খুকির নাম

অশোককুমার মিত্র, প্রসাদরঞ্জন রায়

দিদির এক খুকি হয়েছে; বয়েস তার সাত দিন হতে চলল৷

বাড়িতে খুকি নামের আর একটি যে মানুষ আছে, তার বয়েস তেরো, গোখেল মেমোরিয়ালে সে পড়ে৷ সে বলল, 'তোমরা আর কেউ ওকে খুকি বলতে পারবে না-এখন থেকে ডাকতে ডাকতে শেষটায় ওর নাম খুকিই হয়ে যাবে৷ খুকি-কী ভীষণ হোপলেস নাম!'

তার নিজের খুকি নামের বিরুদ্ধে সে বড়ো হয়ে অবধি প্রাণপণে প্রতিবাদ করে এসেছে, ফল হয়নি কোনো৷ তার যে আর একটা নাম আছে, আভা, তা যেন ভুলেই গেছে সবাই; সব চেয়ে ভুলেছেন তাঁরা, যাঁরা ও-নাম রেখেছিলেন৷ অবিশ্যি আভা নামটাও যে তার খুব পছন্দ হয়, তা নয়-আভা, কেমন যেন সেকেলে গন্ধ! মানুষ কেন বড়ো হয়ে তার নিজের নাম বদলে রাখতে পারে না ইচ্ছেমতো!

যাই হোক, নিজের নাম তো যা হবার হয়েছে, এখন দিদির মেয়েকে নিয়ে ভাবনা৷ বাড়ির লোকগুলো এমন-হয়তো ওর নাম সুরমা কি বিমলাই রেখে বসল৷

আভা-আমরা তাকে আভাই বলব-মনে মনে যুদ্ধ ঘোষণা করল বাড়ির লোকের বিরুদ্ধে৷ বলল, 'আমি রাখব খুকির নাম৷'

কোত্থেকে মানিক বলে উঠল ফট করে, 'তাহলেই হয়েছে!'

মানিক দস্তুরমতো বড়ো হয়েছে; বালিগঞ্জ ইশকুল থেকে সে ম্যাট্রিকুলেশন দেবে সামনের বার৷ আভাকে সে মনে মনে জানে ছেলেমানুষ৷

আভা মনে মনে জানে যে তার ছোড়দা, এই মানিক নির্বুদ্ধিতার একটি গৌরীশঙ্কর৷ সে ভুরু বাঁকিয়ে চোখ ঘুরিয়ে বলল, 'তুই এসব বিষয়ে কথা বলতে আসিস কেন? যা, ফুটবল খেল গে৷'

মানিক সেকথা কিছুমাত্র গায়ে মাখল না; একজন শিশু কী বলে আর না বলে, তা আমরা আমলেই আনি না৷ সে গম্ভীরমুখে বলল, 'আমি একটা চমৎকার নাম ভেবে রেখেছি খুকির জন্য৷'

আভা বেণী দুলিয়ে বলল, 'হ্যাঁঃ, তোর আবার চমৎকার৷'

'দেখবি?'

'কী আর দেখব! পারুলবালা কি সুরকুমারী কি কনকলতা কি ওই গোছের একটা হবে আর কি! তোর যা taste!'

'আর তোর যত বীণা আর মীরা আর ললিতা আর লতিকা-তাই খুব ভালো তো? এক একটা নাম শুনলে ইচ্ছে করে মরে যাই৷'

'ওমা,' আভা খিলখিল করে হেসে উঠল, 'আমি বুঝি তাই বলতে যাচ্ছি! ওসব নাম তো আজকাল একেবারে পচে গেছে৷'

মানিক বলল, 'আমি যা একটা ভেবেছি, তা একেবারে আশ্চর্য! তাক লেগে যাবে তোর শুনলে৷'

'ছাই! হত যদি কুকুরের নাম, তাহলে অবিশ্যি তুই-

'বেশি তড়বড় করিসনে-বুঝলি? এসব পুতুলের নাম রাখা নয়, মনে রাখিস৷'

পুতুলের কথা তোলায় আভা ভীষণ অপমানিত হল৷ হবারই কথা; বেশিদিন নয়, সে পুতুলখেলা ছেড়েছে, সেইজন্য এখন তার চোখে ওসব ভয়ংকর ছেলেমানুষি৷ লাল হয়ে উঠে সে বলল, 'আর তুই তো সেদিনও লাট্টু ঘোরাতিস বোঁ বোঁ করে৷ আর মার্বেল ভেঙে ফেলে দু-ঘণ্টা কেঁদেছিলি ফ্যাঁচফ্যাঁচ করে মনে নেই?'

'যা যাঃ, অঙ্কে লাড্ডু পাস আবার কথা বলতে আসিস!'

'আর তুই যে একদিন জিয়োগ্রাফির ক্লাসে দাঁড়িয়ে ছিলি বেঞ্চির উপর-জানিনে বুঝি!'

'ভাগ, এখান থেকে রাক্ষুসি৷'

'তুই তো কুলির দলের সর্দার, জন্মে সাবান মাখবিনি গায়ে৷'

আলাপের বিষয়টা ক্রমেই খুকির নাম থেকে দূরে সরে পড়ছিল; এবং আরও নানারকম সব কথা উঠতে পারত, যা শুনতে মোটেও ভালো নয়-এমনকী, কথা কাটাকাটি থেমে গিয়ে খানিকটা হাতাহাতিও হতে পারত, যদি না ঘড়ির দিকে তাকিয়ে আভা হঠাৎ আবিষ্কার করত যে এক্ষুনি স্নান করতে না গেলে সে ইশকুলের বাস ফেল করবে৷

* * *

কমল, ওদের মেজদা, এবার সেকেন্ড ইয়ারে উঠল; মাসিকপত্রে তার কবিতা বেরোয়৷ সম্প্রতি সে চুলের চর্চা করছে; আর চাদর জড়াচ্ছে অগোছালো করে-যেন এক্ষুনি খসে পড়বে গা থেকে৷

সে বলল, 'খুকির নামের জন্য ভাবনা কী, রবীন্দ্রনাথকে আমি এক্ষুনি লিখে দিচ্ছি একটা নামের জন্য৷' সে একবার তার অটোগ্রাফের খাতায় দু-লাইন পদ্য লিখিয়ে এনেছিল রবীন্দ্রনাথকে দিয়ে; আরেকবার এম্পায়ারে কী-এক পালা হচ্ছিল, ভাঙবার সময় সে দাঁড়িয়ে ছিল দরজার একপাশে, রবীন্দ্রনাথ কাছে আসতেই ঢিপ করে এক প্রণাম করেছিল আর তিনি তাকে বলেছিলেন, 'ভালো আছ?' সেই থেকে-তার কাছে রবীন্দ্রনাথের কথা তুলতে কেউ যেন আর সাহস না পায়!

আভা ঠোঁটের একটা ভঙ্গি করে বলল, 'রবিবাবুর আর খেয়ে-দেয়ে কাজ নেই, তিনি গেছেন তোমার ভাগনির নাম করতে!'

'আন্দাজে বকবক করিসনে৷' কমল দিল এক ধমক, 'জানিস, উনি কত ছেলে-মেয়ের নাম রেখে দিয়েছেন৷ আমি চিঠি লিখলে নিশ্চয়ই পাঠিয়ে দেবেন একটা নাম৷'

'তা কেন? আমরা নিজেরা বুঝি একটা নামও বার করতে পারিনে ভেবে৷'

'করো তোমাদের যা খুশি,' কমল গম্ভীর হয়ে গেল, 'ভালো কথা বললে তো শুনবে না৷'

'এমন একটা নাম চাই', আভা বলল, 'যা এর আগে কেউ কখনো শোনেনি৷ যা এক্কেবারে নতুন৷'

'সেইজন্যই তো বলছিলুম, রবীন্দ্রনাথকে লিখি৷ তাঁর অত বড়ো প্রতিভা, তিনি কোত্থেকে একটা আশ্চর্য নাম খুঁজে বার করবেন, দেখবি হাঁ হয়ে যাবি তোরা সবাই৷ আর তাঁর দেওয়া নাম-এ কি কম ভাগ্যের কথা! খুকি বড়ো হয়ে লোককে বলতে পারবে না!'

'ভারি তো!' রবীন্দ্রনাথের সম্বন্ধে আভার মনে খুব স্পষ্ট ধারণা ছিল না৷ সে শুধু জানত, রবিবাবু বুড়োগোছের এক ভদ্রলোক, যিনি অনেক গান তৈরি করেছেন, আর যাঁর হাতের লেখা অনেকটা তার দাদার লেখার মতো৷ তাই, 'ভারি তো!' সে বলল৷

কমল কিন্তু মর্মাহত হল৷ 'তোমরা যা খুশি করো', অমাবস্যার মতো মুখ করে সে বলল, 'আমাকে কেন ডেকেছ এর মধ্যে?'

