সঞ্জীব চট্টোপাধ্যায়

পুজো, পুজো, পুজো। কার পুজো?
কাদের পুজো?
শাস্ত্র, বিধি, বিধান, প্রতিমা, মণ্ডপ, নির্ঘণ্ট, চাল-কলা-নৈবেদ্য সবই আছে। কোনটা নেই? ভক্তি নেই। আত্মসমীক্ষা নেই। আছে হুজুগ। রাজা-মহারাজা জমিদারদের পুজোর দখলদারি নিয়েছেন ব্যবসাদাররা।
ধর্মে মানুষের পূর্ব-বিভাজন ছিল, আস্তিক আর নাস্তিক। ঋষি এবং রাক্ষস। তপোবনে যজ্ঞ হবে, রাক্ষসরা যজ্ঞ পণ্ড করতে আসবে, রাজার ছেলে ধনুর্বাণ দিয়ে রাক্ষস নিধন করবে।
একালের পুজো মানুষকে দুটো মোটা দাগে ভাগ করেছে—ক্রেতা আর বিক্রেতা। পুজো মানে বাজার, পুজোর বাজার। আমরা বেচতে থাকি তোমরা সপরিবারে সদলে এসে যেভাবেই হোক খপাখপ কিনে খাও আর গপাগপ গিলে যাও। জামা কেনো, জুতো কেনো, দিস্তে দিস্তে শাড়ি কেনো, ধুঁকতে ধুঁকতে বাড়ি ফিরে এসে মহানন্দে আলোচনা করো—-অবশ্যই মেয়ে মহলের আলোচনা—
শেষ যে শাড়িটা নামালে, দেখলি, উ: কী ফ্যানটাসটিক। ভুলতে পারছি না রে। ধীরাজকে প্রথম দেখার পর আমার যেরকম আকুলি-বিকুলি অবস্থা হয়েছিল, ঠিক সেইরকম। মনে হচ্ছিল, জড়িয়ে ধরে খেয়ে ফেলি!
যিনি বলছিলেন, ধীরাজ হলেন তাঁর বর। এক সময় হয়তো সুন্দর ছিলেন, ইদানীং মোটা গাব্দা থাপুর থুপুর একটি লোক। 'দেড় ব্যাটারি'—চোখ। মুখে ধান্দাবাজি। সংসারে তাঁর ভূমিকা 'সাপ্লায়ার'-এর। মানি সাপ্লাই। প্রেমের নাম শুনলে ফ্রেম কেঁপে ওঠে।
বক্তা মহিলার এবম্বিদ খেদোক্তিবে শ্রোতা মহিলা বললেন, 'কিনলেই তো পারতিস! এবারের লেটেস্ট! জয়া তো কিনেছে।'
'কিনবে না কেন? জয়ার বরটাকে দ্যাখ। কালো কেলো ক্ষয়া ক্ষয়া একটা লোক। নারকোলের মতো মুখ, রোজগার জানিস? মাসে দেড় থেকে দুলাখ টাকা। জয়ার বরকে দেখে আমরা তখন হাসাহাসি করেছিলুম। আমারটি তো মাকাল ফল। ঘুমের রাজা! যদি বলি, ওগো জাগো তো প্রাণের বন্ধু নির্মলের বাড়িতে গিয়ে শুয়ে পড়ল।'
অবশেষে সমবেত আক্ষেপ, 'আমাদের আবার পুজো! পুজো তো ওই প্রাোমোটারদের বউদের।'
এরপর আছে সংবাদ মাধ্যমের আদিখ্যেতা। পুজোয় কী পরবেন, কী পড়বেন, কী গিলবেন? বড় বড় মানুষদের এক একজনকে ধরে ইন্টারভিউ।
পুজোয় কী পরবেন?
ষষ্ঠীর দিন চেক চেক লুঙ্গি।
সপ্তমীর দিন পাজামা ফতুয়া পাঞ্জাবি।
অষ্টমীর দিন ধুতি আর চিকনের কাজ করা পাঞ্জাবি।
নবমীর দিন গামছা।
দশমীর দিন দিগম্বর; কারণ সিদ্ধি চলবে তো, অভাবে কারণবারি।
পুজোয় কী পড়বেন?
আজ্ঞে, ঘুমিয়ে পড়ব। যদি ঘুম আসে!
পুজোয় কী খাবেন?
হরিমটর। রাঁধুনীর ছুটি। গৃহিনী আশ্রমের পুজোয় শ্রমদান করতে যাবেন।
কী গান শুনবেন?
ভাগ্যের গান, ভেবে দ্যাখো মন কেউ কারও নয়...
আড্ডায় কী আলোচনা হবে?
যদি বসে, তাহলে সুগার, ক্যানসার, ম্যালেরিয়া, বি-হেপাটাইটিস। আর নেতাদের বাত, নিজের গেঁটে বাত।
কোন ছবি দেখবেন?
আয়নায় নিজের মুখচ্ছবি।
কী খেতে ভালোবাসেন?
বউয়ের মুখ ঝামটা।
কী দেখতে ভালোবাসেন?
চোখে সরষে ফুল।
পুজো সম্পর্কে কোনও মন্তব্য?
পুজো কোথায়! বলুন পুজোর বাজার।
পুজোয় আপনার কিছু দেওয়ার আছে?
অবশ্যই। বখশিশ!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন