সমাজ বসু
— “আজ শনিবার, নিরামিষ রান্না। পোস্ত বাটতে হবে। পেঁপে, ঝিঙে, শাক এতকিছু কাটার আছে। কত করে বললাম, আজ কামাই করিস না। এগারোটা বাজতে চলল, আর কখন আসবে? দেখে নিস, আজ নির্ঘাত ডুব মারবে।”
হঠাৎ কলিংবেল বেজে উঠতেই মেয়ে গিয়ে দরজা খুলেই চেঁচিয়ে উঠল — “মা, সরমাদি এসেছে।”
— “কীরে, এত দেরি করলি? তোর এত দেরি দেখে জলখাবারটা করে নিয়েছি।”
— “আরে আগেই চলে আসতুম গো। বাবারে বাবা কী লাইন গো মা!” বলতে বলতে আঁচলের খুঁট থেকে তিনখানা বিপত্তারিণী সুতো বের করে সরমা। “ক’দিন ধরেই তোমার শরীরটা ভালো যাচ্ছে না। তাই বাবুর, তোমার আর দিদির জন্য ডোরগুলো আনলুম। নাও ধরো। রান্নাঘর থেকে বেরিয়ে এসো দেখি।”