সেতু বন্ধন

অশোককুমার মিত্র, প্রসাদরঞ্জন রায়

বেলা দুপুর৷ উৎপলাক্ষী ছেলের খোঁজে সমুদ্রের ধারে এসে দেখলেন সেতুবন্ধনের কাজ প্রায় শেষ৷ ভিড়ের মধ্যে স্বামী উল্লম্ফককেও দেখতে পেলেন৷ ঘর্মাক্ত শরীরে আর সবার সঙ্গে পাথরের চাঁই নিয়ে জলে ফেলছেন৷ নিশ্বাস ফেলারও সময় নেই কারও৷ মনে হয় কাজ শেষ না করে আজ আর কেউ বাড়ি ফিরবেন না৷

কিন্তু ঝম্পক কোথায়? ছেলেমানুষ বলে তাকে বয়োজ্যেষ্ঠ বানরেরা কাছে ঘেঁষতে না দিলেও সে আশেপাশেই থাকে অন্যদিন৷ হঠাৎ খিলিখিলি কিচিমিচি হাসির শব্দে উৎপলাক্ষী ঘাড় ফেরালেন৷ কিছু দূরে একটা ফাঁকা জায়গায় ঝম্পক আরও দু-টি কিশোর বয়স্ক বানরের সঙ্গে খেলায় মত্ত৷ একে অন্যের লেজ ধরে ত্রিভুজাকৃতি হয়ে ছড়া বলতে বলতে বাঁই বাঁই করে ঘুরছে৷ শিশু বানরদের খুব প্রিয় খেলা এটি৷ নিজের শৈশবের কথা মনে পড়ায় উৎপলাক্ষীর মুখে মৃদু হাসি ফুটে উঠল৷ ছড়াটা তাঁর এখনও মনে আছে-

লেজে লেজে বেন্ধে নাও

হুপ হাপ লম্ফ দাও৷

ক্ষুদ্র বৃহৎ লাঙ্গুলে

লাঙ্গুলে আর আঙ্গুলে৷

আম্রফলার চাটপোট

আমরা সবাই একজোট৷৷

উৎপলাক্ষী তাকিয়ে দেখলেন, অন্য বানর দু-টি হেসে গড়িয়ে পড়ছে৷ তিনি একটু গলা চড়িয়ে ডাকলেন, 'ঝম্পক! বেলা হল, বাড়ি আসবি না?' ঝম্পক মাকে দেখে তিন লাফে কাছে এসে বলল, 'মা, ওই ওরাও আজ আমাদের সঙ্গে খাবে৷' উৎপলাক্ষী বললেন, 'বেশ তো, কিন্তু ওদের মা ভাববেন না?'

'না, মা, ওদের মা-বাবা তো এখানে নেই৷ ওরা এখানকার নয়৷ বাইরে থেকে এসেছে সেতুবন্ধন দেখতে৷'

'ও, ঠিক আছে৷ পাকা কলা, পেয়ারা, বদরী, অনেক আছে৷ ওদের ডেকে নিয়ে আয়৷'

ঝম্পক মহা উল্লাসে হুপ করে একটা লাফ দিয়ে বলল, 'তুমি যাও মা, আমরা এক্ষুনি আসছি৷'

বাড়ি ফিরে উৎপলাক্ষী খাবার গুছিয়ে রাখছেন, এমন সময় কিচিমিচি হুপহাপ করে শোরগোল তুলে ঝম্পক দুই বন্ধু নিয়ে এসে পড়ল৷ চোখ তুলে উৎপলাক্ষী অবাক৷ এরা কারা ঝম্পকের সঙ্গে? বানর নয় তো! প্রচণ্ড বলশালী সুগঠিতদেহ দুই কিশোর৷ আকৃতি মানুষের মতো হলেও দৈর্ঘ্য-প্রস্থ দেখলে ঠিক মানুষ বলেও মনে হয় না৷ তিনি আশ্চর্য হয়ে ঝম্পকের দিকে তাকাতে সে হ্যা-হ্যা করে হেসে বলল, 'কী, মা? কেমন ঠকিয়েছি? খুব চমকে গেছ তো? ওরা কে শুনলে আরও চমকাবে৷' তারপর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, 'এই বল না৷'

কিশোর দু-টি হাত জোড় করে বলল, 'খুড়িমা, আমরা রাক্ষসবংশীয়৷ লঙ্কা থেকে এসেছি সেতুবন্ধন দেখতে৷'

খুড়িমা সম্বোধনেই উৎপলাক্ষীর মন গলে গিয়েছিল৷ তিনি সস্নেহে বললেন, 'বসো বাবা৷ কিন্তু লঙ্কা থেকে এখানে কোন সাহসে এলে তোমরা? ভয় করল না?'

