হাবুর বাবুগিরি

অশোককুমার মিত্র, প্রসাদরঞ্জন রায়

এক ছিল ধোপা তার নাম হাবু৷ তার ছিল এক গাধা৷ ধোপারা যেমন গাধার পিঠে কাপড়ের বস্তা দিয়ে নিয়ে যায় সেও তেমনি করত৷ তাই নিয়ে তার গিন্নি কত ঠাট্টা কত বকাবকি করত তার ঠিক নেই৷ বলত, 'দেখো রাজবাড়ির ধোপার কেমন সুন্দর ঘোড়া-সে ঘোড়ায় করে কাপড় নিয়ে যায় তার ছেলেরাও কখনো কখনো তার উপর সওয়ার হয়ে বেড়িয়ে বেড়ায় আর তোমার কিনা এই গাধা নিয়েই কারবার-তোমার হল কী?' সে বেচারা গিন্নির লাঞ্ছনায় তিতি-বিরক্ত হয়ে স্থির করল এবার যেন তেন প্রকারেণ একটা ঘোড়া কিনতে হবে৷ এক মাসে তার অনেক কষ্টে ৫টি টাকা জমেছিল৷ সেই টাকা ক-টি হাতে করে বাজারময় ঘুরে বেড়াতে লাগল৷ যার কাছে ঘোড়া কেনবার কথা বলে সেই তাকে হাঁকিয়ে দেয়-বলে, '৫ টাকায় আবার ঘোড়া কিনতে এসেছে, মিনসের রকম দেখো না?'

সে মুখ চুন করে বাড়ি ফিরছে, এমন সময় একজন নাপিতের সঙ্গে দেখা হল৷ নাপিত জিজ্ঞাসা করল, 'কেন ভাই তোমার কী হয়েছে? অমন মুখভার করে চলেছ কোথায়?' হাবু বলল, 'আর ভাই কী বলব-আমি একটা ঘোড়া কিনতে চাই-ঘোড়া না হলে আমার গিন্নি আমাকে খেয়েই ফেলবে-আমি যার কাছে কিনতে যাই সেই আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়৷ আমি কত খেটেখুটে এই ৫ টাকা জমালুম-সবটাই কড়ায়-গণ্ডায় দিতে প্রস্তুত তবু কেউ আমার কথায় কান দেয় না৷ কী করি বলো দেখি নাপিত ভায়া?' নাপিত বলল, 'তা ভাবনা কীসের? আমি সব ঠিক করে দিচ্ছি৷ তোমাকে ঘোড়া না দিতে পারি ঘোড়ার ডিম এনে দিচ্ছি-সে ডিম ফুটলে এমন সুন্দর বাচ্চা হবে যে, যে দেখবে তার তাক লেগে যাবে৷ তুমি একটু বসো আমি এখনই তোমাকে এনে দিচ্ছি৷'

কাছেই নাপিতের কুঁড়ে ঘর ছিল, সেখানে গিয়ে বেশ একটা বড়ো কুমড়ো বের করল, তার উপর ভালো করে চুন মাখিয়ে ধোপার কাছে এনে হাজির, 'এই দেখো ভাই, তোমার জন্য ডিম এনেছি৷ এর দাম অনেক, কিন্তু বন্ধুতার খাতিরে তোমাকে সস্তা দিচ্ছি, আমাকে এই ৫ টাকা দিলেই হবে৷ এটা ৭-৮ দিন রোদ্দুরে রাখতে হবে, তারপর ফুটলে এর থেকে এমন ঘোড়ার বাচ্চা বেরোবে যে তুমি তখনই তার উপর চড়ে দৌড়ে বেড়াতে পারবে৷' এই বলে হাবুর কাছ থেকে পঞ্চমুদ্রা নিয়ে পিটটান দিল৷

