সঞ্জীব চট্টোপাধ্যায়

ছ্যাঁচড়া প্রেমের পাশাপাশি আছে প্রতিষ্ঠিতের প্রেম। ভালো চাকরি। উচ্চ শিক্ষিত। সংসার করার মুরোদ রাখে। সহকর্মী বা সহপাঠীর সঙ্গে ভাবভালোবাসা। বা কোনও উৎসবে কারোর সঙ্গে দেখা। এক পলকের একটু দেখা। মন আনচান, প্রাণ আঁকুপাঁকু। একটু কথা। একটু হাসি। নির্জনে মিলন। দামি রেস্তোরাঁয় ভোজন। ইংরিজি সিনেমা। হঠাৎ বাইরে গিয়ে সব্বাইকে ছেড়ে আগে একটি বিশাল প্রেমপত্র। সাহিত্য আর কবিতার মশলা দেওয়া। নমুনা,
মানসপ্রিয়া। সুচরিতা। স্বপনচারিণী। জগদম্বা।
অফিসের কাজে হায়দ্রাবাদ চলে আসতে হল হঠাৎ। দেহ এখানে, হৃদয় তোমার কোলে। এখানে ঘুরে বেড়াচ্ছি, মনে হচ্ছে শূন্য একটা খাঁচা কর্তব্যের দায় টেনে চলেছে। পাখি বসে আছে তোমার মিষ্টি কাঁধে। কানের কাছে গান শোনাচ্ছে—আমি তোমায় ভালোবাসি—চিরাপ, চিরাপ, আমি তোমায় ভালোবাসি। অনেক ভেবে শেষে এই বুঝলাম—প্রেমই সব। প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নেই। মানুষ জন্মায় প্রেম করার জন্যে। ব্রিফকেস ধরে আছি, মনে হচ্ছে তোমার হাত, বুক পকেটের কাগজপত্র মনে হচ্ছে তোমার হৃদয় হটব্যাগের মতো টলটল করছে। তোমাকে বুকের কাছে চেপে ধরে আমার এই বোধই হয়েছিল। আকাশে তাকাই তোমার মুখ। বাতসে তোমার কণ্ঠস্বর।
এরপর নিজেকে একটু জাহির করা, কারণ দ্যাখাতে হবে আমি কত বড় একজিকিটিভ, সারা জীবন দানাপানি দিয়ে বয়ে বেড়াবার ক্ষমতা আমি রাখি সোনা। মধ্যযুগে মেয়েদের সামনে বীরত্ব দেখাত পুরুষ 'নাইট' হয়ে ঘোড়ায় চেপে তরোয়াল ঘুরিয়ে বর্ম পরে। পুরুষরা একটু শিভ্যালরি দ্যাখাবেই।
এ. সি. ফার্স্টক্লাসে চলেছি। হাতে একটা থ্রিলার। অক্ষর দেখতে পাচ্ছি না। তোমার মুখ। এখন প্রায় মাঝরাত। পাঁচতারা হোটেলের টপের ঘরে বসে বানজারা হিলস। আলোকমালা। পেটে সুস্বাদু খাবার। একটু বিলিতি পানীয়। উপায় ছিল না সুচরিতা। যে খেলার যে নিয়ম। টপের দিকে গেল ড্রিঙ্ক একটু করতেই হয়। প্রথা। কেরিয়ারের স্বার্থে। তুমি রাগ কোরো না সুইট। আমার পেছনে অপেক্ষা করছে ফোমে ঢাকা বিশাল বিছানা। কেবল মনে হচ্ছে, তুমি যদি থাকতে আমার পাশে। আলো যেমন থাকে প্রদীপ ঘিরে। ধূপকে ঘিরে ধূপের ধোঁয়ার মতো। যদি তুমি রাখতে আমায় ঘিরে। ভাবছি আজ আর শোব না। উলের বলের মতো তোমার স্মৃতি কোলে ধরে বসে থাকব সারারাত।
আবার একটু নিজেকে জাহির—দ্যাখো আমি একটি কেউকেটা।
অবশ্য কাল আমার খুব হেকটিক ডে। সকাল থেকেই সেমিনার। হোল ডে। সদার্ন রিজিয়নের সব টপ বসেরা আসবেন। মন্ত্রী-টন্ত্রী। আমাকে একটা পেপার পড়তে হবে। তুমি আমার পাশে আছ। বাবা নয়, মা নয়, ভগবান নয়। তুমি আছ। এক বলে 'তুমি ফেজ' পরে হবে আমি। প্রথমে তুঁ হুঁ তুঁ হুঁ। বিগলিত অবস্থা। বিয়ের পরে হাম্বা, হাম্বা। আমি, আমি। বছর না ঘুরতে তুম্বা, তুম্বা। তুমি আর আমি লাগাও লাগাতার ঠোকাঠুকি। রসগোল্লার সব রস বেরিয়ে গেল। পড়ে রইল ছানা।
একটা সুন্দর জিনিস দেখেছি তোমার জন্যে। খাবার সময় যাব। তুমি যে আমার ওগো তুমি যে আমার।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন