যেমশাই, ওটা আমি ইচ্ছে করে করেছিলুম৷ আমার চয়েস৷ দুপাটি দাঁতই তো আমার হাতে ছিল৷ সবক’টাই তোলার কেস, আগে আর পরে৷’

‘ও যতই বলো তুমি, মানব না, আমি উকিল মানুষ৷ ও তোমাদের আদত৷ দাঁত বুঝতে পারো না৷ আমরাও যে কিছু বুঝতে পারব, সে উপায়ও রাখ না৷ ইনজেকশন দিয়ে অসাড় করে দাও৷ আর দাঁত তোলার সময় তোমাদের চোখ-মুখের চেহারাও অসুরের মতো হয়ে যায়৷’

‘হেঁ-হেঁ, কী যে বলেন৷’

‘হেঁ-হেঁ নয়, চিরকাল তাই হয়ে আসছে৷ চোখেও ওই এক কিত্তি৷ ডান চোখে ছানি বাঁ-চোখ কেটে ব্লাইন্ড করে দিলে৷ এরকম কেস আখচার হচ্ছে, যাক ওসব কথা৷ আমি এসে গেছি৷’

‘আজ্ঞে হ্যাঁ, বসুন৷ আপনার দাঁত রেডি৷’

ডাক্তারবাবু ভেতর থেকে ভেলভেটে মোড়া দু-পাটি দাঁত নিয়ে এলেন৷ টেবিলে খুলে রাখতেই মনে হল মুখ ছাড়াই দাদু হেসে উঠলেন৷ জিনিসটা দেখতে আসল দাঁতের মতো অমন ধবধবে সাদা নয়, একটু হলদেটে৷ নকল দাঁতের সঙ্গে নকল মাড়ি লাগানো৷ ভেলভেট দিয়ে ডাক্তারবাবু দাঁত দু-পাটি দাদুর হাতে তুলে দিতে-দিতে বললেন, ‘ফাসক্লাশ৷’

দাদু ফোঁস করে উঠলেন, ‘তুমি ফাসক্লাশ বললেই তো আর ফাসক্লাশ হবে না, আমাকে পরে দেখতে হবে৷’

‘হ্যাঁ-হ্যাঁ, সে তো নিশ্চয়, আপনি পরে দেখে নিন৷ পরে দেখে নিন৷’

দাদু এতবড় হাঁ করে দাঁত দু-পাটি একে-একে পরে ফেললেন৷ খটখট করে দুবার আওয়াজ হল৷ থলথলে মাংস ঝোলা ভালোমানুষ-ভালোমানুষ মুখটা কেমন যেন একটুখানি কঠোর-কঠোর হয়ে উঠল৷ দাদু আমার দিকে তাকিয়ে জিগ্যেস করলেন, ‘কী, কেমন বুঝছ?’

প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় দাঁতের বাদ্য হল৷ দাদুর ভুরু কুঁচকে উঠল৷ অসুবিধে ধরে ফেলেছেন৷ আমি বললুম, ‘বেশ দেখাচ্ছে৷ তবে মুখটা যেন কীরকম বদলে গেল৷’

ডাক্তারবাবু বললেন, ‘বাঃ, তা দেখাবে না৷ যৌবন ফিরে এল যে৷ গালটাল সব ভরাট হয়ে গেল৷’

দাদু বললেন, ‘সে আমি আয়নায় দেখব; কিন্তু কথা বলতে গেলে দুইরকম দন্তবাদ্য হচ্ছে কেন! মনে হচ্ছে শীতকালে বরফজলে চান করে কথা বলছি৷’

সত্যিই তাই৷ কথার পরেও কথা থেকে যাচ্ছে৷

‘ও মুকুজ্যেমশাই প্রথম-প্রথম একটু হবেই৷ নিজের দাঁত আর পরের দাঁত৷ তাছাড়া এতদিন মাড়ি খালি পড়ে ছিল, সেখানে হঠাৎ দাঁত এসে গেছে৷ অ্যাডজাস্ট করে নিতে দু-একদিন লাগবে৷’

‘আরে, কালই যে আমার বড় আদালতে কেস আছে! ফ্রিডাম অফ স্পিচ না থাকলে বিপক্ষের উকিল তো আমাকে পথে বসিয়ে দেবে৷’

‘তা হলে কাল না-হয় দাঁত খুলেই সওয়াল করবেন৷

‘তুমি বুঝছ না ডাক্তার, ফোকলা মুখে আইনের ভাষা ফসকে যায়, যেমন ধরো জুরিসপ্রুডেন্স, ম্যালাফাইড, লিটিগেশন৷ সাবজুডিস, অ্যাবরিভিয়েশান, অ্যাডজোর্নমেন্ট, অ্যালিমনি, সবই তো দন্তোষ্ঠ্য বর্ণ৷ দাঁত ছাড়া সওয়ালে কামড় কমে যায়৷ আদালত তো কামড়াকামড়ির জায়গা৷ পাকা নয়, ডাঁসা পেয়ারার কামড়৷ কাল আবার সেশান, কোর্টে লড়াই৷’

‘তা হলে আজ বরং বাড়ি গিয়ে আপনি ঘণ্টা তিনেক অনর্গল কথা বলে যান, যত সব শক্ত-শক্ত ল্যাটিন, ফরাসি, গ্রিক আর ইংরেজি শব্দ৷ বেছে-বেছে৷ তারপর কাপের জলে দাঁত দু-পাটি ভিজিয়ে রেখে শুয়ে পড়বেন৷’

‘তা পড়ব, তবে কিছু একটু চিবিয়ে দেখতে ইচ্ছে করছে৷ নতুন দাঁতের স্ট্রেংথ একটু টেস্ট করে দেখব না৷ যেমন ধরো চালভাজা, ছোলাভাজা৷’

‘একেবারে অতটা শক্ত জিনিস দিয়ে বউনি করবেন? সেটা ঠিক হবে না৷ সবই পারবেন, তবে ধীরে-ধীরে, সইয়ে-সইয়ে৷ আজ আপনি ভাত বা রুটি খান চিবিয়ে-চিবিয়ে, সজনেডাঁটা খান৷ তারপর ধরুন লেড়ো বিস্কুটে উঠলেন৷ প্রথম-প্রথম কামড়াবার জন্যে দাঁত একেবারে নিশপিশ করবে৷ মাড়ি সুড়সুড় করবে৷ যতই হোক নতুন দাঁত তো৷ শিশুদেরও নতুন দাঁত ওঠার সময় ওই রকমই হয়৷ জ্বর হয়, ঘ্যানঘান করে, পেট খারাপ হয়, শক্ত বিস্কুট পেলে কড়মড় করে চিবোয়, আঙুল কামড়ে দেয়৷’

‘আমারও জ্বর, পেট খারাপ হবে নাকি ডাক্তারবাবু?’

‘জ্বর হবে না, তবে পেটটা একটু সামলে৷ আর একটা সাবধান করে দি, দাঁত দিয়ে কোনও কিছু কামড়ে ছিঁড়ে আনার চেষ্টা করবেন না৷’

যেমন?’

যেমন ধরুন শাঁকালুর খোলা, কিংবা হাড় থেকে মাংস, আখ৷ ওই কুকুরে যেমন ছেঁড়াছিঁড়ি করে না, জিনিসটি চলবে না, পাটি থেকে দাঁত খুলে যাবে৷’

‘তা হলে আর কী দাঁত বাঁধালে তুমি?’

