ময়ূরপঙ্খি

অশোককুমার মিত্র, প্রসাদরঞ্জন রায়

এক দর্জি৷ তার খুব নাম ডাক, এমনকী বাদশার দরবারেও খুব খাতির৷ বাদশার যত পোশাক-আশাক সেই তোয়ের করে৷

তার এক কামার বন্ধু আছে৷ সে রাতদিন লোহা পেটে আর কাস্তে কোদাল গড়ায়৷ দুই জনে খুব ভাব৷

একদিন দুইজনে তর্ক লেগেছে৷ দর্জি বলছে, 'আমি বড়ো৷' কামার বলছে, 'আমি বড়ো৷' কিছুতেই আর এর মীমাংসা হয় না৷ খাঁটি বিচার পেতে হলে বাদশার কাছে যাওয়া ছাড়া উপায় নেই৷ কাজেই শেষকালে তারা চলল বাদশার কাছে৷ বাদশা বললেন, 'তোমরা দু-জনেই বলছ, নিজে বড়ো৷ এর মীমাংসা তো শুধু কথায় হয় না, কাজে দেখাতে হবে৷ তোমরা কে কী কাজ করতে পারো তার প্রমাণ দেখাতে হবে, তবেই বিচার চলবে৷'

দু-জনেই রাজি হয়ে ঘরে ফিরে এল৷

উজির-নাজির পাত্র-মিত্র নিয়ে মস্ত সভা করে বাদশা বসেছেন৷ কামার আর দর্জিও এসেছে৷ তাদের কাজের পরীক্ষা হবে৷ কামার একটা লোহার শাল মাছ আর তার ছোটো পোনা তৈরি করে এনেছিল৷ সেগুলো একটা চৌবাচ্চার মধ্যে ছেড়ে দিল৷ কী আশ্চর্য! ছেড়ে দিতেই সেই লোহার মাছগুলো চুলবুল করে বেড়াতে লাগল৷ বাদশা উজির-নাজির সভাসদগণ তো অবাক৷ সকলে হাজার মুখে তার তারিফ করতে লাগলেন৷

তারপর, এবার দর্জির পালা৷ দর্জি কাপড়ের একটা ময়ূর তৈরি করে এনেছে-এমন সব রংবেরঙের কাপড় যে, নকল ময়ূর বলে ধরতে পারা যায় না৷ দর্জি তখন ময়ূরকে ছেড়ে দিল৷ কিন্তু তাজ্জব ব্যাপার! ময়ূরটা পেখম মেলে নাচতে লাগল; তারপর গিয়ে ডানার ঝাপটা দিয়ে শাল মাছটাকে ওপরে তুলে খেয়ে ফেলল৷ আর পোনাগুলোকে তো খুঁজেই পাওয়া গেল না৷ পাত্র-মিত্র উজির-নাজির সকলে জয়জয়কার দিয়ে উঠল৷

বাদশা কিন্তু প্রশংসা করলেন না৷ বললেন, 'কাপড়ের ময়ূরের প্রাণ হয়েছে, লোহার শাল মাছেরও তো প্রাণ ছিল, সুতরাং দু-জনেই সমান গুণী৷ এতে দর্জি প্রশংসা পাবার যোগ্য নয়৷' সকলে বললেন, 'ঠিক ঠিক৷'

দর্জি বলল, 'বাদশা নামদার, আমার ময়ূরের আরও একটা ক্ষমতা আছে-বারো দিনের ছেলে যদি কোথাও পাওয়া যায়, আমায় আনিয়ে দিন, ময়ূর পিঠের ওপরে নিয়ে উড়ে যাবে৷'

বাদশার হুকুমে তখনই সিপাই-পাইক ছুটল৷ খোঁজ খোঁজ সারা রাজ্য তোলপাড় করে ফেলল, কোথাও বারো দিনের শিশু ছেলে পাওয়া গেল না৷ সিপাই-পাইক এসে সে কথা বাদশাকে খবর দিল৷ বাদশা বললেন, 'আমার ঘরে বারো দিনের ছেলে আছে; তাকেই নিয়ে এসো৷'