সত্যি বলতে, কেউ তাকে ডাকেনি৷ আভা একবার রঙিন পেনসিল দিয়ে একটা নদী আঁকবার চেষ্টা করেছিল; মেজদা তা দেখে বলেছিল, 'বাঃ, চমৎকার হয়েছে মাঠটা৷' সেই থেকে মেজদার বুদ্ধিসুদ্ধির উপর আভার কোনো আস্থা ছিল না৷

আভা বলল, 'আহা, রাগ কর কেন?' ইশকুলে তার সব চেয়ে প্রিয় বন্ধু মীরার সঙ্গে দু-দিন তার কথা বন্ধ ছিল, আজ ঝগড়া শেষ হয়েছে-তারা প্রতিজ্ঞা করেছে, আর কক্ষনো কক্ষনো . . .

থাক সে কথা৷ মোট কথা, সেই কারণে আভার মেজাজটা ভালো ছিল; সে বলল, 'এসো সবাই মিলে একটা নাম ঠিক করা যাক৷' অবিশ্যি তার মনে মনে সন্দেহ ছিল না যে, সে যা বলবে, সেটাই সব চাইতে ভালো হবে, এবং সেটা মেনেও নেবে সবাই৷ 'মানিক, তুই আগে বল৷'

মানিক ফোঁস করে উঠল, 'আমাকে তেমনি বোকা পেয়েছিস কিনা! আগে বলে দিই, আর তুই তক্ষুনি সেটা নিয়ে নে! বললেই হল-আমিও ওটাই ভেবেছিলুম৷'

আভা একবার তাকাল মানিকের দিকে-এমনভাবে, যেন তাঁকে ভস্ম করে ফেলবে৷ তারপর শান্তভাবেই বলল, 'আচ্ছা, চঞ্চুলিকা কেমন নাম?'

কমল বলল, 'চঞ্চুলিকা-তার মানে কী?' আর মানিক উঠল হেসে; 'চঞ্চুলিকা-হাঃ হাঃ! তার চাইতে গড্ডালিকা কি অট্টালিকা রাখ না কেন?'

'কি, ধর', কমল এবার তার প্রতিশোধ নিল, 'করকমলিকা, কি শ্যামকদলিকা, কি নীলোৎপলিকা?'

আভা একেবারে নিবে গেল৷ সে কাঁদবে না ঘর ছেড়ে চলে যাবে, না মা-র কাছে গিয়ে নালিশ করবে, খানিকক্ষণ পর্যন্ত বুঝে উঠতে পারল না৷ এমন যে হবে, সে কখনো ভাবতেও পারেনি৷ অবিশ্যি চঞ্চুলিকার চেয়ে অনেক ভালো নাম ছিল তার মনে, তবে সে সেগুলো বলবে না, খুকিকে ফেলে রাখবে তার অদৃষ্টের হাতে?-না বলাই বোধ হয় ভালো৷ ছেলেরা, সে বরাবর লক্ষ করেছে, এক-একটি জন্তুবিশেষ; কোনো কথা যদি তাদের কাছে বলা যায়৷

কমল একটু ভেবে বলল, 'আমার তো মনে হয় বনশ্রী নামটি বেশ মিষ্টি৷'

আভা ফস করে বলে উঠল, 'ভারি একটা বললে! বললেই বিশ্রী আর মিছরি মনে পড়ে৷'

কমল বলল, 'তাহলে, ধর জয়তী৷'

'ওমা, জয়তী যে আমাদের ক্লাসের একজন মেয়ে আছে৷'

'এমন নাম তুই কোথায় পাবি, যা আর একজনেরও নেই? বাংলাদেশের সব মেয়ের নামই তুই জানিস নাকি?'

'বয়ে গেছে জানতে৷ বেশির ভাগ মেয়ের নামই তো রমা আর ছায়া আর মায়া আর বেলা আর রেবা আর বীণা আর লীলা৷ এমন নাম সহজেই বার করা যায়, যা আর কারও নেই৷'

'তুই-ই বল৷'

'আমি বলছি', মানিক হঠাৎ বলে উঠল, 'সোনালি৷'

'সোনালি! এ আবার নাম হয় কবে!'

এবার আভার পালা হাসবার৷ 'তার চেয়ে বল না চৈতালি কি হরিতালি কি করতালি৷ রুপালি কি তামালিই বা মন্দ কী?'

