দুগ্যো সদ্দার

অশোককুমার মিত্র, প্রসাদরঞ্জন রায়

'সদ্দার! বনটা যেন বড্ড গরম লাগছে!'

'রাখো তোমার গরম! কাটব তো ঝরার পাশের গোলপাতা৷ চিলতে-পানা গোলঝাড়, তা ছাড়া লাও কোলের কাছেই! অত নরম গরমের হিসেব কীসে!'

সদ্দারের চোটপাটি কথায় লজ্জা পেয়ে হোক বা বনের মাঝে বাকবিতণ্ডার অনিচ্ছায় হোক সবাই কাজে মন দেয়৷

গল্প আর প্রত্যক্ষ ঘটনার পরিপ্রেক্ষিতে সুন্দরবনের বনচারীরা বনের গভীরে এলেই তাদের সমস্ত ইন্দ্রিয় যেন সজাগ হয়ে ওঠে৷ চারিদিকে জীবনের সহজ স্পন্দন পেলেই ওদের মনও সায় দেয়-না, তেমন কিছু অঘটন ঘটবার আশঙ্কা নেই৷ বনের পাতার ছাতার নীচে ঝিরঝিরে বাতাসে বিচ্ছিন্ন পাতা ডগা একটু-আধটু দুলবে৷ হরিণের কিছু-না-কিছু সাড়া পাওয়া যাবে দূর থেকে৷ নতুন নতুন দু-একটা পাখির ডাকও শোনা যাবে৷ এক-আধটা সাপও দেখা যাবে এখানে-ওখানে৷ এক-আধটা গো-সাপও ওঠা-নামা করবে ছোটো খালে ও ঝরায়৷ আর সর্বোপরি বানরের লাফালাফি ও কিচিরমিচির তো শান্ত বনের মূর্ত প্রতীক বলা যেতে পারে৷ এমনি ধারা সুন্দরবনের সহজ আবহাওয়া ব্যাহত হলেই বনচারী আবাদি মানুষের মন সুতীক্ষ্ণ হয়ে ওঠে৷ অনুভূতি আসে-বন গরম৷ কেননা, সুন্দরবনের রাজার একবার আগমন হলে বনের সে অঞ্চলে যেন সব কিছু স্তব্ধ হয়ে যায়৷ নিঃশব্দ পদচারণে চুপিসারে এলেও তার আগমন বার্তা যেন কানে কানে পৌঁছে যায় সমস্ত জীব, পাখি ও গাছগাছড়ার কাছে৷ তা না হলে এমন হবে কেন!

তবু দুর্গা সর্দার কিছুই তোয়াক্কা করতে চায় না৷ দীর্ঘকায় সবল দেহ৷ নাম দুর্গা সর্দার; পেলব পলিমাটির মানুষ অমন দুর্দান্ত নামকে সহজ করে নিয়ে ডাকে 'দুগ্যো সদ্দার'৷ কৃষ্ণবর্ণের মাংসপিণ্ডগুলি যেন ফুলে ফুলে উঠেছে তার দেহে৷ দেখলেই মনে হবে অসীম শক্তিধর৷ অমন বিশাল এবং তাগড়া দেহের মানুষেরা সাধারণত স্থবির হয়৷ কিন্তু সদ্দার তার বিপরীত৷ কেমন করে সে যে অত চটপটে হয়েছে, তা ভাবাই দায়৷