আঁতুড় ঘরে বারো দিনের বাদশাজাদা বেগম সাহেবার কোল আলো করে আছে! সিপাই-পাইকরা এসে বাদশার হুকুম জানিয়ে তাকে নিয়ে গেল৷ দর্জি হাত পেতে তাকে কোলে নিয়ে ময়ূরের পিঠে শুইয়ে দিল৷ বাদশাকে বলল, 'শাহানশাহ, গোলামের বেয়াদবি মাফ করবেন৷ ময়ূর এই শিশুকে নিয়ে উড়ে যাবে-কিন্তু যদি ফিরে না আসে-তাতে আমার কোনো কসুর নেই৷'

বাদশা খানিকক্ষণ কী ভাবলেন৷ তারপর বললেন, 'বেশ, তাই৷'

দর্জি তখন ময়ূরকে ইঙ্গিত করতেই ময়ূরটা উড়ে উঠে সাত বার সেখানেই ঘুরল, তারপর প্যাঁক প্যাঁক করতে করতে কোথায় যে উড়ে চলে গেল তার আর দিশে পাওয়া গেল না৷

বাদশা বললেন, 'দর্জির ক্ষমতাই বেশি, সুতরাং সে-ই বড়ো৷' নিজের পরাজয়ে কামার বেচারির মুখ কালো হয়ে গেল৷ দর্জি খুশি মনে বাদশাকে কুর্নিশ জানাল৷

এক মালিনী৷ তার মালঞ্চ শুকিয়ে গেছে৷ বারো বৎসর তাতে ফুল ফোটে না-দোয়েল শ্যামা শিস দেয় না৷ মালঞ্চে কত আগাছা জন্মেছে, কাঁটায় পথ ঢেকেছে৷ সাপ-শিয়ালের বাসা, বারো বৎসর সেখানে মানুষের পা পড়ে না৷ বাদশার মহলে মালিনী ফুল জোগাতে পারে না৷ সুতরাং কষ্টে তার দিন যায়৷

সেদিন ভোর হতে-না-হতে হাজার মৌমাছি আর ভ্রমরের গুঞ্জনে তার ঘুম ভেঙে গেল৷ ব্যাপার কী! মালিনী ধড়মড় করে কবাট খুলে বাইরে এসে একেবারে অবাক৷ রংবেরঙের লাখো ফুলের আভায় মালঞ্চ উজ্জ্বল৷ তার মুখে হাসি, চোখে হাসি-কী করবে ভেবে পায় না৷ পড়শিদের ডেকে দেখাতে লাগল৷ পড়শিরা বলল, 'মালিনী, তোর বরাত ফিরেছে৷'

ধুলোয় ভরা মাকড়সার বাসা ফুলের সাজিটা ঝেড়ে মুছে এনে ফুল তুলতে লাগল৷ এ গাছের একটা ও গাছের দুটো-সাজিটা প্রায় ভরে ভরে, এমনি সময়ে তার নজর পড়ল- এক সোনার চাঁদ শিশু এক ময়ূরের বুকের কাছে শুয়ে হাত-পা নেড়ে খেলা করছে৷ এত রূপ যে তার দিকে চাইলে চোখ ধেঁধে যায়৷ কোনো দেবতা না পরি তার সাথে ছলনা করছে৷ মালিনী ফুলের সাজিটা একপাশে ফেলে দিয়ে সাততাড়াতাড়ি গিয়ে ছেলেটাকে কোলে তুলে নিয়ে ময়ূরটাকে সাথে করে ঘরে এল৷

পড়শিরা সুধাল, 'এ ছেলে কার, কোথায় পেলি?' মালিনী মিথ্যা কথা বলল, 'এ আমার বোনপো৷ সাতকুলে তো কেউ নেই; বোন মারা যাবার সময়ে একে আমায় দিয়ে গেছে৷'

মালিনীর আর কোনো কষ্ট নেই৷ বাদশার মহলে রোজ রোজ ফুল জোগায়৷ ঘি খায় আর দুধ দিয়ে হাত ধোয়৷

বাদশাজাদা মালিনীর আদরযত্নে ষোলো কলার চাঁদের মতন দিন দিন বাড়তে থাকে৷ মালিনী সোহাগ করে তার নাম রাখল 'রাফান'৷ ছ-সাত বছর যেতে না যেতে মালিনী তখন রাফানকে লিখতে পড়তে পাঠাল৷

রাতের পর দিন, আর দিনের পর রাত, এমনি করে প্রায় কুড়ি-বাইশ বছর৷ রাফান লেখাপড়া শিখে রূপে গুণে বড়ো হয়ে উঠল৷

সেই দেশের বাদশার মেয়ে শাহজাদি তুলাবতী পরম সুন্দরী৷ মেয়ের বয়স হয়েছে তবু তার বিয়ের কথা বাদশার মনেই নেই৷ রংমহলের সাত দেউড়ির পর যে মহল-সেই মহলের সাততলায় দাসী-বাঁদি নিয়ে সে থাকে৷ চাঁদ সূর্য ছাড়া অপর কারও মুখ তার দেখবার উপায় নেই৷ বাদশার হুকুম-কোনো পুরুষমানুষ সে মহলে গেলে বিনা বিচারে তার শিরচ্ছেদ৷

বাদশাজাদি তুলাবতীকে মালিনী ফুল জোগায়৷ মালিনীর কাছে তুলাবতীর রূপ-গুণের কথা রোজ রোজ রাফান শুনতে পায়৷ একদিন সে একটা বিনি সূতার মালা গেঁথে মালিনীকে বলল, 'মাসি, এই মালাটা তুমি আজ বাদশাজাদিকে দিয়ে এসো৷' মালিনী মালা দেখে মনে মনে খুশি হল, কিন্তু মুখে বলল, 'তুই কি মালা গাঁথতে জানিস? এ কি মালা হয়েছে না কিছু! ও আমি পারব না৷ শেষে বাদশা অসন্তুষ্ট হোক আর আমার চাকরিটা যাক!'

রাফান বলল, 'না, কিছু বলবে না মাসি, তুমি নিয়ে যাও৷' তার পীড়াপীড়িতে মালিনী আর কী করে, অগত্যা অন্যান্য ফুলের সাথে সেই মালাগাছটাও বাদশাজাদিকে দিয়ে এল৷

পরদিন আবার মালিনী ফুল নিয়ে যেতেই বাদশার মহলে তার ডাক পড়ল৷ মালিনী যেতেই বাদশা বললেন, 'মালিনী, বল তো এ মালা কে গেঁথেছে?' বলে রাফানের গাঁথা গতকালকার সেই মালাটা বের করে তাকে দেখালেন৷

মালা দেখেই মালিনীর মুখ শুকিয়ে গেল৷ না জানি কী অপরাধ-কী ত্রুটি বা হয়েছে৷ সে থতমত খেয়ে ভয়ে মাথা নীচু করে দাঁড়িয়ে রইল৷

মালিনীর ভয় দেখে বাদশা তাকে অভয় দিয়ে বললেন, 'তোর কোনো ভয় নেই মালিনী, আমি কিছু বলব না৷ তুই আজ তেরো বছর আমাকে ফুল জোগাচ্ছিস, ফুলের মালা গাঁথছিস, কিন্তু এমনি করে বিনি সূতায় মালা গাঁথতে তো তোকে কোনো দিন দেখিনি৷ এ ক্ষমতা তোর হবে না৷ বল সত্যি করে, কে গেঁথেছে-আমি তোকে বকশিশ দেব৷'

পুরস্কারের লোভে মালিনীর মাথা বিগড়ে গেল৷ সে শেষ অবধি গোপন করতে পারল না৷ বলল, 'আমার এক বোনপো আছে, তার নাম রাফান-সেই গেঁথেছে৷' বাদশা বললেন, 'তাকে এক দিন নিয়ে এসো, আমি দেখব৷'

পরদিন রাফানকে আর ময়ূরকে সাথে করে মালিনী বাদশার দরবারে এসে সেলাম দিল৷ রাফানের দিকে চেয়ে বাদশা অবাক হয়ে গেলেন৷ এত সৌন্দর্য মালিনীর বোনপোর কী করে হয় তাই তিনি ভাবতে লাগলেন৷ তারপর মালিনীকে বিদায় দিয়ে রাফানকে বাদশা নিজের খাসকামরায় নিয়ে এলেন৷ জিজ্ঞাসা করলেন, 'মালিনী কি তোমার আপন মাসি?'