হাবু তো ভারি খুশি, সে তখুনি ডিম মাথায় করে নিয়ে চলল৷ যেতে যেতে তার মনে নানান খেয়াল উঠতে লাগল-কেমন সুন্দর বাচ্চা হবে-যখন বড়ো হয়ে তার উপর চড়ে বেড়াব আর যখন টক টক করে গিন্নির সামনে দিয়ে চড়ে যাব, তাকে দেখে অবাক হয়ে যাবে৷ আর আমাকে খোঁটা দিতে পারবে না৷ বলতে বলতে সে সত্যই এমন দ্রুতবেগে ছুটল যে ডিমটা মাথা থেকে পড়ে ছরকুটে গেল৷

সেই সময় কাছ থেকে একটা শেয়াল যাচ্ছিল৷ তাকে দেখে হাবু ভাবল, 'এই বুঝি বাচ্চা বেরিয়ে দৌড়ে পালাচ্ছে'-এই ভেবে তার পিছনে পিছনে ছুটল, এই ধরে আর কি৷ যখন ধর ধর হল তখন শেয়ালটা দুই পায়ের মধ্যে লেজ গুটিয়ে দে ছুট৷ তাকে হাবু আর ধরতে পারল না৷ কাজেই খালি হাতে ঘরে ফিরে যেতে হল৷ মাথা হেঁট করে গিন্নির কাছে গিয়ে উপস্থিত৷ বৃত্তান্তটা শুনে গিন্নি জ্বলেপুড়ে মরেন আর কি৷ 'এই বুঝি তোমার ঘোড়া৷ ধিক তোমাকে! টাকা যা কিছু কষ্টেসৃষ্টে জমিয়েছিলে তাও জলে ঢেলে এলে৷ আমাদের এ মাসটা চালানো ভার৷ হাবার গাধাই সাজে-ঘোড়া কিনতে যাওয়া তার পক্ষে বামনের চাঁদে হাত বাড়াবার মতন৷ আমি আগেই জানতুম তুমি হাজার মাথা খুঁড়লেও তার কোনো ফল হবে না৷'

এদিকে শেয়াল ঊর্ধ্বশ্বাসে দৌড়ে তার বাড়ি পৌঁছোল আর পাড়ায় পাড়ায় গিয়ে ধোপার কথা রাষ্ট্র করে দিল৷ শেয়ালদের এক খণ্ড সভা বসল৷ পরে অনেক মন্ত্রণার পর শেয়ালের যুক্তিতে যা স্থির হল সভাপতি বলে দিলেন৷

প্রথমে এই, যে দিনের বেলায় বেরোতে হলে শেয়ালদের ন্যাজ গুটিয়ে বেড়াতে হবে৷

দ্বিতীয় এই, যে সকাল-সন্ধ্যা যে যত পার চেঁচিয়ে ডাক ছাড়বে আর যখনই হোক এক জনের ডাক শুনলে দশজনে তাতে যোগ দিয়ে সকলকে সাবধান করে দেবে৷ এই নিয়মে না চললে ধোপার হাতে কোনোদিন তোমাদের প্রাণটা খোয়াতে হবে তা বলা যায় না৷ সেই অবধি শেয়ালদের মধ্যে এই নিয়মগুলি চলিত হয়ে গেল৷

ধোপা যদিও আপনার ঘরে গিন্নির কাছে অপদস্থ কিন্তু শেয়াল মহলে তার খুব মান, তার নামে সকলেই সশঙ্কিত৷

