অশোককুমার মিত্র, প্রসাদরঞ্জন রায়
এক ছিল তাঁতি৷ সে যেমনি বোকা তেমনি কুঁড়ে, তাই তার স্ত্রী রোজ নিজে বাজার করে আনত৷ একদিন স্ত্রীর বড়ো অসুখ হল তাই সে তাঁতিকে বলল, 'আজ তুমি বাজার করে আনো৷' তখন তাঁতি ছাতা মাথায় দিয়ে বাজার করতে চলল৷ যাবার সময় তার স্ত্রী ছাতার আগায় পয়সা বেঁধে দিল, আর বলে দিল, 'খানিক দূরে গেলেই দেখবে একজায়গায় খুব গোলমাল হচ্ছে, সেইটেই বাজার৷' তাঁতি তো একটুখানি গিয়েই দেখে একটা গাছের ডালে মেলা পাখি বসেছে আর খুব কিচিরমিচির করছে৷ দেখেই সে বলল, 'এই তো খুব গোলমাল হচ্ছে-নিশ্চয়ই এইটে বাজার৷ এখন তবে পয়সা বার করি৷' ওই যা! পয়সা তো ছাতার আগায় বাঁধা রয়েছে! মাথার উপর ছাতা, তার উপরে পয়সা-পয়সা পাড়বে কেমন করে? হাত উঁচু করতে গেলে সঙ্গে সঙ্গে ছাতাটাও উঁচু হয়৷ তখন সে লাফ দিয়ে পয়সাটা ধরতে গেল; কিন্তু একী! ছাতাটাও সঙ্গে সঙ্গে লাফায় কেন? তাঁতি মাথায় হাত দিয়ে ভাবতে বসল৷ এমন সময় সে হঠাৎ দেখতে পেল সামনে মই রয়েছে৷ অমনি সে তাড়াতাড়ি মইয়ের উপর চড়তে গেল৷ কিন্তু সে যতই উঁচুতে ওঠে ছাতাটাও সঙ্গে সঙ্গে উঠতে থাকে! তখন তার স্ত্রীর উপর ভারি রাগ হল, কেন সে এত উঁচুতে পয়সা বেঁধে দিল যে মই দিয়েও পাড়া যায় না?
তখন সে বাড়ি ফিরে এসে স্ত্রীকে বলল, 'বাজারে গিয়েছিলাম, কিন্তু তোমার কীরকম বুদ্ধি? এত উঁচুতে পয়সা বেঁধে দিয়েছ যে, মই লাগিয়েও পাড়া গেল না৷' তখন তার স্ত্রী মাথা থেকে ছাতা নামিয়ে পয়সাগুলো তার হাতে দিল-আর তাকে খুব করে বকে দিল৷ তাঁতি পয়সা নিয়ে আবার সেই গাছের তলায় বাজার করতে গেল৷
গাছের উপরে বাজার বসেছে কিনা, কাজেই সে গাছে চড়তে লাগল৷ কিন্তু সে উপরে না পৌঁছোতেই পাখিগুলো সব ভয়ে উড়ে পালাল৷ তখন সে ভাবল, 'ওই যা! বাজার ভেঙে গেল৷' উঠতে উঠতে বেচারার বড়ো পরিশ্রম হয়েছে তাই সে ভাবতে লাগল এখন কী করি? নামতে গেলে অনেক সময় লাগে তা ছাড়া হাঙ্গামা আর পরিশ্রমও খুব৷ লাফিয়ে পড়লে কতকটা সহজ, কিন্তু-মাটি যে অনেক নীচে৷' বেচারা আর কিছু ঠিক করতে না পেরে একটা গাছের ডাল ধরে ঝুলে রইল আর ভাবতে লাগল, 'তাই তো, কী করি?' এমন সময় কতগুলো লোক রাজবাড়ির হাতিতে চড়ে তলা দিয়ে যাচ্ছিল৷ তাঁতি তাদের দেখে বলল, 'ভাই, আমাকে নামিয়ে দাও না৷' তাই শুনে একজন লোক তাঁতির পা ধরে টানতে গেল৷ কিন্তু তাঁতি গাছের ডাল শক্ত করে ধরে আছে কিছুতেই ছাড়ে না-কাজেই লাভের মধ্যে হল এই, হাতিটা চলে গেল আর সেই লোকটা তাঁতির ঠ্যাং ধরে ঝুলতে লাগল৷ এমনি করে সকাল কেটে গেল, দুপুরে রোদে তাদের মাথা গরম হয়ে উঠল৷ তাঁতি জিজ্ঞাসা করল, 'ভাই তুমি কী কাজ কর?' সেই লোকটা বলল, 'আমি রাজবাড়িতে গান করি৷' তাঁতি বলল, 'একটা গান করো না৷' অমনি রাজবাড়ির গাইয়ে 'তানানা তাইরে তানা' করে সুর ধরল৷ তাঁতি তাতে মহা উৎসাহে যেই ধাঁই করে হাঁটুর উপর তাল ঠুকতে গিয়েছে অমনি হাত ছাড়া মাত্র দু-জনে গাছের থেকে পড়ে মাথায় আর মাটিতে এমনি তাল ঠুকে গেল যে তাইরে নারে ছেড়ে তারা বাপরে মারে করতে করতে বাড়ি ফিরে গেল৷
জ্যৈষ্ঠ ১৩২১

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন