টেলিফোন

সঞ্জীব চট্টোপাধ্যায়

নিজেই নিজেকে বাঁশ দিয়ে বসে আছি। বাঁশ যে কত রকমের হতে পারে ধারণা ছিল না। কেতাবে পড়েছিলাম, মুংলি, তলতা আর গেঁটে। সেসব হল কাজের বাঁশ। উপকারী বাঁশ। যে বাঁশ আমরা পরস্পর পরস্পরকে দিয়ে থাকি সে বাঁশ অদৃশ্য এবং তার ধরন বহু সংস্পর্শে না এলে জাত বোঝা যায় না। যেমন আমি এখন চারটে বাঁশের পাল্লায় পড়েছি। চারটেই আছোলা এবং নগদ মূল্যে কেনা। এখন তারা মহাশত্রুর চেহারায় গলা দিয়ে গান বের করে ছেড়েছে। গেছে সুখ, গেছে শান্তি।

বাম্বু নাম্বার ওয়ান, টেলিফোন। একটা টেলিফোন নাও হে। কত বড় স্ট্যাটাস সিম্বল। ইয়া মোটা একটা বইতে তোমার নাম থাকবে। কত জ্ঞানী, গুণী, সম্মানিত ব্যক্তির সঙ্গে একাসনে। অজ্ঞাত কুলশীল নও। ডাইরেক্টরিতে নাম। নামের পাশে নম্বর। এই শহরের নম্বরি কয়েদি। লোককে কেমন বড় গলায় বলতে পারবে, কাল তাহলে সকালে ফোন করো। তিনি তখন মুখটা করুণ স্বরে বলবেন, আমার যে ফোন নেই। সঙ্গে সঙ্গে তুমি কত উঁচুতে উঠে যাবে। টেলিফোনের হাতে লাটাই, স্ট্যাটাসের আকাশে তুমি একটি ঘুড়ি। এক টানে চড় চড় করে তুমি সুনীল আকাশে নারকেল গাছের মাথার ওপর উঠে লাট খেতে থাকবে। এক কথায় ফ্রম ছাতুবাবু টু লাটুবাবু। মানুষের বর্তমান জাতিভেদ তো এইভাবে—আমার ফোন আছে, তোমার নেই। আমার ফ্রিজ আছে, তোমার ফ্রিজ নেই। আমার গাড়ি আছে, তোমার গাড়ি নেই। কিংবা আমার স্কুটার আছে, তোমার সাইকেল। আমার মোটর সাইকেল, তোমার মোপেড! আবার এইভাবেও হতে পারে—তুমি দোতলার ফ্ল্যাটে থাক, আমি থাকি আটতলায়, ছ'তলায়। অবশ্য দোতলা এইভাবে ছ'তলার জাতে উঠতে পারেন, আমার যে হার্ট ভাই। তার মানে দোতলা উইথ হার্ট ইজ ইকোয়াল টু ছ'তলা উইদাউট হার্ট।

মানুষের জাতিভেদ আবার এভাবেও হতে পারে—আমার বউ সুন্দর, তোমার বউ মাটো-সুন্দরী। আমার বউয়ের গায়ের রং দুধে আলতায়, তোমার বউ কেলে ক্যাকটাস। অবশ্য এইভাবে কাটান দেওয়া যেতে পারে, কালো হলে হবে কী ভাই, শ্বশুর বিশাল বিশাল, বিশাল বড়লোক। তার মানে দুধে আলতার হাজব্যান্ড ইজ ইকোয়াল টু রিচ বাপের কালো মেয়ের হাজব্যান্ড।

জাতিভেদ আবার এইভাবেও হতে পারে, আমার বাড়ির দক্ষিণ খোলা, তোমার বাড়ির দক্ষিণ চাপা। আমার সাউথে বাড়ি, তোমার ন্যাস্টি নর্থে। আমার ছেলে শিবপুরের ইঞ্জিনিয়ার, তোমার ছেলে যাদবপুরের। এই যখন জগত তখন তোমার উপায় থাকতে একটা ফোন নেবে না কেন? তা ছাড়া টেলিফোন এমারজেন্সির সময় কত কাজে লাগে জানো? ধরো তোমার হঠাৎ থ্রম্বোসিস হল, অ্যাম্বুলেন্স ডাকতে হবে। জাস্ট ডায়াল! কত যেন নম্বর? অ্যাম্বুলেন্স তেড়ে এল, মাথার ওপর নীল আলো ঘোরাতে ঘোরাতে। কী অলুক্ষুনে কথা! কেন? থ্রম্বোসিস হবেই। আজ হোক, কাল হোক, হবেই হবে। হয় করোনারি, না হয় সেরিব্রাল। শোনোনি জন্মিলে মরিতে হবে। তারপর ধরো তোমার বউ বাথরুমে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে দেশলাই কাঠি জ্বেলে দিল। সে আবার কী? একটা সম্ভাবনা। হতেই পারে। এযুগ হল সেলফ ইমমলেসানের যুগ। সকলেরই আত্মঘাতী হওয়ার প্রবল ইচ্ছা হিক্কার মতো গলার কাছে লাফিয়ে লাফিয়ে উঠছে। একটু উসকে দিলেই হল। ফোন থাকলে কত সুবিধে। ঝট করে ডাক্তার ডাকতে পারবে। পুলিশ খবর দিতে পারবে। বাড়িতে মাঝরাতে ডাকাত পড়তে পারে। তখন তোমার ফোন কত হেল্পফুল হবে জানো। অফিস থেকে মাইনে নিয়ে ফেরার পথে তুমি ছুরিকাহত হতে পারো। তখন তুমি হাসপাতালে গিয়ে খাবি খাবে। সেই সময়ে তোমার বাড়িতে ফোনে খবর দেওয়া সহজ হবে।

ভালো দিকও আছে। ফোন তুলে ক্রশ কানেকশনে প্রেমালাপ শুনবে ঘণ্টার পর ঘণ্টা। ঝগড়াও শুনতে পাবে। টেলিফোনে স্ত্রী ঝাড়ছে বাপের বাড়ি থেকে স্বামীকে। স্বামী ঝাড়ছে শ্বশুরবাড়িতে ঘাপটি মেরে বসে থাকা উড়ু উড়ু মেজাজের বউকে। শুনতে পাবে সিনিয়ার শাসাচ্ছে জুনিয়ারকে। শুনতে পাবে ঘুষের কথা, শেয়ার মার্কেটের কথা। টেলিফোনে এক ব্যাবসাদার এক ব্যাবসাদারকে ভাও বলছে। কত সব গোপন কথা রিসিভার তুললেই শুনবে পাবে। কত পাগল আছে জানতে পারবে। কুকুর পাগল, ফুল পাগল, পাখি পাগল, বউ পাগল, খেলা পাগল, ঘোড়া পাগল।

তা ছাড়া ফ্রি মেলে তুমি মাঝে মাঝে নানারকম চিঠি চাপাটি পাবে। নতুন ম্যাগাজিন বেরিয়েছে। স্টেনলেস স্টিলের বাসন পাওয়া যাবে পোস্টে। বশীকরণের মাদুলি দিচ্ছেন বিলেত ফেরত তান্ত্রিক। ভাগ্য বলে দিচ্ছেন ইস্টের পামিস্ট। দুর্বলতা কাটাবার ট্যাবলেট বেরিয়েছে। পনেরো দিনে সারাবার গ্যারান্টি। ফুসফুস ক্লিয়ার। বাঁশি বাজানো যাবে ইচ্ছে করলে। ভুঁড়ি আর মেদ কমাবার গেজেট। পাকা চুল এক রাতে কাঁচা করে দেওয়ার আয়ুর্বেদিক লোশান। যৌবন ফিরিয়ে আনার স্বপ্নদত্ত কবচ। কত কী যে তুমি পেতে থাকবে ধারণা নেই। পৃথিবী যে কত মধুময় জানতে পারবে।

একেই বলে গ্যাস খাওয়া। সেই ফোন এসে বসল দু-দেওয়ালের কোণে চকচকে টেবিলে। আহা! কী শোভা। দ্বিতীয় তাকে রেক্সিন মলাটে ডাইরেক্টরী। শ'পাঁচেক ভিজিটিং কার্ড ছাপিয়ে ফেলেছি। নামের তলায় ফোন নং। লেটারহেড এসে গেছে। কত বড় একটা ব্যাপার। জটাধারীর মতো ফোনদারী। ইউরোপ, আমেরিকা হলে কিছুই নয়। যেই গ্যাস ফুরোল সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটারকে ফোনে বলে দিলুম। ইলেকট্রিক লাইন খারাপ হয়েছে, জাস্ট এ ফোন। ডাক্তার। জাস্ট এ কল। হ্যাঁ ভালোই আছি। রিপিট প্রেশক্রিপশান। তিন নম্বর ওষুধটা বাদ। থ্যাংক ইউ। পোলাও খেয়ে পেট ছেড়েছে? অফিসে ফোনে জানিয়ে দাও, আজ আর আমি যাব না। বিকেলে তেড়ে বৃষ্টি এসেছে? অফিস থেকেই বাড়িতে ফোন, হ্যালো, হ্যাঁ শোনো, খিচুড়ি লাগাও উইথ গরম গরম বেগুনি অ্যান্ড পাঁপড় ভাজা।