Cov168

'খুড়িমা, আমরা তো বানরের ছদ্মবেশে এসেছি৷ মা বলেছেন যুদ্ধ শুরু হলে লঙ্কা ধ্বংস হয়ে যাবে৷ আমরাও আর থাকব না হয়তো৷ তাই ভাবলাম এই বেলা সেতুবন্ধনটা দেখে নিই, নইলে একটা আফশোস থেকে যাবে৷'

ছেলে দু-টির কথায় উৎপলাক্ষী চোখে জল এসে গিয়েছিল৷ তিনি সজল চোখে বললেন, 'ছদ্মবেশ ছেড়ে ভালো করনি বাছারা, কে কোথা থেকে দেখতে পাবে৷' ছোটো ছেলেটি বলল, 'এই ঝম্পকটা আমাদের আসল চেহারা দেখতে চাইল৷' বড়োটি হেসে বলল, 'নিজেদের চেহারায় এসে আমরা হাঁফ ছেড়ে বেঁচেছি৷ বেশিক্ষণ ছদ্মবেশে থাকতে গেলে হাঁসফাঁস লাগে বড্ড৷'

'তোমাদের নাম কী বাবা?'

'আমার নাম ব্যূঢ়োরস্ক, আর আমার ছোটো ভাইয়ের নাম বৃষস্কন্ধ৷'

'বাপরে! দারুণ খটোমটো নাম তো! আমি বরং তোমাদের বুড়ো আর বিশু বলে ডাকব৷' দুই কিশোর রাক্ষস একগাল হেসে বলল, 'আমাদের বাবা-মাও তাই ডাকেন৷'

তিন বন্ধু আর মা মিলে গল্পগুজব করে খাওয়া-দাওয়া চলছে, এমন সময় দরজায় ছায়া পড়ল৷ চারজন তাকিয়ে দেখে উল্লম্ফক৷ উৎপলাক্ষীর মুখ শুকিয়ে গিয়েছিল, তবু স্বাভাবিক হবার চেষ্টা করে বললেন, 'সেতু বাঁধা শেষ?' উল্লম্ফক ভেতরে এসে বসতে বসতে বললেন, 'হ্যাঁ, একেবারে সম্পূর্ণ৷ তারপর দুই নবাগত কিশোরকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন, 'এরা?'

দুইজনেই নত হয়ে প্রণাম জানিয়ে বলল, 'পিতৃব্য, আমরা রাক্ষস৷ লঙ্কা থেকে এসেছি৷ সেতুবন্ধন দেখতে ভারি ইচ্ছে করছিল, তাই৷'

উল্লম্ফক ভ্রূকুঞ্চিত করে বললেন, 'রাক্ষস? গুপ্তচর?'

ঝম্পক তাড়াতাড়ি বলল, 'বাবা, ওরা আমার বন্ধু৷' উৎপলাক্ষী বললেন,

'গুপ্তচর হলে কি ওরা প্রথমেই নিজের পরিচয় দিত? ওরা ছেলেমানুষ, ওসব ছলাকলা জানে না?'

উল্লম্ফক গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, 'তোমাদের নাম?'

'আমার নাম ব্যূঢ়োরস্ক আর ও বৃষস্কন্ধ৷'

বৃষস্কন্ধ হেসে বলল, 'বাবা-মা আমাদের বুড়ো আর বিশু বলে ডাকেন৷ খুড়িমা আর ঝম্পকও তাই৷'

'বিশু?' উল্লম্ফক একটু অন্যমনস্ক হয়ে বললেন, 'অনেকদিন আগে বিশু নামে আর একজন রাক্ষসের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল৷ যুবরাজ বালীর আদেশে আমি একবার লঙ্কায় গিয়েছিলাম লঙ্কাধিপতির কাছে দূত হয়ে৷ সেই সময় আলাপ হয়েছিল৷ তার নাম ছিল বিশঙ্কট৷'

বুড়ো আর বিশু একটু মুখ চাওয়াচাওয়ি করে বলল, 'তিনি তো আমাদের বাবা৷'

'বল কী? প্রভঞ্জন রাক্ষসের ছেলে বিশঙ্কট?'

