অশোককুমার মিত্র, প্রসাদরঞ্জন রায়
একটি মেয়ে আছে তার নাম হচ্ছে ননু৷ আর তার দুই বন্ধু আছে, তাদের নাম হচ্ছে আলি আর ভুলি৷ কিন্তু তার সেই আলি আর ভুলি বন্ধুদের আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি৷ সে যখন একলা বসে খেলা করে, বকর বকর করে কত কথাই বলে৷ যদি জিজ্ঞাসা কর, 'কার সঙ্গে কথা বলছিস?' বলবে, 'আলি ভুলির সঙ্গে৷' খাবার সময়ে তাকে ডেকে ডেকে পাওয়া যায় না, যদি বল, 'কোথায় গিয়েছিলি?' বলবে, 'আলি ভুলির দেশে গিয়েছিলাম, তাদের সঙ্গে খেলা করতে করতে দেরি হয়ে গেল৷' একদিন সে আমাকে বলল, 'দেখো, ওই যে ঘাসের মধ্যে দিয়ে সরু রাস্তা দেখা যাচ্ছে, ওইখান দিয়ে, ওই ছোট্ট ঢিপি পার হয়ে, ওই গাছের পিছন দিয়ে আলি ভুলির দেশে যেতে হয়৷' তাদের দেশে নাকি কুড়িতলা, পঁচিশতলা বাড়ি আছে৷ সেই বাড়িতে কত আশ্চর্য আশ্চর্য জিনিস আছে৷ আলি ভুলি যখন-তখন এসে ননুকে তাদের দেশে ডেকে নিয়ে যায়৷ ভাত খেতে খেতে যদি আলি ভুলি আসে ননু ভাত খাওয়া ভুলে তাদের সঙ্গে চলে যায়৷ আমরা দেখি সে ভাতের গ্রাস হাতে নিয়ে কোন দিকে চেয়ে বসে আছে৷ কাজেই বুঝতে পার এই আলি ভুলি বড়ো সর্বনেশে বন্ধু৷ তোমরা যেন তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ো না৷ আলি ভুলির দেশ থেকে একদিন ননুর নিমন্ত্রণ এল-
উকুনে বুড়ির বিয়ে হবে পায়েস হবে বেশ
উকুনে বুড়ির মাটির কড়া, পায়েস হবে তাতে ভরা
পাড়ার লোকে পায়েস খাবে, পায়েস হবে শেষ৷
তখন সন্ধ্যে বেলা৷ ননু বই নিয়ে পড়তে বসেছে, তার মা বলেছেন, 'ভালো করে পড়বে, আলি ভুলির দেশে চলে যাবে না৷' কিন্তু নিমন্ত্রণ পেয়ে ননু মায়ের কথা ভুলে আলি ভুলির দেশে চলে গেল৷ উকুনে বুড়ির বিয়ে হবে সেই কুড়িতলা পঁচিশতলা কত আলো দিয়ে সাজানো হয়েছে, দূর থেকে যেন ঠিক কালীপুজোর দেয়ালির মতো দেখাচ্ছে৷ বাগানে মস্ত উনুনে মাটির কড়া ভরে পায়েস রান্না হচ্ছে৷ পায়েসের গন্ধে কত দেয়ালি পোকা, ঘুরঘুরে পোকা, ফড়ফড়ে ফড়িং, ডোরাকাটা ফড়িং সব সেখানে জড়ো হয়েছে৷ জোনাকি পোকারা গাছের মাথায় দেয়ালির আলো জ্বেলেছে৷ ননু সেখানে যেতেই আলি ভুলি কত আদর করে তাকে ডেকে নিয়ে গেল৷ কিন্তু সেদিন তারা ভারি ব্যস্ত; কাজেই তারা ননুকে তেলি বেলি ফেলিদের কাছে রেখে চলে গেল৷ ননুর সেখানে ভালো লাগল না৷ খানিক বসে বসে সে ভাবল, 'যাই দেখে আসি কেমন পায়েস রান্না হচ্ছে৷'