‘আজ্ঞে, এ আপনি কী বলছেন৷ বাঁধানো দাঁত আর নিজস্ব দাঁতে একটু তফাত তো হবেই৷ নিজস্ব দাঁত এক-একটা মাড়িতে দু ইঞ্চি-তিন ইঞ্চি শিকড় চালিয়ে বসে আছে৷’

‘আচ্ছা ডাক্তার, নিমদাঁতন করা যাবে?’

‘সে কী৷ দাঁতন কেন করতে যাবেন শুধু-শুধু৷’

‘শুধু-শুধু? নিমদাঁতন শুধু-শুধু? তুমি কী বলছ ডাক্তার? ডু ইউ নো হোয়াট ইজ নিম৷’ দাদু ভীষণ চটে উঠলেন৷ সিধুডাক্তার মিউমিউ করে বললেন, ‘আজ্ঞে না, আমি সেভাবে বলিনি, তবে এ দাঁতের তো মাজন আলাদা, তাই আর কি!’

‘নিম কি শুধু মাজন, নিম হল অ্যানটিসেপটিক, নিম ইজ এ মেডিসিন, পঞ্চবটের এক বট৷ আমি এই দাঁতেই নিমদাঁতন করব, আই মাস্ট, নিম ইজ মাই হেলথ, ওয়েলথ অ্যান্ড ফ্রেন্ড৷’

কড়কড়ে তিনশো টাকা গুনে-গুনে ডাক্তারের হাতে গুঁজে দিয়ে দাদু আমার হাত ধরে উঠে পড়লেন৷ টেন রুপিজ এ টুথ হলে তিনশো কুড়ি হবে৷ কী জানি, পাইকারি দাম বোধহয় তিনশো!

বাড়ি ফিরে দাঁত পরে দাদু চেয়ারে বসলেন৷ মা তেল দিয়ে মুড়ি মাখছেন৷ প্রথমে মুড়ি চিবিয়ে দাঁত পরীক্ষা হবে৷ দেওকিনন্দন নারকেল ভাঙছে৷ দু-এক কুচি নারকেলও পরীক্ষা করবেন৷ বাবা এর আগে মুখ ভালো করে দেখে রায় দিয়ে গেছেন, ন্যাচারাল টিথে আপনার ফেসকাটিং যেমন ছিল, ফলস টিথে একটু বদলে গেছে৷ ঠিক সে-রকমটি হল না৷ সামনের ঠোঁট উঁচু হয়ে আছে৷ সেই শার্পনেসটা নষ্ট হয়ে গেল৷

ওপরের ঠোঁটে হাতের চাপ দিতে-দিতে দাদু থেকে-থেকেই বলতে লাগলেন, ‘ও একটু উঁচু আছে তো কী হয়েছে, হাতের চাপে চাপেই ঠিক করে দেব৷ ওটার জন্যে ভাবি না৷ ভাবছি খুলে না পড়ে যায়৷’

মা মুড়ি দিতে-দিতে বললেন, ‘বাঃ, বেশ হয়েছে৷ একবার হাসুন তো৷’

দাদু লাজুক-লাজুক মুখে হাসলেন৷ মা বললেন, ‘বাঃ কী সুন্দর হাসি৷ মুক্তোর মতো সাজানো দাঁতের সারি৷ আমাদের সকলের যদি এমন হতো৷’

‘আমি খুব তাড়াতাড়ি অমন করে ফেলব মা৷ সামনের দুটো দাঁতে পোকা ধরিয়ে ফেলেছি৷’

‘বেশ করেছ৷ মাথা কিনে নিয়েছ৷’ মা হাত-পা নেড়ে মুখ ভেংচালেন৷ দাদুকে বলে গেলেন, ‘বাবা, কাল থেকে নিমদাঁতন৷’

দাদু বসে-বসে নতুন দাঁতে মুড়ি পরীক্ষা করতে লাগলেন, সঙ্গে আবার নারকেলকুচি৷ মনে-মনে ভাবলুম, হয়ে গেল, নতুন দাঁতের আজই বারোটা৷ পরে জানতে পারব, এখন পড়তে বসি৷