কিন্তু এমন সম্ভাবনার কথা আমাকে আগে কেউ বলেনি তো? এই ভাদ্রমাসের ঠিকুর রোদে ছাতা মাথায় আমি চলেছি। কোথায় চলেছি! ডাক্তার ডাকতে? পোস্ট অফিসে চিঠি রেজিস্ট্রি করতে? না, আমার বাড়ি থেকে বত্রিশটা বাড়ি উত্তরে সোমাদির বাড়ি। আমার দিদি নয়। নারকেলডাঙা থেকে যে যুবকটি ফোন করছে তার দিদি। যুবকটি আমাকে কাকাবাবু বলে সম্বোধন করেছে। তার মানে সোমা নামক মহিলাটি সম্পর্কে আমার কে হলেন? জানার দরকার নেই। ছেলেটির গলায় প্রচণ্ড উদ্বেগ। কী জানি কোনও বিপদ আপদ কি না! তার সোমাদিকে ডেকে দিতেই হবে। মানবিক কর্তব্য। সোমাদি বাথরুমে! সেইখান থেকেই খুশির গলায় বলে উঠলেন, ও বুঝেছি। নাড়ু ফোন করেছে। আমার তো বাথরুম থেকে বেরোতে একটু দেরি হবে কাকাবাবু। আমি কাকাবাবু! আমি তাহলে দুজনেরই কাকাবাবু! ভালো। কী করব তাহলে? আপনি শুধু জিগ্যেস করবেন, টিকিট পেয়েছে কি না। যদি বলে হ্যাঁ, তাহলে বলবেন, আমি মেট্রোর সামনে দাঁড়িয়ে থাকব। আসতে যেন দেরি না করে। বলবেন একা একা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে খুব খারাপ লাগে। তোড়ে জল পড়ার শব্দের সঙ্গে বাথরুম থেকে গান ভেসে এল—আমি বনফুল গো-ও।

হ্যালো! ভাইপো, আমার ভাইঝি, তোমার দিদি এখন স্নানঘরে বনফুল। তুমি কি টিকিট পেয়েছ বাবা? হ্যাঁ পেয়েছি কাকাবাবু। তবে দুপুরের নয় বিকেলের। ওর সঙ্গে কথা ছিল দুপুরের। আপনি কাইন্ডলি সময় পরিবর্তনটা একটু বলে আসুন।

ফোন শেষ হলেও চান শেষ হয়নি। মেয়েদের স্নান হল জলহস্তীর স্নান। চলছে চলবে! হ্যাঁ টিকিট পেয়েছে। তবে ম্যাটিনির নয়, ইভনিং শোর। ও হাউ সুইট! ছন্দে ছন্দে দুলি আনন্দে। কে সুইট, কাকাবাবু না সেই অদৃশ্য অজানা নারিকেল ভাইপো!