তাহলেও সে কিন্তু দলের নেতা নয়৷ দলের নেতা কালীপদ৷ দল বলতে তিনজন৷ তৃতীয় জন সবের আলি৷ এমনি ধরনের ছোটো ছোটো পঁচিশ-ত্রিশটি দল এক-একটি বড়ো ডিঙি নিয়ে একত্রে বহর বানিয়ে এসেছে সুন্দরবনের পশ্চিমাঞ্চলে হরিভূষণ বনে৷ সবাই এসেছে গোলপাতা কাটতে৷ বনের কোনো কোনো নীচু ও নরম চাতারে, কখনো বা ঝরার পাড় ঘেঁষে গোল গাছের আধিপত্য বিস্তৃত হয়৷ কোনো কাণ্ড নেই বললেই চলে; সোজা মাটি থেকে ঝাঁক বেঁধে নারকোল গাছের মতো সুদীর্ঘ পাতা ঊর্ধ্বে উঠে চারদিকে নুইয়ে মাথা নীচু করে দেয় খানিকটা ফোটা ফুলের পাপড়ির মতো৷ নারকোল গাছের পাতার মতো দেখতে হলেও গোল পাতা কিন্তু তেমন করকরে নয়৷ পাতা, কাঠি ও ডগাও খুবই নরম, পেলব ও মসৃণ৷ অমন কমনীয় হলে কী হবে, অত্যন্ত তেজি-আর কোনো গাছ ও গাছড়াকে ওর চাতারের ত্রিসীমানায় হতে দেবে না কিছুতেই৷ একটানা বিস্তীর্ণ গোল ঝাড়ে ঘন সন্নিবিষ্ট সবুজের ওপর ঈষৎ লালাভ বিনম্র পাতাগুলি ঝিরঝিরে হাওয়ায় যখন দুলতে থাকে, তখন সুন্দরবনের সৌন্দর্য যেন ফেটে পড়ে৷

সৌন্দর্য ফেটে পড়ে বটে, কিন্তু গোলঝাড় সুন্দরবনের অন্যতম বিভীষিকা৷ শিকারের জন্য নরখাদক গোলঝাড়ের আড়ালে ওত পাততে আসে না৷ আসে নিশ্চিন্তে বিশ্রামের জন্য৷ মাটি স্পর্শ না করে নরম ডগাগুলি চেপে তার ওপর শুতে ওরা ভালোই বাসে৷ তার চেয়েও বড়ো কথা, এই ধরনের ঝাড়ে কারও পক্ষে বিনা শব্দে অনুপ্রবেশ করা দায়৷ ঝাড়ের গভীরে নিশ্চিন্তে যখন নরখাদক ঘুমোয় তখন দক্ষ শিকারির পক্ষেও নিঃসাড়ে এগিয়ে অতর্কিতে আক্রমণ করা দুরূহ৷ দুরূহতর করবার জন্যই বোধ হয় নরখাদক বিশ্রামের জন্য বিস্তৃত গোল-ঝাড়ই বেছে নেয়৷ এ কথা জানা ছিল বলেই দুগ্যো সদ্দার চিলতে-পানা ঝাড় দেখে অমন বেপরোয়া কথাবার্তা বলছিল৷

ভোর সকাল থেকে তিনজনে কাজে লেগেছে৷ হু-হু করে পাতা কেটে চলেছে৷ ভারী পুরুষ্টু ঝাড়! ভালো দাম পাবার আনন্দে ওরা মাতোয়া৷ এত লম্বা যে একটা করে পাতার চাপান দিলে বুঝি চাষিবাড়ির কুঁড়েঘরের ঘর ও বারান্দার ছাউনি একই সঙ্গে হয়ে যাবে৷

গোলপাতা আহরণে জনের হিসাবে কমপক্ষে তিনজন লাগে৷ একজন উবু হয়ে এক-একটা পাতার ডগা ধরে মাটির কাছাকাছি কোপ মেরে কাটতে থাকে৷ তার হাত থেকে প্রায় লুফে নিয়ে দ্বিতীয়জন সঙ্গেসঙ্গে দায়ের সুতীক্ষ্ণ মাথাটা আলগোছে ডগার মাঝে বসিয়ে একটানে গোটা ডগাটা দ্বিখণ্ডিত করে চিরে ফেলে৷ দ্বিখণ্ডিত হতে-না-হতে তৃতীয়জন পাশাপাশি দু-টি পাইলে দুটি খণ্ডকে সাজাতে থাকে৷