'কেন হবে না', মানিক তীব্রস্বরে বলল, 'তোমাদের রবিবাবু যদি পদ্যে লিখতে পারেন খেয়ালি আর কাকলি আর ঝামরি-তাহলে সোনালিই বা হবে না কেন?'

'দেখ বোকারাম', কমল তক্ষুনি বলে উঠল, 'রবীন্দ্রনাথ সম্বন্ধে তুই কিছু বলিসনে৷ চুপ করে থাক৷'

'ভারি সব দিগগজ পণ্ডিত এসেছেন এক-একজন৷ আমি, দেখে নিয়ো, ওকে সোনালি বলে ডাকব৷'

'তুই মহাকালী বলে ডাকলেও কিছু এসে যায় না৷ কিন্তু ওর নাম হবে মঞ্জুভাষা৷'

কমল বলল, 'ভারি বললি৷ সবাই ডাকবে তো মঞ্জু বলে, আর মঞ্জু নামের হাজারখানেক মেয়ে বোধ হয় আছে দেশে৷'

'তাও তো বটে! তাহলে রাগিণী-'

'দূর,' মানিক বলল, 'শুনলেই মনে হয় রেগে আছে৷'

'বিম্ববতীটা কেমন? বেশ গম্ভীর আওয়াজ৷'

'ঠিক জাম্বুবতীর মতো৷'

'দেখ মানিক, তুই যদি সবসময় ওরকম ফাজলেমি করবি-'

'হ্যাঁ, ফাজলেমিই তো! আর তোমরা যখন করো, খুব ভালো৷'

'তুই এখান থেকে যা৷'

'কক্ষনো যাব না৷'

'নিশ্চয়ই যাবি৷'

'ইস! তোর কথায় নাকি?'

'আচ্ছা, যার কথায় যাবি, তাকে ডাকছি৷' আভা চেঁচাতে আরম্ভ করল, 'মা, মা-'

পাশের ঘর থেকে মা এলেন৷ 'কী হয়েছে?'

'দেখো তো, মা, মানিকটা কী করছে৷'

'কী করেছিস তুই, মানিক?'

'কী আবার করব!'

'তোরা জটলা বেঁধে এখানে করছিস কী? পড়াশোনা নেই কারও?'

আভা তাড়াতাড়ি বলল, 'খুকির একটা নাম ঠিক করছিলুম, মা৷'

'খুকির নাম? খুকির নাম আমি সীতা রাখব৷ তোরা যা-ই বলিস, সীতার মতো মিষ্টি নাম কি আর আছে৷'

আকাশ ভেঙে পড়ল আভার মাথায়৷ 'কিন্তু মা, ও তো একটুও আজকালকার মতো হল না৷ ছি, ছি, ও-নাম তুমি কিছুতেই রাখতে পারবে না৷'

মানিক সুযোগ পেয়ে বলল, 'কেন আমার তো বেশ ভালোই লাগছে৷'

আভা ঝাঁঝালো গলায় বলে উঠল, 'ইস, ওর আবার একটা ভালোলাগা!'

'থাক, এখন আর তোদের এ নিয়ে ঝগড়া করতে হবে না,' বলে মা ঘর থেকে বেরিয়ে গেলেন৷

আভা খানিকক্ষণ বসে রইল হতভম্ব হয়ে৷ শেষটায়, সীতা! আভার সব চেয়ে শখের শাড়িটা কেউ কেড়ে নিলেও সে এর চেয়ে দুঃখিত হতে পারত না৷ তারপর সে ভাবল, মা বললেন আর অমনি সবাই নামটা মেনে নিল, তার তো কোনো মানে নেই৷ যে নামটা সব চেয়ে সুন্দর, সেটাই শেষ পর্যন্ত থাকবে৷ তখন সে বলল, 'আচ্ছা মেজদা, দীপা নামটা কারও আছে বলে জানো?'

কমল একটু ভেবে বলল, 'কই, মনে তো পড়ছে না৷'

মানিক বলল, 'ও-নামে কি কেউ ডাকতে পারে? ডাকবার জন্যে দেখবি ঝন্টু কি হাসি কি ছবি ওইগোছের একটা নামই হবে৷'

আভা ক্লান্তসুরে বলল, 'তা-ই যদি হয়, তাহলে এত ভেবেচিন্তে নাম রাখাই বা কেন? একটা বিশ্রী, বিদঘুটে নামে না ডাকলে কারও যদি ভালো না লাগে-'

'দেখ,' কমল হঠাৎ বলে উঠল, 'নাম তো ডাকবারই জন্যে৷ ডাকতে সুবিধে, এমন নামই ভালো৷ আর তেমন একটা অসাধারণ নাম তুই পাবিই বা কোথায়? আমি বলি কী, বেশ ছোটোখাটো একটা মিষ্টি নাম রাখা যাক৷'

'যেমন?'