সামনের বাড়ির শিখার বাবা সেদিন খুব ঝাড় দিলেন। আপনি মশয় মিটমিটে শয়তান। ভদ্রলোক উত্তেজিত হলে খুব মশয় মশয় করেন। মুদ্রা দোষ। আমার অপরাধ? ইউ আর এ ক্রিমিনাল। ছুপা রুস্তম। সে আবার কী? হিন্দি সিনেমা নাকি? আপনি একটা ভিলেইন। ভিলেনির কী দেখলেন? আমার মেয়ে শিখা আপনার বাড়ি থেকে ফোন করে? হ্যাঁ মাঝে মাঝেই করে, রোজই করে। কেন করতে দেন? সে কী! একবার রাত নটার সময় আপনার এক বন্ধু মাছ ধরার চারের ফর্মুলা জানবার জন্যে ফোন করেছিলেন। সেদিন আমার জ্বর। মাথার যন্ত্রণার ছটফট করছি। বাইরে বৃষ্টি। আপনার মেছো ফ্রেন্ডকে বলেছিলাম, ভাই কাল সকালে ফোন করুন। সেই বন্ধু পরে আপনাকে বলেছিলেন, সামনের বাড়ির লোকটা ছোটলোক। অসামাজিক। পাড়া থেকে দূর করে দেওয়া উচিত। সঙ্গে সঙ্গে আপনি আমাকে তেড়ে এলেন। আপনার ছেলে রাস্তায় দেখা হলেই বলতে শুরু করল, টেকো চলেছে, টেকো। শালার পয়সা হয়েছে। একদিন বসার ঘরে কাদা ছিটিয়ে দিয়ে গেল। দুর্গাপুজোয় গলায় গামছা দিয়ে একশো টাকা চাঁদা নিয়ে গেল। অসামাজিক নির্যাতনে জীবন অতিষ্ঠ হয়ে উঠল। আপনার মতো আদর্শ সামাজিক মানুষের মেয়েকে টেলিফোনের সুযোগ থেকে বঞ্চিত করে একঘরে হতে চাই না।

নোওও! ভদ্রলোক সকালের সাইরেনের মতো চিৎকার করে উঠলেন। বাই অ্যালাউয়িং শিখা টু ইউজ ইওর ফোন ইও আর এইডিং অ্যান্ড অ্যাবেটিং এ ক্রাইম। আপনার জানা উচিত এ বাজারে একটা আইবুড়ো মেয়ে যখন ফোন করে তখন কাকে করে? বয় ফ্রেন্ডকে। বয় ফ্রেন্ড মানে কী? লুটেরা। ভোমরা। ফুলে ফুলে মধু খাব কিন্তু পিঁড়েতে কভি নেহি বৈঠেগা। চোখের সামনে দেখছেন একটা মেয়ে চিটেড হচ্ছে, প্রেমের উপন্যাস আর হিন্দি ছবি দেশে ইশক ইশক বলে বলে লাফাচ্ছে, কোথাকার কে এক ডাঁশা ছেলেকে আপনারই টেলিফোনে ইনটিমেট হওয়ার সুযোগ দিচ্ছে আর আপনি কি না যার গেল তার গেল বলে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে আছেন? এই আত্মকেন্দ্রিকতার জন্যেই আমাদের সমাজ আজ উচ্ছন্নে যেতে বসেছে। যেহেতু আপনার মেয়ে নেই, সেই হেতু অন্যের মেয়ে সম্পর্কে আপনার কোনও ভাবনাই নেই বাট আই টেল ইউ, ওই ফোনে যখন আর একটা মেয়ে আপনার ছেলের কানে প্রেম ঢেলে আপনার খপ্পরের বাইরে নিয়ে গিয়ে গলায় মালাটি পরিয়ে আপনাকে কলাটি দেখিয়ে কেটে পড়বে তখনই বুঝবেন প্রেম কি ফেরোশাস জিনিস! যৌবন উত্তম জিনিস ততক্ষণই, যতক্ষণ বৃদ্ধদের কনট্রোলে থাকে। ঘোড়ার লাগামটি গেল তো সবই গেল।

অফ কোর্স! টেলিফোন হল এমারজেন্সি। আপনার ঘরে সাজিয়ে রাখার খেলনা নয়। সকলকেই ব্যবহার করতে দিতে হবে। কিন্তু সেন্সার করে। সিনেমা, টিভি, রেডিয়ো, কাগজ শক্তিশালী জনসংযোগ মাধ্যম। কিন্তু! দেয়ার ইজ এ বাট। ভালোও করতে পারে খারাপও করতে পারে। সেই জন্যেই সেন্সার। স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলবে, স্বামী স্ত্রীর সঙ্গে বলবে। ছেলে বন্ধু ছেলে বন্ধুর সঙ্গে কথা বলবে। মেয়ে বন্ধু মেয়ে বন্ধুর সঙ্গে। কিন্তু মশয় আমার স্ত্রী অন্য কোনও পুরুষের সঙ্গে কথা বলবে, কিংবা আপনি মশয় দুপুরে পরস্ত্রীকে খুঁচিয়ে তুলবেন, সে তো হতে পারে না।

খুব জ্ঞান বেড়ে গেল। এবার থেকে কাউকে টেলিফোনে আর প্রেম করতে দোব না। তিনি যে-ই হোন। অপসংষ্কৃতি নট অ্যালাউড। পাশের বাড়ির ওপরের ফ্ল্যাটের ছেলেটি সবে বিয়ে করে আলাদা হয়ে এখানে এসে উঠেছে। মোটরবাইক চালায়। মাস্তান মাস্তান দেখতে। তবে শুনছি ভালো চাকরি করে, মাঝে মাঝে বউকে পিছনে বসিয়ে ভটভট করে হাওয়া খেতে বেরোয়। সেই বউটি একদিন জোড়ো পাখির মতো ঘরে এসে ঢুকল। জ্যাঠামশাই, জ্যাঠামশাই একটা ফোন করব। টেলিফোনের কল্যাণে বয়েস উত্তরোত্তর বেড়েই চলেছে, কাকাবাবু, জ্যাঠামশাই, এইবার দাদু হব।

হ্যাঁ বা না-এর তোয়াক্কা কে করে। রিসিভার তোলো আর ডায়াল করো। গম্ভীর গলায় জিগ্যেস করলাম, কোথায় ফোন করবে? দ্যাটস নট ইওর লুক আউট! কানে রিসিভার, আঙুল পাক মারছে ডায়ালে, একটা কলের চার্জ কত? দরকার হয় পয়সা বুঝে নিন বাট ডোন্ট বি সিলি। হ্যালো, সেজদি, শোন ভাই রিসিভারে হাত চাপা দিয়ে ধমকের সুরে আমাকে বললে, বাইরে গিয়ে বসুন। ইউ হ্যাভ নো কমান সেন্স। মেয়েদের কথা শুনতে খুউব ভালো লাগে, না! ও পাশের সেজদি বোধহয় জিগ্যেস করেছে, কাকে বলছিস? ঘরের বাইরে যেতে যেতে শুনলুম বলা হচ্ছে, আরে একটা আনম্যানারলি বুড়ো। মুখ দেখলেই মনে হয় কুচুটে। প্রায় ঘণ্টাখানেক সেজদির সঙ্গে কথা হল। দু-এক টুকরো ভেসে এল। এই বয়েসেই কান গরম হয়ে ওঠে। মেয়ের সবে বিয়ে হয়েছে। পৃথিবী এখন গোলাপি।

হারাধনবাবুর হোমিও ডাক্তার গড়পারে থাকেন। হারাধনবাবুর শরীরের ওপর রোগের সাঁড়াশি আক্রমণ। রোগ মিলিয়ে এক ওষুধ এনে বসতে না বসতেই আর এক অসুখ প্রবল হয়ে ওঠে। উঠুক না, ক্ষতি কী! আমার ফোন আসায় অসুস্থ মানুষটির কত সুবিধে হয়েছে! ফোনে চিকিৎসা। রুগণ শরীর নিয়ে ট্রাম-বাস বাস-ট্রাম করতে হচ্ছে না। বেঁচে থাক বাবা, ভগবান তোমার মঙ্গল করুন।

হ্যাললো। হ্যাঁ কে ডাক্তার মনোরঞ্জন? ডক্টর মনোরঞ্জন মুখার্জি, এমবিবিএস, এইচএমবি। না? যা: রং নাম্বার হয়ে গেল। তুমি একবার দ্যাখো তো ভাই। বুড়ো মানুষ, কী ঘোরতে কী ঘুরিয়ে ফেলেছি। বয়েস হয়ে গেলে মানুষের চলে যাওয়াই ভালো; কিন্তু যেতে যে প্রাণ চাইছে না রে ভাই। মায়া, মায়া! আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। প্রথমে ভাবলুম পুত্রবধূর মুখ দেখেছি, আর কি, এবার তো গেলেই হয়। সঙ্গে সঙ্গে মনে হল, না, আর ক'টা দিন, নাতির মুখ দেখে তারপর যেখানে যেতে হয় যাব। এরপর মনে হবে নাতবউ দেখব।

হ্যাঁ—হালো। কে ডক্টর মুখার্জি? কথা বলুন।

পেয়েছে বাবা! ফোনটাকে এমন ভাবে দু -াত চেপে ধরলেন যেন জীবনদণ্ড। হারাধন বলছি। রুগি নম্বর পাঁচ পাঁচ তিন। খাতাটা খুলুন। হ্যাঁ খাতাটা খুলুন। তেইশ তারিখে ওষুধ এনেছি। হ্যাঁ হ্যাঁ তেইশ, এক পুরিয়া খেয়েছি। খেলে কী হবে!

