শ্যামা নন্দী
টিফিন পিরিয়ডে ক্লাস নাইনের সেকেন্ড বয় অরণি দ্যাখে ক্লাসের ফার্স্ট বয় রোহন বেঞ্চিতে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে।
— “কি রে খিদে পায়নি? চল ঘুগনি খেয়ে আসি।”
— “তুই যা, আমি খাব না।”
— “ঠিক আছে, তাহলে আমারও আজ খাওয়া হবে না।”
— “তুই যা। সত্যি আমার খিদে নেই।”
— “কী হয়েছে তোর? আমাকে বলবি না?”
— “মাধ্যমিক পরীক্ষাটা মনে হয় দেওয়া হবে না। পাঁচ মাসের মাইনে বাকি। রেজিস্ট্রেশনের টাকাটাও বাবা জোগাড় করতে পারছেন না। পদার্থবিদ্যা আর বাংলা বইটা এখনও কেনা হয়নি।”
— “আগে বলবি তো। বাবাকে বলে কালই বইয়ের ব্যবস্থা করছি। এখন থেকে আমার বই তোরও। পরীক্ষা হলে তুই আমার প্রতিদ্বন্দ্বী হলেও আমরা কিন্তু টুরু ফ্রেন্ড।”