'যেমন ধর কমলা৷'

'খেপেছ? আমাদের অঙ্কের টিচারের নাম কমলা-আর তাঁর যা মেজাজ৷'

মানিক বলল, 'অরুণা তো বেশ নাম৷'

'না, না, অরুণা-বরুণা-তরুণা ওসবের কাজ নেই৷ শুনলেই মনে হয় নভেল৷'

'মালতী?' কমল বলল, 'বেশ ঠান্ডা নাম৷'

'কচু! ওই তো ও-বাড়িতে এক মালতী আছে-কী বিশ্রী দেখতে৷'

'রানি? যে যা-ই বলুক, রানির মতো নাম আর নেই৷'

'ওই একটা নাম শুনলেই আমার গা জ্বালা করে৷ যদি ওর নাম উর্মিলাও হতে হয়, তবুও রানি নয়৷'

'ঊর্মিলাই বা মন্দ কী, ডাকবে ঊর্মি বলে৷'

'নাঃ,' আভা হতাশভাবে মাথা ঝাঁকুনি দিল, 'এমন বিপদে কে কবে পড়েছে! একটা নাম পাওয়া যাচ্ছে না খুঁজে!'

'দেখ, নাম একটা হলেই হয়৷ শুনতে শুনতে, ডাকতে ডাকতে সব নামই মিষ্টি শোনায়৷'

'নাম রাখো সুধা,' মানিক অনেকক্ষণ পরে বলল, 'শুনলেই মনে হয় লক্ষ্মী মেয়ে৷'

'মনে হয় ছিঁচকাদুনে৷'

'নাহয় নিরুপমা-একটু সেকেলে অবিশ্যি, কিন্তু বেশ-মোটেও ফাজিল গোছের নয়৷'

'কীরকম যেন মোটা মোটা নামটা৷'

'নাঃ, তোকে নিয়ে আর পারা গেল না৷ তোর যা খুশি রাখ, আমরা হার মানলুম৷'

আভা চুপচাপ খানিকক্ষণ ভাবল-প্রাণপণে ভাববার চেষ্টা করল৷ তার নীচের ঠোঁটটা কামড়ে কামড়ে সে আর কিছু রাখল না, ঘাম দেখা দিল কপালে৷

* * *

ঘণ্টা দুই পরে আভা তার দিদির ঘরের দরজায় গিয়ে দাঁড়াল৷

'কী রে?'

'দিদি, তোমার খুকির জন্য একটা নাম . . .৷'

'কী, বল?'

'বনশ্রী৷ চমৎকার নাম-না? আর একেবারে নতুন৷'

'চমৎকার৷ এ নিয়ে পাঁচটা হল৷'

'পাঁচটা?'

'হ্যাঁ-মা বলেছেন সীতা, বাবা বলেছেন মৃন্ময়ী, কমল-'

'মেজদা?'

'হ্যাঁ-কমল বলেছে সুধা-'

'সুধা! কখন বলল?'

'এই তো একটু আগে এসে বলে গেল৷ আর মানিক-'

'মানিক কী বলেছে?'

'মানিক বলেছে রাগিণী৷ তোরা সবাই মিলে ওর নাম রাখছিস, আর খুকি এদিকে কী সুন্দর হাসছে, দেখ৷ দুষ্টু মেয়ে, এখনই এত হাসতে শিখেছে৷ এই খুকি, খুকি-তোমার মাসি এসেছে, খুকি৷ খুকি, তোমার মাসিকে একটু হাসি দেখিয়ে দাও তো৷'