হারাধনবাবু ফোনে তাঁর বহুবিধ অসুখের এক একটিকে ঝেড়েঝুড়ে বের করেতে লাগলেন। বিচিত্র সব রোগলক্ষণ। শুনলে গায়ে কাঁটা দিতে থাকে। বেঁচে থাকতে ভয় ভয় করে। বয়েস বাড়তে বাড়তে হারাধন হওয়ার আগেই যেন হাসতে হাসতে কেটে পড়তে পারি প্রভু!

সামনের দিকে তিনখানা বাড়ি এগোলেই এক আদুরে পরিবার আছে। আদিখ্যেতায় ভরা। কর্তা, গিন্নি, একটি ফুটবলের মতো বাচ্চা মেয়ে। দোতলার দক্ষিণ খোলা ফ্ল্যাট। কর্তা বারান্দার রেলিঙে হাতের ভর রেখে সিগারেট খান। পরনে ডোরাকাটা স্লিপিং গাউন। কোমরে ট্যাসেলের ফাঁস। শ্যাম্পু করা বাদামি রঙের ফুরুফুরু চুল। গোলগাল, ফুলোফালা ঘুম ঘুম মুখ। বারান্দায় কর্তার গায়ে ঠেসান দিয়ে গিন্নি দাঁড়িয়ে থাকেন। পিঠে এলোচুল। হাতকাটা গাঢ় বেগুনি ব্লাউজ। লতাপাতা আঁকা শাড়ির আঁচল বুক থেকে খুলে বারান্দার রেলিঙে শেফালী তোমার আঁচলখানি বিছাও, শারদ প্রাতের মতো লুটিয়ে থাকে। মেয়েটি থাকে দুজনের মাঝখানে। ইংরেজিতে কথা চলে, ও, নো, নো, নো, বান্টি, সেহেব্যার্ড নট ব্যর্ড! দ্যাটস আগলি। রাস্তার লোক মুখ তুলে চায়। রাস্তার মাথার ওপর সাইনবোর্ডের মতো ঝুলে থাকেন এই সুখী পরিবার। সিগারেট, ধোঁয়া, শাড়ি, গাউন ব্রাউন চুল, যৌবন, চিবিয়ে চিবিয়ে কথা, সব মিলিয়ে আমাদের পথের ধারে—কপোতকপোতী যথা উচ্চ বৃক্ষচূড়ে।

ওই বেগুনি মহিলা হঠাৎ তাঁর আদুরী মেয়েকে নিয়ে বিকেলের দিকে হাজির। বিলাইতি সেন্টের মন কেমন করানো গন্ধ। মিহি ছুরির মতো কথা। করাতকলের কাঠ কাটার সময় যেমন শব্দ হয় সেই রকম শব্দ। এক্সকিউজ মি। কেন এক্সকিউজ কেন? কী করেছেন আপনি? আর কিছু করে থাকলেও, আপনি করেননি। করেছেন আপনার স্বামী। ওভাবে রাস্তায় জ্বলন্ত সিগারেটের টুকরো ছোঁড়া উচিত নয়।

ও, নো নো, সে এক্সকিউজ নয়। এ হল কথার কথা। অ্যাংলো বেঙ্গলি সমাজের রীতিই ছিল, কথা শুরু করার অগে এক্সকিউজ মি বলা। ধাক্কা মেরে চলে যাওয়ার কথা বা এগিয়ে যাওয়ার সময় এক্সকিউজ মি বলা। পা মাড়িয়ে দিয়ে, সুটকেসের খোঁচা মেরে চোখে আঙুল গুঁজে দিয়ে সরি বলা। ভদ্রসমাজের নিয়মই হল, সরি বললে সাতখুন মাফ। আমার হাত ফসকে একবার একটা ফুলগাছের টব রাস্তায় এক ভদ্রলোকের ঘাড়ে পড়ে গিয়েছিল। দোতলা থেকে পড়েছে। আমি বুঝতে পারছি ঘাড়ে পড়লে ভীষণ লাগবে। চিৎকার করে তিনবার বললুম, সরি, অ্যাম সরি, ড্যাম সরি। রাস্তায় লোক জড়ো হয়ে গেল। চিৎকার, চেঁচামেচি, সাংঘাতিক ব্যাপার। অশিক্ষিতের দেশ তো। ম্যানারস জানে না। আদব কায়দা জানে না। আমি তখন খুব রেগে গিয়ে বললুম, আন্তর্জাতিক নিয়ম জানেন না আপনারা, সরি বলার পর আর কিছু করার থাকে না। যান, ভদ্রলোককে হাসপাতালে নিয়ে যান। নেহাত অজ্ঞান হয়ে গেছেন তাই জ্ঞান থাকলে উনিও বলতেন, সরি, সরি। আফটার সরি দেয়ার শুড বি নো ওয়ারি। হ্যাঁ, আর একটা জিনিস জেনে রাখুন, হঠাৎ হেঁচে ফেললে সরি বলতে হয়। আমার এমন অভ্যাস হয়ে গেছে বাথরুমে হেচে ফেললেও সরি বলি। এটা হল সেই এক্সকিউজ মি।