'হ্যাঁ, প্রভঞ্জন তো আমাদের ঠাকুরদাদার নাম৷'

'তোমরা তো তাহলে আমার বন্ধুপুত্র৷ বাঃ বাঃ, ভারি খুশি হলাম তোমাদের দেখে৷'

উৎপলাক্ষী এতক্ষণে একটা স্বস্তির নিশ্বাস ফেললেন৷

'প্রভঞ্জন তো খুব বুড়ো হয়েছেন বোধ হয়?'

বুড়ো বলল, 'হ্যাঁ তা হয়েছেন৷' বিশু ওকে বাধা দিয়ে বলল, 'তবে গায়ে এখনও যা জোর না৷ এখনও একাই এক-শোটা বা-'

উল্লম্ফক হেসে বললেন, 'বলো বলো, থামলে কেন? আমি দেখেছি তোমার দাদা তোমাকে চিমটি কেটে থামিয়ে দিয়েছে৷ ভয় নেই, আমি কিছু মনে করব না৷ তুমি বলতে যাচ্ছিলে, এখনও একাই এক-শোটা বানর খেতে পারেন৷ তাই তো?'

বিশু লজ্জিত হয়ে বলল, 'না, না, আমি বলছিলাম ঠাকুরদা এখনও একাই এক-শো জন বানরের সঙ্গে লড়তে পারেন৷'

'আরে এদিকেও অনেক বানর আছেন যাঁরা একাই এক-শো জন রাক্ষসকে ঘায়েল করতে পারেন৷ দু-পক্ষেই মহাবীরও যেমন আছেন, আবার আমার মতো ভিরু কাপুরুষও আছেন৷ আমার আবার যুদ্ধ-টুদ্ধ একদম ভালো লাগে না বুঝলে? কী জানি, তবু হয়তো সেই যুদ্ধেই এবার প্রাণটা দিতে হবে৷'

কিছুক্ষণ সবাই স্তব্ধ হয়ে বসে রইল৷ তারপর বুড়ো বলল, 'কাকা, মা আমাদের সূর্যাস্তের আগেই ফিরে যেতে বলেছেন৷'

উল্লম্ফক আর উৎপলাক্ষী দু-জনেই ব্যস্ত হয়ে পড়লেন, 'হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই৷ বিকেল হয়ে গেল, আর দেরি নয়৷ তোমরা ছদ্মবেশ ধরে নাও৷'

মুহূর্তেই দু-জনে দুই কিশোর বানরে রূপান্তরিত হল৷ ঝম্পক তার বাবা-মার সঙ্গে ওদের এগিয়ে দিতে এল সমুদ্রের ধারে৷ বিশু বলল, 'চলি রে ঝম্পক৷ মনে রাখিস, যুদ্ধে যে পক্ষই জিতুক, আমরা কিন্তু বন্ধু৷' ঝম্পক বলল, 'তোরাও মনে রাখিস৷'

কয়েকদিন পরের কথা৷ যুদ্ধ শেষ হয়েছে৷ উল্লম্ফক ঘরে ঢুকে বললেন, 'একী, মায়ে-পোয়ে চুপচাপ বসে আছ? বিজয়োৎসবে যাওনি?' তারপর একটু উৎকর্ণ হয়ে বললেন, 'কাঁদে কে?'

উৎপলাক্ষী বিষণ্ণ গলায় বললেন, 'পাশের বাড়ির শিলাঙ্গী কাঁদছে৷ ওর স্বামী আর ছেলে দু-জনেই যুদ্ধে মারা গিয়েছে৷'

ঝম্পক করুণ কন্ঠে বলল, 'বুড়ো আর বিশু কেমন আছে কে জানে! আচ্ছা বাবা, ওরা তো আমাদের বন্ধু৷ ওদের সঙ্গে তো আমাদের কোনো ঝগড়া নেই৷ তবে?'

