বিশ্বরূপ মজুমদার

মুক্তি দাশ
দিনের বেলাটা যাহোক করে কেটে যায়, যত ভয় রাতে। রাত যেন মুন্নার জীবনে বিভীষিকা! বিশেষত, শীতের রাত। ফুটপাতের একদিকে ছেঁড়া চাটাই পেতে ছেঁড়া কম্বল গায়ে জড়িয়ে মায়ের গায়ে লেপটে থেকে ওম নেয় মুন্না। তবু কাঁপতে থাকে হি-হি করে।
মাঝরাতে হঠাৎ হইচই। চিৎকার চেঁচামেচি। হাহাকার! মুন্নার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙল তার মায়েরও। চারিদিক আলোয় আলোময়। সামনের বস্তিতে আগুন লেগে গেছে। আগুনের লেলিহান শিখার ছোবল একপাশে দাঁড়িয়ে দেখছে মায়ে-পোয়ে। বস্তিজুড়ে কান্নার রোল। আগুনের সে কী তেজ, কী উত্তাপ!
শীতে কুঁকড়ে থাকা মুন্না হঠাৎ টানটান হয়ে দাঁড়াল। মায়ের হাতটা শক্ত করে ধরে চেঁচিয়ে বলল, “আমার আর শীত করছে না মা!”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন