সমাজ বসু
— “কাল রাতে ছ’টা রসগোল্লা ফ্রিজে রেখেছিলাম। চারটে কী করে হল! দুটো কে খেয়েছে?”
পাশের ঘর থেকে ছুটে আসে বাবাই।
— “ঠাম্মি, কাল রাতে দাদানের কাছে গল্প শুনতে শুনতে খুব খিদে পেয়েছিল। তাই ফ্রিজ খুলে একটা আমি খেয়েছি। আর একটা দাদানকে দিয়েছি। কী সুন্দর খেতে। দাদান আর একটা চাইছিল। কিন্তু আমি দিইনি।”
— “এতবার বারণ করা সত্ত্বেও, তুমি আবার মিষ্টি খেয়েছ? তোমার জ্বালায় কি দু’-একটা মিষ্টিও রাখতে পারব না? যত বয়স বাড়ছে তোমার লোভ বাড়ছে।” চিৎকার করে বাড়ি মাথায় তুললেন সোহিনী দেবী।
— “কী দাদান, কেমন লাগছে। সকালে আমার নামে নালিশ করে মা’র কাছে বকা খাইয়েছ, মনে আছে? তাই একটা রসগোল্লা খাইয়ে বদলা নিলাম।”