এর মধ্যে হয়েছে কী একটা মস্ত বড়ো চার পাখাওয়ালা ফড়িং পায়েসের গন্ধে মাথা ঘুরে কড়ার মধ্যে পড়ে গিয়েছে৷ ননু ছুটে গিয়ে আঙুল দিয়ে ফড়িংটাকে তুলে ফেলল৷ বেচারার একপায়ে একেবারে ফোসকা পড়ে গিয়েছে৷ তখনই আরও দু-চারটে ফড়িং এসে ঘাস দিয়ে খাটিয়ার মতো বানিয়ে সেই চার পাখাওয়ালা ফড়িংকে তাতে তুলে নিল; তাকে হাসপাতালে নিয়ে যাবে৷ একটা জোনাকি পোকা আগে আগে লন্ঠন দেখিয়ে চলল৷ ননুও তাদের সঙ্গে চলল৷

একটা চামেলি ফুলের ঝোপের নীচে হাসপাতাল৷ সেখানে আরও অনেক ফড়িং রয়েছে৷ কারও হাত ভাঙা, কারও পা ভাঙা, কারও ডানা ছেঁড়া৷ ননু দেখল কতগুলো ছোট্ট ছোট্ট সাদা ফড়িং তাদের সেবা করছে, ওষুধ দিচ্ছে৷ আর একটু ভালো করে দেখে ননু বুঝল, সেগুলো ফড়িং নয়, ছোট্ট ছোট্ট পরি৷ তাই তো!' এরকম সাদা ফড়িং তো তাদের বাগানে অনেক আছে; সে তো মোটেই জানত না যে তারা ফড়িং নয় পরি৷ তাদের বাগানেও চামেলি ফুলের ঝোপ আছে৷ সে ভাবল, এবার থেকে যত ডানাভাঙা পোকা দেখবে চামেলি গাছের নীচে রেখে দেবে৷
রোগীদের ঘুম পাড়িয়ে ফড়িং পরিরা ঘাসের ওপর নেমে এল৷ চারদিকে চাঁদের আলো ফুটফুট করছে৷ ঘাসের মাঝে কত ছোটে ছোটো সাদা নীল ফুল ফুটেছে৷ পরিরা সে ফুল তুলে মাথায় পরল, তারপর হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নাচতে লাগল৷ তাই তো! ননুদের বাগানে যে আলো জ্বলে, তার চারধারে যে এমনি করে কারা ঘুরে ঘুরে নাচে৷ এক-একসময় এমন তাড়াতাড়ি ঘোরেও যে মনে হয় যেন আলোর চারধারে একটা আলোর চাকা ঘুরছে৷ ননু ভাবছে, 'এবার একদিন রাত্রির বেলা বাগানে গিয়ে দেখতে হবে৷' এমন সময়ে ঘাসের মধ্যে কী যেন সড়সড় করে উঠল৷ সে চমকিয়ে গিয়ে যেই সরতে যাবে অমনি একটি গর্তের ভিতর পা পড়ে পা-টা ভীষণ মচকিয়ে গেল৷ সে মাটিতে বসে পায়ে হাত বুলোচ্ছে, হঠাৎ কে যেন চিৎকার করে বলে উঠল, 'তোর ঠ্যাং, তোর ঠ্যাং৷' সে আওয়াজ শুনে পরিরা যে যেদিকে পারল ছুটে পালাল৷ ননু দেখল, তার সামনে প্রকাণ্ড বড়ো একটা গিরগিটির মতো জন্তু বড়ো বড়ো চোখ বার করে তার দিকে চেয়ে আছে৷ আর 'তোর ঠ্যাং, তোর ঠ্যাং' করে চেঁচাচ্ছে৷
আর ঠিক সেই সময়ে আলি ভুলি এসে পড়ল৷ তারা ননুকে বলল, 'তুমি এখানে বসে আছ? কই পায়েস খেতে যাবে না? চলো ৷' সে বলল, 'না, ভাই আমার বড়ো ঘুম পাচ্ছে৷ আমি বাড়ি যাব৷' বলতে বলতেই সে তার বাড়ি এসে পড়ল৷ তার সামনে বই খোলা পড়ে আছে৷ ওই যাঃ! নিমন্ত্রণ তো খাওয়াই হল না, না পড়াও হল, মা কত রাগ করবেন৷ সেদিন ননুর মা তার ওপর খুব রাগ করলেন৷ রাত্রে তাকে আলাদা বিছানায় শুতে হল, মার কাছে শুতে পেল না৷ সেই থেকে ননু মনে করেছে, এবার থেকে পড়ার সময় যদি আলি ভুলিরা ডাকতে আসে তাদের সঙ্গে যাবে না, খালি খেলার সময়ে যাবে৷
কার্তিক ১৩২৯
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন