সমাজ বসু
ছ’মাস পর আবার এই বাড়িতে পা রাখল সুলেখা। মানুষটা চলে যাবার পর অনেক অপমান তাকে ফিরিয়ে দিয়েছিল। মনে পড়তে না পড়তেই দরজা খুলে গেল।
— “এ কী তুমি?” অসহায় বিধ্বস্ত সত্তর বছরের বৃদ্ধার প্রশ্ন।
— “কালই খবরটা পেলাম। আর থাকতে পারলাম না। সব নিষেধাজ্ঞা ভেঙে চলে এলাম। তাছাড়া অসুস্থ থাকাকালীন তোমার ছেলে বলেছিল, আমি না থাকলে মাকে দেখো।”
— “আমার পাপের শাস্তি আমাকে পেতে দাও। অপয়া তুমি নও। আমিই এক অপয়া। তা না-হলে ছেলের মৃত্যুর পর তোমার মতো এক দেবীকে তাড়িয়ে দি। আমায় তুমি ক্ষমা করো বউমা।” বৃদ্ধার দু’চোখ ভর্তি জল।
— “কাঁদছ কেন মা? দেখছ না, ফটোয় তোমার ছেলের মুখে কেমন শান্তির ছায়া।”