আশ্বিন ১৩৪০

Cov86
সকল অধ্যায়
১.
চাং
২.
হাবুর বাবুগিরি
৩.
ভবম হাজাম
৪.
হুড়ুকবাজ সিং
৫.
হাতির ভয়
৬.
বোকা তাঁতি
৭.
ঝানু চোর চানু
৮.
বাঘ মামা
৯.
শ্বেতব্রাহ্মণের উপাখ্যান
১০.
এক হল দুই
১১.
রামভজনের ঘোড়া কেনা
১২.
দাশুর কীর্তি
১৩.
বুনো মোষ পোষমানা
১৪.
ষর্ণশের্ণ
১৫.
নেড়ুর ভয়
১৬.
হেঁড়ে-গর্জন দৈত্য
১৭.
চোর আর ঠগ
১৮.
আলি ভুলির দেশে
১৯.
বড়ো গদাই আর ছোটো গদাই
২০.
পুরস্কার
২১.
হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি
২২.
ঠেকে শেখা
২৩.
যুদ্ধের গল্প
২৪.
বন্ধুর দান
২৫.
মানুষের ইতিহাস
২৬.
সূর্যমুখীর কথা
২৭.
ন্যাপলা
২৮.
খেয়ালহারা
২৯.
পরিবর্তন
৩০.
আচ্ছা জব্দ
৩১.
সে
৩২.
মিষ্টি মুখ
৩৩.
চিচিং ফাঁক
৩৪.
অপরূপ রাজ্য
৩৫.
গরিবের দান
৩৬.
চোর ধরা
৩৭.
ময়ূরপঙ্খি
৩৮.
সম্পাদকের সমস্যা
৩৯.
তাইতো
৪০.
লাঠি-সমস্যা
৪১.
খুকির নাম
৪২.
স্বপ্নাদ্য ঔষধ
৪৩.
অজানা কুটুম
৪৪.
রায় মহাশয়ের গল্প
৪৫.
সমরের ষড়যন্ত্র
৪৬.
সুধাং-অ্যাং
৪৭.
ফাঁকিবাজের শিক্ষা
৪৮.
ঘঙ্গোপাধ্যায়
৪৯.
নিশুর বিপদ
৫০.
ফুটবল ম্যাচ
৫১.
এক ভাল্লুকের গল্প
৫২.
কৃপাময়
৫৩.
সেজমামার চন্দ্রযাত্রা
৫৪.
রূপসায়রী
৫৫.
দুই পড়শি
৫৬.
সন্দেশের চিঠি
৫৭.
সদাশিবের ঘোড়া-ঘোড়া কাণ্ড
৫৮.
ভবানন্দের কাশীযাত্রা
৫৯.
প্রথম পুরস্কার
৬০.
কালো মানিক
৬১.
চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওয়ালা
৬২.
গোবিন্দ গোয়েন্দা
৬৩.
দুগ্যো সদ্দার
৬৪.
ক্যাপ্টেন মুকুন্দরাম
৬৫.
অসমঞ্জবাবুর কুকুর
৬৬.
পিপীলিকা আতঙ্ক
৬৭.
মরুপ্রাসাদের রহস্য
৬৮.
সাতজনের তিনজন
৬৯.
গোরুর বিচার
৭০.
সংস্কার
৭১.
গঙ্গোত্রীর মহাপুরুষ
৭২.
মিনিয়েচারের বোম্বাই যাত্রা
৭৩.
চিতা কাহিনি
৭৪.
বটুকেশ্বরের আবির্ভাব
৭৫.
নিবারণের সমস্যা
৭৬.
ফোর্থ টেস্ট
৭৭.
টাক এবং ছড়ি রহস্য
৭৮.
কলাবতীর ময়দান রিপোর্টিং
৭৯.
ভোটরঙ্গ
৮০.
ঢেউয়ের পরে ঢেউ
৮১.
পাগলা গণেশ
৮২.
সেতু বন্ধন
৮৩.
চিপুরি বিলের মহাশোল
৮৪.
রামেশ্বরের অসমাপ্ত কাজ
৮৫.
বলো তো কে এসেছিল ডিনারে
৮৬.
বোকা রাজার বুদ্ধিমতী রানি
৮৭.
টিপলুর ইতিহাস চর্চা
৮৮.
সোনার মেডেল উধাও
৮৯.
তুতানের বন্ধু
৯০.
ভূত মরলে কী হয়
৯১.
কথারা সব বেরিয়ে পড়েছিল
৯২.
বড়দার কবে ভালো লাগবে
৯৩.
শিবের অসাধ্যি
৯৪.
জয়রামের সিন্দুক
৯৫.
সংবাদের নেপথ্যে
৯৬.
নাড়কান্ডার নানাকাণ্ড
৯৭.
করণপুরার টাঁড়
৯৮.
সাঁঝবাতি
৯৯.
ক্রিকেট খেলার উপকারিতা
১০০.
অলক্ষ্যে হাসে মহাকাল
১০১.
লেখক-পরিচিতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%