উল্লম্ফক প্রথমে উত্তর দিতে পারলেন না৷ একটু চুপ করে থেকে বললেন, 'ওরা বালক, নিশ্চয়ই বেঁচে আছে৷ কিন্তু ওদের বাবা, আমার বন্ধু বিশঙ্কট হয়তো বীরের মতো প্রাণ দিয়েছে৷'

ঝম্পক হঠাৎ লাফিয়ে উঠে বলল, 'আমি চললাম৷ যুদ্ধ শেষ এখন তো আর কোনো ভয় নেই৷ আমি লঙ্কায় চললাম৷'

উৎপলাক্ষী আর্ত স্বরে বললেন, 'ওরে যাস না৷'

উল্লম্ফক ধীর স্বরে বললেন, 'একটু দাঁড়া, আমিও আসছি৷'

অনেক রাত৷ রাক্ষস বিশঙ্কটের বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দের সঙ্গে কিচিমিচি গলায় শোনা গেল, 'বুড়ো, বিশু দরজা খোল৷' বিশুর সঙ্গে সঙ্গে ক্ষতবিক্ষতদেহ বিশঙ্কট এসে দরজা খুলে দিলেন৷ উল্লম্ফক আর ঝম্পক ঢুকল, পিছন পিছন উৎপলাক্ষী৷ ঝম্পক বিশুর দিকে চেয়ে বলল, 'মাও এসেছেন জোর করে৷ বুড়ো কই?' বিশঙ্কট রুদ্ধ স্বরে বললেন, 'বুড়ো বোধ হয় আর বাঁচবে না৷'

'সেকী?'

'বুড়ো কাল কৌতূহলী হয়ে একটা গাছের উপর চড়ে যুদ্ধ দেখছিল৷ একটা ত্রিশূল কোথা থেকে এসে ওর বুকে বিঁধে যায়৷ সেটা টেনে তুলে ফেলেছি৷ কিন্তু আজ বিকেল থেকে ও আর কথা বলছে না৷ নিশ্বাসও একটু আগে বন্ধ হয়ে গেল৷'

'কই দেখি!' তিন বানর মিলে খাটে শুয়ে থাকা বুড়োর কাছে এগিয়ে গেল৷ মাথার কাছে বসা বুড়োর মা হাউহাউ করে কেঁদে বললেন, 'কতবার যেতে বারণ করেছিলাম৷'

হঠাৎ বুড়োর মুখ থেকে একটা অস্ফুট কাতরোক্তি শুনে ঝম্পক লাফিয়ে উঠে বলল, 'এই তো বুড়ো বেঁচে আছে৷ এই যে, নিশ্বাস পড়ছে৷' বিশঙ্কট, বিশু আর ওর মা ব্যগ্র হয়ে বুড়োর মুখের দিকে চাইলেন৷ ঝম্পক উদ্ভাসিত মুখে চেঁচিয়ে বলল, 'মা, আমাদের মৃতসঞ্জীবনীতে কাজ হয়েছে৷ তার মানে বিশল্যকরণীতেও হবে৷ মৃতসঞ্জীবনীর গন্ধেই বুড়োর নিশ্বাস বইছে৷ জ্ঞানও আসবে৷'

উৎপলাক্ষীর মুখে এইবার হাসি ফুটল৷ বিশঙ্কটের স্ত্রী রাক্ষসী কৃশোদরীর দিকে চেয়ে হেসে বললেন, 'দিদি আর ভয় নেই৷ হনুমানদাদা যখন গন্ধমাদন নিয়ে এসেছিলেন, তখন আমরা অনেকেই চুপিচুপি মৃতসঞ্জীবনী আর বিশল্যকরণীর চারা সেখান থেকে নিয়ে বাড়িতে লাগিয়েছিলাম৷ অনেক চারা হয়েছে বাড়িতে৷ তাই, নিয়েই এসেছিলাম সঙ্গে করে৷ একটু ভয় ছিল, কী জানি কাজ হয় কি না! যান, শিগগির খল-নুড়ি নিয়ে আসুন৷'

তিন বানর আর তিন রাক্ষস-রাক্ষসী মিলে দারুণ ব্যস্ত হয়ে মৃতসঞ্জীবনী আর বিশল্যকরণীর রস করতে লেগে গেল৷