জ্যৈষ্ঠ ১৩২০

সকল অধ্যায়
১.
চাং
২.
হাবুর বাবুগিরি
৩.
ভবম হাজাম
৪.
হুড়ুকবাজ সিং
৫.
হাতির ভয়
৬.
বোকা তাঁতি
৭.
ঝানু চোর চানু
৮.
বাঘ মামা
৯.
শ্বেতব্রাহ্মণের উপাখ্যান
১০.
এক হল দুই
১১.
রামভজনের ঘোড়া কেনা
১২.
দাশুর কীর্তি
১৩.
বুনো মোষ পোষমানা
১৪.
ষর্ণশের্ণ
১৫.
নেড়ুর ভয়
১৬.
হেঁড়ে-গর্জন দৈত্য
১৭.
চোর আর ঠগ
১৮.
আলি ভুলির দেশে
১৯.
বড়ো গদাই আর ছোটো গদাই
২০.
পুরস্কার
২১.
হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি
২২.
ঠেকে শেখা
২৩.
যুদ্ধের গল্প
২৪.
বন্ধুর দান
২৫.
মানুষের ইতিহাস
২৬.
সূর্যমুখীর কথা
২৭.
ন্যাপলা
২৮.
খেয়ালহারা
২৯.
পরিবর্তন
৩০.
আচ্ছা জব্দ
৩১.
সে
৩২.
মিষ্টি মুখ
৩৩.
চিচিং ফাঁক
৩৪.
অপরূপ রাজ্য
৩৫.
গরিবের দান
৩৬.
চোর ধরা
৩৭.
ময়ূরপঙ্খি
৩৮.
সম্পাদকের সমস্যা
৩৯.
তাইতো
৪০.
লাঠি-সমস্যা
৪১.
খুকির নাম
৪২.
স্বপ্নাদ্য ঔষধ
৪৩.
অজানা কুটুম
৪৪.
রায় মহাশয়ের গল্প
৪৫.
সমরের ষড়যন্ত্র
৪৬.
সুধাং-অ্যাং
৪৭.
ফাঁকিবাজের শিক্ষা
৪৮.
ঘঙ্গোপাধ্যায়
৪৯.
নিশুর বিপদ
৫০.
ফুটবল ম্যাচ
৫১.
এক ভাল্লুকের গল্প
৫২.
কৃপাময়
৫৩.
সেজমামার চন্দ্রযাত্রা
৫৪.
রূপসায়রী
৫৫.
দুই পড়শি
৫৬.
সন্দেশের চিঠি
৫৭.
সদাশিবের ঘোড়া-ঘোড়া কাণ্ড
৫৮.
ভবানন্দের কাশীযাত্রা
৫৯.
প্রথম পুরস্কার
৬০.
কালো মানিক
৬১.
চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওয়ালা
৬২.
গোবিন্দ গোয়েন্দা
৬৩.
দুগ্যো সদ্দার
৬৪.
ক্যাপ্টেন মুকুন্দরাম
৬৫.
অসমঞ্জবাবুর কুকুর
৬৬.
পিপীলিকা আতঙ্ক
৬৭.
মরুপ্রাসাদের রহস্য
৬৮.
সাতজনের তিনজন
৬৯.
গোরুর বিচার
৭০.
সংস্কার
৭১.
গঙ্গোত্রীর মহাপুরুষ
৭২.
মিনিয়েচারের বোম্বাই যাত্রা
৭৩.
চিতা কাহিনি
৭৪.
বটুকেশ্বরের আবির্ভাব
৭৫.
নিবারণের সমস্যা
৭৬.
ফোর্থ টেস্ট
৭৭.
টাক এবং ছড়ি রহস্য
৭৮.
কলাবতীর ময়দান রিপোর্টিং
৭৯.
ভোটরঙ্গ
৮০.
ঢেউয়ের পরে ঢেউ
৮১.
পাগলা গণেশ
৮২.
সেতু বন্ধন
৮৩.
চিপুরি বিলের মহাশোল
৮৪.
রামেশ্বরের অসমাপ্ত কাজ
৮৫.
বলো তো কে এসেছিল ডিনারে
৮৬.
বোকা রাজার বুদ্ধিমতী রানি
৮৭.
টিপলুর ইতিহাস চর্চা
৮৮.
সোনার মেডেল উধাও
৮৯.
তুতানের বন্ধু
৯০.
ভূত মরলে কী হয়
৯১.
কথারা সব বেরিয়ে পড়েছিল
৯২.
বড়দার কবে ভালো লাগবে
৯৩.
শিবের অসাধ্যি
৯৪.
জয়রামের সিন্দুক
৯৫.
সংবাদের নেপথ্যে
৯৬.
নাড়কান্ডার নানাকাণ্ড
৯৭.
করণপুরার টাঁড়
৯৮.
সাঁঝবাতি
৯৯.
ক্রিকেট খেলার উপকারিতা
১০০.
অলক্ষ্যে হাসে মহাকাল
১০১.
লেখক-পরিচিতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%