সমাজ বসু
— “আচ্ছা, তোমার কি কোনও আক্কেল নেই? আমার কোনও ব্যাপারেই কি একটুও মাথা ঘামাবে না?”
— “কেন কী হয়েছে?”
— “কী হয়েছে!? পাড়ার বাচ্চা ছেলেগুলো রোজ আমায় অপমান করে, আর স্বামী হয়ে তুমি নির্বিকার বসে থাকবে?”
— “রাজু, বুলু, তপনরা তো মাঠে ক্রিকেট খেলে। ওরা তোমায় অপমান করবে কোন দুঃখে?”
— “ঠিক আছে। যা করার আমিই করব। একাই থানায় যাব।”
* * * * *
— “বলুন ম্যাডাম, কী অভিযোগ?”
— “স্যার, পাড়ার কতগুলো বাচ্চা ছেলে ক্রিকেট খেলে। আমাকে দেখামাত্রই ‘বুলু বল কর’, ‘বুলু বল কর’ বলে রীতিমতো অপমান করে।”
— “আপনার কমপ্লেইন নিশ্চয়ই লিখব। তার আগে আপনার আর আপনার স্বামীর নাম বলুন।”
— “স্বামীর নাম অমিত কর। আর আমার নাম, বুলু বল কর।”