রাফান বলার আগেই ময়ূর তার জবাব দিল৷ বলল যে, সে সত্যি সত্যিই মালিনীর বোনপো নয়, পুব দেশের বাদশার ছেলে৷ সেখান থেকে কপাল দোষে কী করে সে মালিনীর মালঞ্চে এল-সব কাহিনি ময়ূর একে একে বলে গেল৷

বাদশা সব কথাই খুব গম্ভীর হয়ে শুনলেন৷ শুনে খুবই খুশি হলেন৷ তিনি মালিনীর বাড়িতে রাফানকে আর যেতে দিলেন না, নিজের প্রাসাদেই খুব খাতিরযত্ন করে রেখে দিলেন৷ তারপর বাদশা আর বেগম দু-জনে অনেক ভাবলেন-অনেক চিন্তা করলেন৷ তারপর, খুব ধুমধাম আমোদ-আহ্লাদ করে রাফানের সাথে তুলাবতীর বিয়ে দিলেন৷

দিন যায় দিন আসে৷ বাপ মা-র কথা শুনে অবধি রাফানের মনটা তাঁদের দেখবার জন্য ছটফট করে৷ একদিন কথাটা সে ময়ূরের কাছে পাড়ল৷ ময়ূর অমনি রাজি হয়ে গেল৷ একদিন শ্বশুর আর শাশুড়ির কাছে বিদায় নিয়ে সে ময়ূর চড়ে দেশে রওনা হল৷

এত উঁচু দিয়ে ময়ূরটা উড়ে চলেছে যে, মেঘ এসে গায়ে লাগতে লাগল৷ এইসব দেখছে আর বাদশাজাদি আনন্দে হাততালি দিয়ে উঠছে৷ কিন্তু তার আবার ভয়ও করছে-কী জানি হঠাৎ যদি ময়ূরের ওপর থেকে নীচের মাটিতেই পড়ে যায়, তাহলে হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যাবে৷

যেতে যেতে একটা চর৷ সেই চরের ওপরে এসে ময়ূরটা নামল৷ সে চরে না আছে লোকজন না আছে কিছু৷ মানুষজন কেউ কোনোদিন এসেছে কি না তারও কোনো চিহ্ন নেই৷ যেদিকে তাকানো যায়-শুধু বালি আর বালি, তারপরে সমুদ্দুরের নীল জল চারিদিকে থইথই করছে৷ সেই চরে তুলাবতীর দু-টি যমজ ছেলে হল৷

আহা! ছেলে তো নয় যেন পূর্ণিমার চাঁদ! তুলাবতী ছেলে দুটোর চাঁদ মুখের দিকে চেয়ে সব ভুলে গেল৷

কিন্তু খাবারদাবার তো কিছুই নেই৷ সেই জনশূন্য চরে কেই-বা দানাপানি দেয়-আর কেই-বা তাঁদের পানে ফিরে তাকায়৷ রাফান তুলাবতীকে বলেকয়ে বুঝিয়ে ময়ূরে চড়ে গ্রামের দিকে গেল-একটু দুধ-টুধ, একটু খাবার আনতে পারে কি না৷

ময়ূর যেখানে এসে নামল, সে গাঁয়ে এক গেরস্থের বাড়িতে সেদিন খুব ভোজ হচ্ছিল৷রাফান পাড়াময় ঘুরেফিরে, কোথাও কিছু না পেয়ে সেই বাড়িতে গিয়ে উঠল৷ ময়ূরটাকে একটা বট গাছের ওপরে বসিয়ে রেখে গেল৷ মনে ভাবল, চেয়েচিন্তে কিছু সংগ্রহ করে সেই বট গাছতলায় এসে ময়ূরে চড়ে ফিরে যাবে৷

এমন সময়, সেই বট গাছতলার পথ দিয়ে এক তিরন্দাজ শিকারি চলেছে৷ সে ময়ূরটাকে দেখতে পেয়ে তাকে লক্ষ করে তির ছুড়তে লাগল৷ তির লাগতেই ময়ূরটা নীচে পড়ে গিয়ে ছটফট করে মরে গেল৷ শিকারি ময়ূরটাকে আর নিল না, সে তাকে অমনি অবস্থাতেই ফেলে রেখে চলে গেল৷

ওদিকে খাবারদাবার নিয়ে এসে রাফান ময়ূরটাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল৷ সে বুক চাপড়ে হাপুস নয়নে কাঁদতে লাগল৷ সেই সাতসমুদ্দুরের চরায় সে ফিরবে কী করে! খাবারদাবার সব ছুড়ে ফেলে দিয়ে সে পাগলের মতন হয়ে ছুটে চলল৷ কোথায়-বা তার স্ত্রী, কোথায়-বা ছেলে দুটো, আর কোথায়-বা সে!

এক প্রহর যায়, দুই প্রহর যায়-তুলাবতী স্বামীর পথের দিকে চেয়ে বসে রয়েছে৷ কিন্তু স্বামী তো আর আসে না৷ মাথার ওপরে রোদ্দুর আগুন ঢালছে আর ওদিকে খিদেয় পেট চোঁ চোঁ করছে৷ সে আর কী করবে? অনেকক্ষণ পথ চেয়ে বসে থেকে যখন দেখল যে, স্বামী আর কিছুতেই এল না, তখন সে মহা ফাঁপরে পড়ল৷ বালুর চরার ওপরে কচি ছেলে দুটোকে শুইয়ে রেখে সে কাপড়চোপড়গুলো নিয়ে সমুদ্দুরের জলে ধুতে গেল, ঠিক সেই সময় সেখান দিয়ে এক দুষ্টু সওদাগর চলেছে বাণিজ্য করতে৷ তুলাবতীকে দেখে সে তাকে ধরে জোর করে পানসিতে তুলে নিয়ে নিজের দেশের দিকে চলল৷ তুলাবতীর কান্নাকাটি কিছুই সে শুনল না৷

এদিকে হয়েছে কী-এক গোয়ালার গোরু রোজ সেই চরায় চরতে আসে৷ ছেলে দু-টিকে দেখে তার কী মনে হল, সে তাদের দুধ খাইয়ে গেল৷ এমনি করে রোজই দুধ খাইয়ে যায়! তাই গোয়ালে দুধ দোহালে তার আর আগের মতন দুধ হয় না, রোজই দুধ একটু কম হয়৷ গোয়ালা বেচারি কিছুই ভেবে ঠাহর করতে পারল না৷ মনে করল, একদিন সে গোরুটার পিছু পিছু গিয়ে দেখবে, কোথায় গোরুটা সারাদিন কী করে৷

পরদিন গোরুটা ছেড়ে দিয়ে সে পিছু নিল৷ গোরুটা নদী সাঁতরে একটা চরে গিয়ে উঠল৷ গোয়ালাটা নজর করে দেখল-গোরুটা নীচু হয়ে কাকে যেন দুধ খাওয়াচ্ছে৷ সেও তখন নদীতে ঝাঁপিয়ে পড়ে চরে গিয়ে হাজির হল৷

দুটো ছেলে! আহা কী রূপ! যেন আকাশের চাঁদ খসে পড়েছে৷ গোয়ালার আর চোখের পাতা পড়ে না৷ সে তাড়াতাড়ি ছেলে দুটোকে বুকে তুলে নিয়ে ঘরে এল৷ গোয়ালিনি যেন সাত রাজার ধন মানিক কুড়িয়ে পেল৷ তারা আদর করে শিশু দুটোকে লালনপালন করতে লাগল৷

সুখে হোক দুঃখে হোক দিন বসে থাকে না, একরকম করে কেটেই যায়৷ তুলাবতীর দিনও কোনোরকমে কাটছে৷ এমনি করে বারো বৎসর গেল৷ সেই সওদাগর উৎপাত শুরু করে দিল-যেমন করেই হোক-শিগগির তাকে শাদি করা চাই৷

একদিন তার আয়োজনও হল৷ বহু দেশের নবাব-বাদশা আমির-ওমরাহদের নিয়ে এক মস্ত বড়ো সভা বসল৷

এ দিকে সেই যে বাদশাজাদা রাফান-সে তো তার ছেলে দুটো আর তুলাবতীকে হারিয়ে একেবারে পাগলের মতন হয়েছে৷ রাতদিন কেবল তুলাবতীর কথা ভেবে কাঁদে৷ সেই সভায় পাগলের মতন ছেঁড়াখোঁড়া কাপড়জামা নিয়ে সেও একটি কোণে এসে চুপটি করে বসেছে৷ ভেবেছে, কোনো ভোজ-টোজ হবে বোধ হয়৷

তুলাবতী অন্দরমহলের জানলা থেকে উঁকি দিয়ে লোক দেখছিল৷ হঠাৎ তাকে দেখতে পেয়েই চমকে উঠল-এই তো তার স্বামী! সে ধীর ভাবে সভায় এসে হাজির হল৷ সভায় আমির-ওমরাহদের ডেকে ধীর গলায় বলল, 'আমার একটা নালিশ আছে-আপনারা বিচার করুন৷' সকলে বলল, 'কী নালিশ বলুন৷'

তুলাবতী বলল, 'আমার স্বামী এখনও বেঁচে আছেন৷ তিনি থাকতে আমি আরেক জনকে কী করে বিয়ে করি?'