তালে তালে যেন কাজ এগিয়ে চলেছে৷ তিনজনের হাতে তিনখানি পাতা-কাটা দা-মাথা বাঁকা ক্ষুরধার কাটারি৷ এমন ধার যে গোলের ডগা ছুঁতে-না-ছুঁতেই দ্বিখণ্ড হয়ে যায়৷ এই মাথা-ভারী সুতীক্ষ্ণ অস্ত্র যখন হাতের মুঠোয় আঠার মতো লেগে থাকে তখন বনচারীদের মনে হয়, এ যেন কোনো অস্ত্র নয়, তাদের অঙ্গেরই অঙ্গ বুঝি৷ দুগ্যো সদ্দারের তো কথাই নেই; তার দীর্ঘায়ত আঙুলের বজ্র বেষ্টনীতে পিষ্ট ওই অস্ত্রের হাতলে তার দেহের সর্বশক্তি চালনা করতে এতটুকুও আয়াস করতে হয় না৷ বন্দুক মনের জোর বাড়ায় বটে, কিন্তু তার অনেক হুজ্জুত-তাকে কাঁধে তুলতে হবে, তার ঘোড়া চাপতে হবে, নিরিখ করতে হবে ট্রিগার টিপতে হবে-তবেই তার মারণ অস্ত্র নির্গত হবে৷ কিন্তু গোলপাতা কাটার দা যখন হাতের মুঠোয় জমে থাকে, তখন মানুষের হাত যেমন আত্মরক্ষায় সহসা উদ্যত হয়, তেমনি এই অস্ত্রও হানবার জন্য অস্ত্রধারীর কোনো চিন্তা-ভাবনার আবশ্যক হয় না৷

দুগ্যো সদ্দার পাতা-কাটার কাজে দ্বিতীয় জনের দায়িত্ব পালন করছে৷ বিরাট দেহখানা প্রায় সোজা রেখেই দাঁড়িয়ে পাতার ডগা বিদীর্ণ করে চলেছে তড়িৎ গতিতে ও একমনে৷ প্রথম জনের কাজের দায়িত্বে নেতা কালীপদ উবু হয়ে ঝাড়ের মধ্যে প্রায় ডুবে গিয়ে পাতা কাটছে৷ দলের নেতারাই এই কাজের দায়িত্ব নেয়৷ এদেরই সবচেয়ে বিপদ৷ পেছনটা থাকে উঁচু হয়ে আর মাথা থাকে ঝোপের মধ্যে নামানো৷ এমন সুযোগ ছাড়বে কেন নরখাদক! ঝাঁপিয়ে পড়ে কোমরে দাঁত বসিয়ে সোজা মুখে তুলে একটানে নিয়ে চলে যায়৷ তৃতীয়জনের দায়িত্ব সবের আলির-একটু দূরে সে খণ্ডিত পাতাগুলি দু-ভাগে পাইল করছে৷ ঠিকমতো থাকে থাকে রাখবার জন্য ডগাগুলি উঁচু-নীচু করে নাড়াচাড়া করতেই হচ্ছে৷ দূর থেকে দেখলে মনে হবে, সে তার চারপাশে যেন অনবরত লাঠি ঘোরাচ্ছে৷

যতই না একমনে কাজ করুক, শঙ্কা যে ওদের মনে ছিল না তা নয়৷ কিন্তু তা নিবদ্ধ ছিল গোলঝাড়কে নিয়ে৷ ফাঁকেফুকে ওরা সেদিকেই নজর রাখে৷ দেখে, দূরে ঝাড়ের কোনো পাতা অস্বাভাবিক ভাবে কেঁপে ওঠে কি না!

ঝাড় আজ ওদের বিপদ আনে না৷ দুগ্যো সদ্দারের পেছনে ছিল একটু ফাঁকা 'চাতার'৷ সেই পথেই এল বিপদ৷

এল দানবীয় হুংকারে৷ নরখাদক উদ্যত থাবা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সদ্দারের কাঁধ লক্ষ করে৷ দুর্দান্ত শক্তিধর থাবার আঘাতে আর তীক্ষ্ণ নখের দংশনে ধরাশায়ী করতে চায় তার শিকারকে৷