শারদীয়া ১৩৯৬

সকল অধ্যায়
১.
চাং
২.
হাবুর বাবুগিরি
৩.
ভবম হাজাম
৪.
হুড়ুকবাজ সিং
৫.
হাতির ভয়
৬.
বোকা তাঁতি
৭.
ঝানু চোর চানু
৮.
বাঘ মামা
৯.
শ্বেতব্রাহ্মণের উপাখ্যান
১০.
এক হল দুই
১১.
রামভজনের ঘোড়া কেনা
১২.
দাশুর কীর্তি
১৩.
বুনো মোষ পোষমানা
১৪.
ষর্ণশের্ণ
১৫.
নেড়ুর ভয়
১৬.
হেঁড়ে-গর্জন দৈত্য
১৭.
চোর আর ঠগ
১৮.
আলি ভুলির দেশে
১৯.
বড়ো গদাই আর ছোটো গদাই
২০.
পুরস্কার
২১.
হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি
২২.
ঠেকে শেখা
২৩.
যুদ্ধের গল্প
২৪.
বন্ধুর দান
২৫.
মানুষের ইতিহাস
২৬.
সূর্যমুখীর কথা
২৭.
ন্যাপলা
২৮.
খেয়ালহারা
২৯.
পরিবর্তন
৩০.
আচ্ছা জব্দ
৩১.
সে
৩২.
মিষ্টি মুখ
৩৩.
চিচিং ফাঁক
৩৪.
অপরূপ রাজ্য
৩৫.
গরিবের দান
৩৬.
চোর ধরা
৩৭.
ময়ূরপঙ্খি
৩৮.
সম্পাদকের সমস্যা
৩৯.
তাইতো
৪০.
লাঠি-সমস্যা
৪১.
খুকির নাম
৪২.
স্বপ্নাদ্য ঔষধ
৪৩.
অজানা কুটুম
৪৪.
রায় মহাশয়ের গল্প
৪৫.
সমরের ষড়যন্ত্র
৪৬.
সুধাং-অ্যাং
৪৭.
ফাঁকিবাজের শিক্ষা
৪৮.
ঘঙ্গোপাধ্যায়
৪৯.
নিশুর বিপদ
৫০.
ফুটবল ম্যাচ
৫১.
এক ভাল্লুকের গল্প
৫২.
কৃপাময়
৫৩.
সেজমামার চন্দ্রযাত্রা
৫৪.
রূপসায়রী
৫৫.
দুই পড়শি
৫৬.
সন্দেশের চিঠি
৫৭.
সদাশিবের ঘোড়া-ঘোড়া কাণ্ড
৫৮.
ভবানন্দের কাশীযাত্রা
৫৯.
প্রথম পুরস্কার
৬০.
কালো মানিক
৬১.
চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওয়ালা
৬২.
গোবিন্দ গোয়েন্দা
৬৩.
দুগ্যো সদ্দার
৬৪.
ক্যাপ্টেন মুকুন্দরাম
৬৫.
অসমঞ্জবাবুর কুকুর
৬৬.
পিপীলিকা আতঙ্ক
৬৭.
মরুপ্রাসাদের রহস্য
৬৮.
সাতজনের তিনজন
৬৯.
গোরুর বিচার
৭০.
সংস্কার
৭১.
গঙ্গোত্রীর মহাপুরুষ
৭২.
মিনিয়েচারের বোম্বাই যাত্রা
৭৩.
চিতা কাহিনি
৭৪.
বটুকেশ্বরের আবির্ভাব
৭৫.
নিবারণের সমস্যা
৭৬.
ফোর্থ টেস্ট
৭৭.
টাক এবং ছড়ি রহস্য
৭৮.
কলাবতীর ময়দান রিপোর্টিং
৭৯.
ভোটরঙ্গ
৮০.
ঢেউয়ের পরে ঢেউ
৮১.
পাগলা গণেশ
৮২.
সেতু বন্ধন
৮৩.
চিপুরি বিলের মহাশোল
৮৪.
রামেশ্বরের অসমাপ্ত কাজ
৮৫.
বলো তো কে এসেছিল ডিনারে
৮৬.
বোকা রাজার বুদ্ধিমতী রানি
৮৭.
টিপলুর ইতিহাস চর্চা
৮৮.
সোনার মেডেল উধাও
৮৯.
তুতানের বন্ধু
৯০.
ভূত মরলে কী হয়
৯১.
কথারা সব বেরিয়ে পড়েছিল
৯২.
বড়দার কবে ভালো লাগবে
৯৩.
শিবের অসাধ্যি
৯৪.
জয়রামের সিন্দুক
৯৫.
সংবাদের নেপথ্যে
৯৬.
নাড়কান্ডার নানাকাণ্ড
৯৭.
করণপুরার টাঁড়
৯৮.
সাঁঝবাতি
৯৯.
ক্রিকেট খেলার উপকারিতা
১০০.
অলক্ষ্যে হাসে মহাকাল
১০১.
লেখক-পরিচিতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%