সকলে বলল, 'ঠিক, ঠিক! তা আপনার স্বামী কোথায় আছেন?'

তুলাবতী বলল, 'তিনি এখানেই আছেন৷'

সওদাগর এবং অন্য সকলে চমকে উঠল৷ বলল, 'কোথায়?' তুলাবতী তখন রাফানের গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে নমস্কার করল৷ রাফানও এমন হঠাৎ স্ত্রীকে ফিরে পেয়ে আশ্চর্য হয়ে গেল৷

সকলে সেই পাগলের মতন লোকটাকে দেখে বলল, 'এই আপনার স্বামী! কী ব্যাপার?' যা যা ঘটেছিল তুলাবতী তখন সকল কথা তাদের কাছে বলে গেল৷ তাদের ছেলে দুটো যে সেই সুমুদ্দুরের চরায় না খেতে পেয়ে মরে গেছে-এই কথা বলে সে কাঁদতে লাগল৷

ঠিক সেই সময়ে সভার মাঝখান থেকে দুটো ছেলে এসে তুলাবতী আর রাফানকে প্রণাম করল৷ মায়ের প্রাণ, তখনই দেখেই তাদের চিনতে পারল৷ কিন্তু তবু হঠাৎ না জেনে না শুনে কী করে ছেলে বলে মেনে নেয়৷

তখন সেই ময়ূরটা প্যাঁক প্যাঁক করে উড়ে সভার মাঝখানে এসে নামল৷ বলল, 'আমি মরিনি৷ তির লেগে কাতর হয়ে পড়েছিলাম, এক দরবেশ আমাকে জিইয়ে দিয়েছে৷ . . . এ দুটো আপনাদের সেই ছেলে, গোয়ালার ঘরে এরা মানুষ হয়েছে৷'

তুলাবতী আর রাফান ছেলে দুটোকে বুকে জড়িয়ে ধরল৷ সকলে আনন্দে জয়জয়কার দিয়ে উঠল৷ বাদশা নবাব যাঁরা নিমন্ত্রণে এসেছিলেন, তাঁরা সেই দুষ্টুবুদ্ধি সওদাগরকে বন্দি করে যাবজ্জীবনের জন্যে কয়েদখানায় পাঠিয়ে দিলেন৷

তুলাবতী আর ছেলে দুটোকে নিয়ে শাহজাদা রাফান দেশে রওনা হল৷

সেই যে বাদশা আর বেগম, তাঁরা তো বুড়ো হয়ে গেছেন৷ তাঁদের আর ছেলেপুলে হয়নি৷ একমাত্র সেই বারো দিনের ছেলেকে হারিয়ে অবধি তাঁদের মনে সুখশান্তি নেই৷

একদিন ময়ূরতক্তে বসে বাদশা বিচারআচার করছেন, হঠাৎ এমনি সময়ে রাফান, তার স্ত্রী ছেলে দুটো আর ময়ূর-সবাই এসে বাদশাকে সেলাম করল৷ বাদশা তো চিনতেই পারেন না৷ ময়ূরের মুখে তাদের পরিচয় পেয়ে আনন্দে কেঁদে ফেললেন৷ মহল থেকে বেগম ছুটে এলেন৷

তারপর?-

তারপর আর কী! বছর কয়েক পরে বুড়ো বাদশা আর বেগম দু-জনেই মারা গেলেন৷ শাহজাদা রাফান তখন বাদশা হয়ে ছেলেপুলে আর তুলাবতীকে নিয়ে মনের সুখে রাজত্ব করতে লাগল৷

চৈত্র ১৩৩৯

Cov77
সকল অধ্যায়
১.
চাং
২.
হাবুর বাবুগিরি
৩.
ভবম হাজাম
৪.
হুড়ুকবাজ সিং
৫.
হাতির ভয়
৬.
বোকা তাঁতি
৭.
ঝানু চোর চানু
৮.
বাঘ মামা
৯.
শ্বেতব্রাহ্মণের উপাখ্যান
১০.
এক হল দুই
১১.
রামভজনের ঘোড়া কেনা
১২.
দাশুর কীর্তি
১৩.
বুনো মোষ পোষমানা
১৪.
ষর্ণশের্ণ
১৫.
নেড়ুর ভয়
১৬.
হেঁড়ে-গর্জন দৈত্য
১৭.
চোর আর ঠগ
১৮.
আলি ভুলির দেশে
১৯.
বড়ো গদাই আর ছোটো গদাই
২০.
পুরস্কার
২১.
হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি
২২.
ঠেকে শেখা
২৩.
যুদ্ধের গল্প
২৪.
বন্ধুর দান
২৫.
মানুষের ইতিহাস
২৬.
সূর্যমুখীর কথা
২৭.
ন্যাপলা
২৮.
খেয়ালহারা
২৯.
পরিবর্তন
৩০.
আচ্ছা জব্দ
৩১.
সে
৩২.
মিষ্টি মুখ
৩৩.
চিচিং ফাঁক
৩৪.
অপরূপ রাজ্য
৩৫.
গরিবের দান
৩৬.
চোর ধরা
৩৭.
ময়ূরপঙ্খি
৩৮.
সম্পাদকের সমস্যা
৩৯.
তাইতো
৪০.
লাঠি-সমস্যা
৪১.
খুকির নাম
৪২.
স্বপ্নাদ্য ঔষধ
৪৩.
অজানা কুটুম
৪৪.
রায় মহাশয়ের গল্প
৪৫.
সমরের ষড়যন্ত্র
৪৬.
সুধাং-অ্যাং
৪৭.
ফাঁকিবাজের শিক্ষা
৪৮.
ঘঙ্গোপাধ্যায়
৪৯.
নিশুর বিপদ
৫০.
ফুটবল ম্যাচ
৫১.
এক ভাল্লুকের গল্প
৫২.
কৃপাময়
৫৩.
সেজমামার চন্দ্রযাত্রা
৫৪.
রূপসায়রী
৫৫.
দুই পড়শি
৫৬.
সন্দেশের চিঠি
৫৭.
সদাশিবের ঘোড়া-ঘোড়া কাণ্ড
৫৮.
ভবানন্দের কাশীযাত্রা
৫৯.
প্রথম পুরস্কার
৬০.
কালো মানিক
৬১.
চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওয়ালা
৬২.
গোবিন্দ গোয়েন্দা
৬৩.
দুগ্যো সদ্দার
৬৪.
ক্যাপ্টেন মুকুন্দরাম
৬৫.
অসমঞ্জবাবুর কুকুর
৬৬.
পিপীলিকা আতঙ্ক
৬৭.
মরুপ্রাসাদের রহস্য
৬৮.
সাতজনের তিনজন
৬৯.
গোরুর বিচার
৭০.
সংস্কার
৭১.
গঙ্গোত্রীর মহাপুরুষ
৭২.
মিনিয়েচারের বোম্বাই যাত্রা
৭৩.
চিতা কাহিনি
৭৪.
বটুকেশ্বরের আবির্ভাব
৭৫.
নিবারণের সমস্যা
৭৬.
ফোর্থ টেস্ট
৭৭.
টাক এবং ছড়ি রহস্য
৭৮.
কলাবতীর ময়দান রিপোর্টিং
৭৯.
ভোটরঙ্গ
৮০.
ঢেউয়ের পরে ঢেউ
৮১.
পাগলা গণেশ
৮২.
সেতু বন্ধন
৮৩.
চিপুরি বিলের মহাশোল
৮৪.
রামেশ্বরের অসমাপ্ত কাজ
৮৫.
বলো তো কে এসেছিল ডিনারে
৮৬.
বোকা রাজার বুদ্ধিমতী রানি
৮৭.
টিপলুর ইতিহাস চর্চা
৮৮.
সোনার মেডেল উধাও
৮৯.
তুতানের বন্ধু
৯০.
ভূত মরলে কী হয়
৯১.
কথারা সব বেরিয়ে পড়েছিল
৯২.
বড়দার কবে ভালো লাগবে
৯৩.
শিবের অসাধ্যি
৯৪.
জয়রামের সিন্দুক
৯৫.
সংবাদের নেপথ্যে
৯৬.
নাড়কান্ডার নানাকাণ্ড
৯৭.
করণপুরার টাঁড়
৯৮.
সাঁঝবাতি
৯৯.
ক্রিকেট খেলার উপকারিতা
১০০.
অলক্ষ্যে হাসে মহাকাল
১০১.
লেখক-পরিচিতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%