সচকিত হয়ে দুগ্যো সদ্দারের ঘাড় ফিরিয়ে দেখবার অবকাশ হয় না৷ তার চোখের কোণে এক ঝলকে প্রতিবিম্বিত হয়ে শুধু বিস্ফারিত থাবার শ্বেতাভ বক্র নখগুলি আর রক্তাভ গহ্বরের সামনে হিংস্রতায় উজ্জ্বল দু-টি বিশাল দাঁত৷ উড়ন্ত নরখাদকের আর কোনো কিছুই তার চোখে প্রতিবিম্বিত হয় না-না তার আক্রোশে উদ্বেলিত স্ফীতকায় দেহ, না তার উগ্রতায় অগ্নিসম চোখ, বা তার ঊর্ধ্বমুখী কম্পিত লেজ৷

দুগ্যো সদ্দার আর দুগ্যো সদ্দার নেই-নেহাতই হিংস্রতম জীবের লব্ধ শিকার৷ মৃত্যুর মুখগহ্বর থেকে বাঁচবার তাগিদেই মাথাটা ডান পাশে হেলিয়ে বাঁ-হাতের কনুই উঁচু করেছে৷ গোলপাতা ধরে রাখতে হাতখানা ভাঁজ করা ছিল৷ ভাঁজ খুলে সটান হাতে শত্রুর রোখকে রুখবার অবকাশ হয়নি৷ বিপদকে আড়াল দিতে ভাঁজ করা কনুই উঁচু হয়েছে যেন আপনা থেকেই৷

নরখাদকের থাবা পড়েছে বাঁ-হাতের বাহুর ওপর৷ দৃঢ় মাংসপেশিগুলিতে যেন অতি সহজে বসে গেল থাবার বিস্ফারিত নখগুলি৷ তবু দাঁড়িয়েই ছিল শক্তিমান দুগ্যো সদ্দার, বাঘকেও তেমনি দাঁড়িয়ে পড়তে হয়েছে দু-পায়ের ভরে৷

ঝাঁপিয়ে পড়ার বেগ স্তব্ধ হতেই নরখাদক তার বিস্ফারিত মুখ-ব্যাদানকে আরও বিস্ফারিত করে সদ্দারের মাথাটাকে এক কামড়ে ধরবার জন্য গলা বাড়িয়েছে৷

দুগ্যো সদ্দার বুঝি আবার দুগ্যো সদ্দার হয়ে ওঠে! ডান হাতের মুঠোতে ছিল পাতা-কাটা দা৷ অমন কাত হয়ে দাঁড়িয়ে থাকাতে সজোরে দায়ের আঘাত হানা দুরূহ ছিল, মুহূর্তের অবকাশও বোধ হয় তার জন্য ছিল না৷ আগুয়ান করাল মুখগহ্বরে সোজা দাখানা ঢুকিয়ে দিয়েছে৷ আত্মরক্ষার সর্বশক্তি জড়ো করে সজোরে ঢুকিয়ে দিয়েছে৷ লব্ধ শিকারের হাতখানাকে মুখের মধ্যে পেয়েছে ভেবে নরখাদক করকর করে কামড়ে গুঁড়িয়ে দিতে চায়৷ সঙ্গেসঙ্গে দুগ্যো সদ্দার প্রাণপণে দাখানাকে মোচড় দিয়ে 'ঘুলিয়ে' দেয়৷ ক্ষতবিক্ষত মুখ গহ্বর৷ দিশাহারা হয়ে বাঘ আরও সজোরে কামড়ে ধরে; সদ্দারও তার শেষ অস্ত্র হাতছাড়া হবার ভয়ে প্রাণপণে হাতের মুঠোয় হাতল চেপে ধরেছে৷ যন্ত্রণা নিশ্চয় এবার অসহ্য৷ রক্তধারাও গাল বেয়ে ঝরতে আরম্ভ করেছে৷ বিদ্ধ নখাগ্রে সদ্দারের বাহুর মাংস ছিঁড়ে নিয়ে যন্ত্রণাকাতর নরখাদক মাটিতে নেমে পড়ল আর সেই সঙ্গে বুঝি গোলপাতার ডগার চেয়েও নরম মাংসে বিদ্ধ দায়ের অগ্রভাগ গোটা জিঘাংসু জিহ্বা চিরে বেরিয়ে এল৷