পরদিন দাদু কোর্ট থেকে ফিরে এলেন৷ ফরসা রঙে কালো চকচকে কোট৷ কেমন মানিয়েছে৷ বড় আদালতে কেমন লড়ে এলেন কে জানে৷ দাদুর পাশে থেকে থেকে আইনের ভাষা আমিও কিছু শিখে ফেলেছি৷ আজ বোধহয় সেই কেসটা ছিল, ফেলারাম ভার্সাস নগেন দাস৷ একটা নারকেল গাছ নিয়ে দুই মক্কেলে দশ বছর ধরে লড়ে যাচ্ছে৷ দাদুর মুখ গম্ভীর৷ বেতের মোড়ায় বসে জুতোর ফিতে খুলছেন নিচু হয়ে৷ মা সামনে এসে দাঁড়িয়ে ব্যাগটা হাতে তুলে নিতে-নিতে বললেন, ‘কী হল বাবা? এত গম্ভীর?’

দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘আর কী হল? এই দ্যাখো৷ কোটের পকেট থেকে দুপাটি দাঁত বেরোল৷ এ কী, দাঁত মুখ থেকে পকেটে! দুটো গোল-গোল চাকতি বেরোল৷ ‘দূর করে ফেলে দিয়ে আয় আস্তাকুঁড়ে৷’

মা আশ্চর্য হয়ে জিগ্যেস করলেন, ‘সে কী?’

দাদু ফেটে পড়লেন, ‘এই দাঁতের জন্যে আজ কনটেম্পট অফ কোর্ট হয়ে জেলে যেতে হচ্ছিল৷ নগেন দাসের উকিলকে আমি একেবারে ঠেসে ধরেছি নারকেলগাছ ফেলারামের দিকে প্রায় এনে ফেলেছি৷ জজসাহেবকে প্রায় বুঝিয়ে ফেলেছি৷ মুখ দিয়ে ইংরেজির তুবড়ি ছুটছে৷ হঠাৎ ওপর পাটির দাঁত ঠকাস করে খুলে পড়ে গেল টেবিলের ওপর, আর এই চাকতির একটা সুদর্শনচক্রের মতো ঘুরতে-ঘুরতে সোজা জজসাহেবের কপালে লেগে তাঁর টেবিলের ওপর৷ হোয়াট ইজ দিস? আমি উত্তর দেওয়ার আগেই উকিল বলে উঠলেন, দ্যাট ইজ ওয়াশার স্যার৷ জজসাহেব ইংরেজিতে জিগ্যেস করলেন কোত্থেকে এল, কে ছুঁড়েছে৷ তিনি বললেন, ইট কেম ফ্রম হিজ মাউথ৷ আপনার মুখ এঁটো করে দিয়েছে৷ আমি তখন আর একপাটি দাঁত নিয়ে টানাটানি করছি৷ না খুলতে পারলে কথা বলতে পারছি না, ক্ষমা চাইতে পারছি না৷ কী অপমানজনক ব্যাপার! বিরোধী উকিল বলছেন, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ স্পিটিং অন ইওর ফেস মিলর্ড৷ প্রমাণ করতে চায় আমি থুতু দিয়েছি জজসাহেবের গায়ে৷ কেস ঘুরে কনটেম্পট অফ কোর্টের দিকে চলে যায়-যায়৷ তখন ফোকলা মুখে শুরু করলুম৷ ঘণ্টাখানেক ধস্তাধস্তি করে সেই কেসকে টেনে আনলুম আমার দিকে৷ তরি ডুবতে-ডুবতে ভেসে উঠল৷ কী অপমানজনক ব্যাপার বল তো! ফেলে দে, ফেলে দে, ওই দাঁদানো বাঁত৷’