এক্সকিউজ মি?

এ মা! কী বোকা? আপনি এক্সকিউজ মি বলবেন না। আপনি হাসি হাসি মুখে শুধু শুনে যাবেন।

আমি মুখে হাসি মেখে শুনতে লাগলুম, তিনি বলতে লাগলেন—

আমার এই মেয়েটা বাবাকে ছেড়ে এক মিনিটও থাকতে পারে না। কী মুশকিল বলুন তো? এক ধরনের ফাদার কমপ্লেক্স।

তা আমাকে কী করতে হবে?

না না, ওরকম রুডলি কথা বলবেন না। একজন মহিলার সঙ্গে নরম গলায়, হেসে হেসে, ওবলাইজিংলি কথা বলতে হয়। চোখের দৃষ্টিতে একটা সপ্রেম ঝিলিক থাকবে।

চোখে প্রেমের ঝালর ঝুলিয়ে বললুম, বলুন কী বলতে পারি?

এই মেয়ে তিনবার আসবে, একবার বারোটার সময়, একবার তিনটের সময়, একবার ছ'টার সময়। আপনার ফোনে বাবার সঙ্গে কথা বলবে। ক'টা দিন। তারপর তো আমরা কোম্পানির দেওয়া কোয়ার্টারে চলে যাব। বান্টি। বা-আ-ন্টি। কাম হিয়ার। ওই যে ফোন। টু থ্রি ফোর নাইন। মুখার্জি প্লিজ। মুকু! এই নাও তোমার আদরের মেয়ে। কী মেয়েই যে হয়েছে বাবা! শোনো তুমি বাপু চাকরি-বাকরি ছেড়ে দাও। মেয়ে কোলে নিয়ে সারাদিন বাড়িতে বসে থাকো। আমি আর পারছি না বাবা! অ্যাঁ, কী বললে! আমার মেয়ে! আমার মতোই হবে! ও নো, নো, অসভ্যতা কোরো না।

সেই মেয়ে। যেমন একগুঁয়ে তেমনি বায়নাদার। ফোন ধরলে ছাড়তে চায় না। কেড়ে নিতে গেলে চিল চেঁচায়, খ্যাঁক খ্যাঁক করে কামড়ে দেয়। বুকের কাছে দু'হাতে রিসিভার চেপে ধরে দেওয়ালে পিঠ ঠেসে ঘাড় কাত করে বলে, আমার ফোন, আবার বাবার ফোন।

এই হল আমার বাঁশ নম্বর এক। আজকাল মাঝে মাঝেই মাঝরাতে অন্ধকার বসার ঘরে থেকে থেকে ফোন বাজে। আমি জানি কে? একটি বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর ভেসে আসবে। নাম নেই ধাম নেই, যেন প্রেতকণ্ঠ!

হ্যালো! কি হল আজও ঘুম আসছে না?

না। তুমিও তো দেখছি জেগে আছ!

আমারও যে আসছে না।

আসবে না ভাই, ঘুম আর আসবে না। আমাদের দিনের পাপ যত বাড়ছে রাতের বিবেক তত আসছে।

কেমন হল?

কী কেমন হল?

ময়দানে খেলার নাম নরবলি। চোদ্দোটা তাজা প্রাণ চলে গেল। সংবাদ বিচিত্রায় অজয়ের বাবার আর্তচিৎকার শুনেছ?

শুনছি।

বলো, ঘুমনো যায়? জেগে থাকো জেগে থাকো। সজাগ থাকো। ঘুমোলেই মরবে। নাগিনীরা ফেলিতেছে চারিদিকে বিষাক্ত নিশ্বাস।

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%