মাটিতে থাবা নামিয়েই নরখাদক মুখ নীচু করে মাটিতে প্রায় ঘষতে ঘষতেই ছুটে গেল অনেকখানি৷ এমনভাবে সুন্দরবনের হিংস্রতম জীবকে সরে পড়তে কেউই কখনো দেখেনি৷ তবু টানা ছুটে পালায় না৷ কিছুদূর এগিয়ে দুগ্যো সদ্দারের দিকে তাকায় আর বারবার থাবাখানা মুখের ধারে এনেও স্পর্শ করতে যেন সাহস পায় না৷ সেও বুঝি কিংকর্তব্যবিমূঢ়!

দলের অন্য দু-জন হকচকিয়ে এতক্ষণ জায়গায় দাঁড়িয়ে দায়ের আস্ফালন করে প্রাণপণে চিৎকার করছিল৷ চিৎকারে আশেপাশের অন্যান্য দলগুলি একত্রে হইচই করে ছুটে এসেছে৷ দুগ্যো সদ্দার রোখের মাথায় রক্তাক্ত দাখানি উদ্যত করে তখনও দাঁড়িয়ে আছে৷ বাঁ-হাতের নখ-দংশন থেকে তারও গা বেয়ে রক্ত ঝরে পড়ছে৷

বাঘ দূরে বসে হুংকার দেবার চেষ্টা করেছিল কি না বোঝা যায় না৷ বিদীর্ণ জিহ্বায় সে-ক্ষমতা বোধ হয় লুপ্ত৷ ছিন্নমস্তার মতো নিজের রক্ত নিজেই পান করতে করতে অবশেষে ছুটে পালাল৷

* * * *

দুগ্যো সদ্দার আজও এই অভিজ্ঞতার কথা গল্প করে রাঙিয়ে রসিয়ে৷ কিন্তু প্রতিবারই গল্পের শেষে তার পাটাতনের মতো বুকে হাত বোলাতে বোলাতে ভক্তের মতো বলে, 'জানো! শেষবেশ বাঘ অমন জব্দ হল কেন? মা বনবিবি ওকে নিশ্চয় সেদিন ও তল্লাটে ছেড়ে যেতে বলেছিলেন৷ মা-র কথা মানেনি, অমান্য করেছে৷ তাইতে তো অমন হল!'

ভক্তের মতো দুগ্যো সদ্দার অমন কথা বলে বটে, কিন্তু তার বনে যাবার বিরাম নেই৷ কত কাজে আর কত বার যে সে তারপর বনে উঠেছে, তার ইয়ত্তা নেই-কখনো মাছ ধরতে কখনো বা গোলপাতা কাটতে, কখনো বা মধু কাটতে৷ আর প্রতিবারই সে তার সযত্নে রক্ষিত সেই দাখানা সঙ্গে নিতে ভুল করে না, কখনো না!

শারদীয়া ১৩৮০

Cov132
সকল অধ্যায়
১.
চাং
২.
হাবুর বাবুগিরি
৩.
ভবম হাজাম
৪.
হুড়ুকবাজ সিং
৫.
হাতির ভয়
৬.
বোকা তাঁতি
৭.
ঝানু চোর চানু
৮.
বাঘ মামা
৯.
শ্বেতব্রাহ্মণের উপাখ্যান
১০.
এক হল দুই
১১.
রামভজনের ঘোড়া কেনা
১২.
দাশুর কীর্তি
১৩.
বুনো মোষ পোষমানা
১৪.
ষর্ণশের্ণ
১৫.
নেড়ুর ভয়
১৬.
হেঁড়ে-গর্জন দৈত্য
১৭.
চোর আর ঠগ
১৮.
আলি ভুলির দেশে
১৯.
বড়ো গদাই আর ছোটো গদাই
২০.
পুরস্কার
২১.
হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি
২২.
ঠেকে শেখা
২৩.
যুদ্ধের গল্প
২৪.
বন্ধুর দান
২৫.
মানুষের ইতিহাস
২৬.
সূর্যমুখীর কথা
২৭.
ন্যাপলা
২৮.
খেয়ালহারা
২৯.
পরিবর্তন
৩০.
আচ্ছা জব্দ
৩১.
সে
৩২.
মিষ্টি মুখ
৩৩.
চিচিং ফাঁক
৩৪.
অপরূপ রাজ্য
৩৫.
গরিবের দান
৩৬.
চোর ধরা
৩৭.
ময়ূরপঙ্খি
৩৮.
সম্পাদকের সমস্যা
৩৯.
তাইতো
৪০.
লাঠি-সমস্যা
৪১.
খুকির নাম
৪২.
স্বপ্নাদ্য ঔষধ
৪৩.
অজানা কুটুম
৪৪.
রায় মহাশয়ের গল্প
৪৫.
সমরের ষড়যন্ত্র
৪৬.
সুধাং-অ্যাং
৪৭.
ফাঁকিবাজের শিক্ষা
৪৮.
ঘঙ্গোপাধ্যায়
৪৯.
নিশুর বিপদ
৫০.
ফুটবল ম্যাচ
৫১.
এক ভাল্লুকের গল্প
৫২.
কৃপাময়
৫৩.
সেজমামার চন্দ্রযাত্রা
৫৪.
রূপসায়রী
৫৫.
দুই পড়শি
৫৬.
সন্দেশের চিঠি
৫৭.
সদাশিবের ঘোড়া-ঘোড়া কাণ্ড
৫৮.
ভবানন্দের কাশীযাত্রা
৫৯.
প্রথম পুরস্কার
৬০.
কালো মানিক
৬১.
চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওয়ালা
৬২.
গোবিন্দ গোয়েন্দা
৬৩.
দুগ্যো সদ্দার
৬৪.
ক্যাপ্টেন মুকুন্দরাম
৬৫.
অসমঞ্জবাবুর কুকুর
৬৬.
পিপীলিকা আতঙ্ক
৬৭.
মরুপ্রাসাদের রহস্য
৬৮.
সাতজনের তিনজন
৬৯.
গোরুর বিচার
৭০.
সংস্কার
৭১.
গঙ্গোত্রীর মহাপুরুষ
৭২.
মিনিয়েচারের বোম্বাই যাত্রা
৭৩.
চিতা কাহিনি
৭৪.
বটুকেশ্বরের আবির্ভাব
৭৫.
নিবারণের সমস্যা
৭৬.
ফোর্থ টেস্ট
৭৭.
টাক এবং ছড়ি রহস্য
৭৮.
কলাবতীর ময়দান রিপোর্টিং
৭৯.
ভোটরঙ্গ
৮০.
ঢেউয়ের পরে ঢেউ
৮১.
পাগলা গণেশ
৮২.
সেতু বন্ধন
৮৩.
চিপুরি বিলের মহাশোল
৮৪.
রামেশ্বরের অসমাপ্ত কাজ
৮৫.
বলো তো কে এসেছিল ডিনারে
৮৬.
বোকা রাজার বুদ্ধিমতী রানি
৮৭.
টিপলুর ইতিহাস চর্চা
৮৮.
সোনার মেডেল উধাও
৮৯.
তুতানের বন্ধু
৯০.
ভূত মরলে কী হয়
৯১.
কথারা সব বেরিয়ে পড়েছিল
৯২.
বড়দার কবে ভালো লাগবে
৯৩.
শিবের অসাধ্যি
৯৪.
জয়রামের সিন্দুক
৯৫.
সংবাদের নেপথ্যে
৯৬.
নাড়কান্ডার নানাকাণ্ড
৯৭.
করণপুরার টাঁড়
৯৮.
সাঁঝবাতি
৯৯.
ক্রিকেট খেলার উপকারিতা
১০০.
অলক্ষ্যে হাসে মহাকাল
১০১.
লেখক-পরিচিতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%