দাঁদানো বাঁত? সে আবার কী? উত্তেজনায় বাঁধানো দাঁত বলতে গিয়ে দাদু দাঁদানো বাঁত বলে ফেলেছে৷ সেই দাঁত রাগ কমে যেতে দাদু পরেছিলেন৷ অভ্যেসও হয়ে গেল, কিন্তু দাঁদানো বাঁত আর বাঁধানো দাঁত হল না৷ চিরকালের মতো উলটে রইল৷ সোজা আর হল না৷ যখনই বলেন, ওই ব্যাপার আমার দাঁদানো বাঁত৷

সকল অধ্যায়
১.
সেই রাত
২.
হেডস্যারের মায়াজাল
৩.
রেখা
৪.
নিরঞ্জন স্যার
৫.
নবেন্দুর দলবল
৬.
জনার্দনের জরদার কৌটো
৭.
হাসি কান্না চুনি পান্না
৮.
রাবণবধ
৯.
হেডস্যারের সমাজসেবা
১০.
এক রাজার গল্প
১১.
রসবড়া
১২.
বাঘের সার্কাস
১৩.
সাইকেল বিভ্রাট
১৪.
দেশি সাহেব,বিলিতি নেড়ি
১৫.
বেত আর বাত
১৬.
এই সেই বাড়ি
১৭.
কাঁঠাল
১৮.
আমি অন্তহীন
১৯.
আনারকলির উপহার
২০.
আছে কোথাও
২১.
ঘুরঘুরে
২২.
অঞ্জলি
২৩.
অঙ্কই ভগবান
২৪.
দিদি
২৫.
সিঁড়ি
২৬.
পেয়ারা গাছ
২৭.
কণ্ঠস্বর
২৮.
সাটিন-ভেলভেট
২৯.
বন্ধু
৩০.
অরণ্যের উপকথা
৩১.
শেষ গোলাপ
৩২.
অনুসন্ধান
৩৩.
শান্তি
৩৪.
অংশীদার
৩৫.
টপ সিক্রেট
৩৬.
প্ল্যাটফর্ম
৩৭.
সাগর
৩৮.
রামুদা
৩৯.
হেডস্যার
৪০.
হেডস্যারের জুতো
৪১.
আলোর নিচেই অন্ধকার
৪২.
সে এক কাণ্ড
৪৩.
দাদুর কাঁঠাল
৪৪.
দাদুর ইঁদুর
৪৫.
দাদুর দ্বিতীয় ইঁদুর
৪৬.
দাদুর দাঁদানো বাঁত
৪৭.
দাদুর বেড়াল
৪৮.
দাদুর বাগান
৪৯.
অহিদার চোরধরা
৫০.
আমি ও টম
৫১.
টম আর দুলী
৫২.
বাবার বাবা
৫৩.
গোল
৫৪.
উদ্ধার
৫৫.
আজও দাঁড়িয়ে আছি
৫৬.
দুখপাইয়ে তো সুখ লাগাইয়ে
৫৭.
জ্ঞানী
৫৮.
দিদি আর পিকলু
৫৯.
শেষ খাওয়া
৬০.
নির্জন বনপথ
৬১.
ঋণ শোধ
৬২.
নতুন ফসল
৬৩.
অরূপ যাত্রা
৬৪.
পয়সার ফয়সালা
৬৫.
ফানুস
৬৬.
বালির ওপর পোল
৬৭.
বাঘমারি
৬৮.
কুশলের সাইকেল
৬৯.
আমিই গোয়েন্দা
৭০.
ফেরা
৭১.
গোলকিপার
৭২.
সন্ধান
৭৩.
ফুল হয়ে ফোটার কালে
৭৪.
কৃপা
৭৫.
বড় বিল
৭৬.
রকেট
৭৭.
দুটো বেজে পাঁচ
৭৮.
সোনার হরিণ
৭৯.
বিচার
৮০.
অনাথ
৮১.
ভোলা
৮২.
আগুন
৮৩.
ডানাকাটা পাখি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%