সঞ্জীব চট্টোপাধ্যায়

আমাদের লাইফ-এ হনুমানের পজিটিভ কনট্রিবিউশন কী? কেন? শ্রীরামচন্দ্র। রামজীর জন্যই হনুমানজি ফেমাস। নো। হনুমানের কনট্রিবিউশন হনুমান টুপি। ওই অবদানটা না থাকলে উত্তর ভারতের প্রবল শীতে কী হত? তলার দিকে যা হয় হোক, মাথাটা ঢুকিয়ে দাও হনুমানের কোলে। আচ্ছা। বাঁদরের কনট্রিবিউশন কী? আমাদের কলা দেখাতে শিখিয়েছে।
হল না। বাঁদরের কনট্রিবিউশন, আমাদের বাঁদরামি শিখিয়েছে।
আচ্ছা, শেয়ালের কনট্রিবিউশন?
হুক্কা হুয়া।
নো। শেয়ালের কনট্রিবিউশন ধূর্তামি,
বলো তো বটগাছের কনট্রিবিউশন কী?
সুশীতল ছায়া।
নো। মাথার সেন্টার টেবলে পটি।
বলো তো ভাই বীর কে?
খুব ইজি। যে বিপদের সামনে বুক ফুলিয়ে এগিয়ে যায়। বল বীর, বল উন্নত মম শির।
হল না। হল না। যে সবার আগে পৃষ্ঠপ্রদর্শন করে, তারপর সমালোচনা—এ জাতের কিস্যু হবে না। সব কাওয়ার্ড। হাজার বছরের পরাধীনতার এফেকট।
বলো ধর্মের কনট্রিবিউশন?
মন্দির, মসজিদ।
না, ধর্মের কনট্রিবিউশন হল খিচুড়ি।
রাজনীতি আমাদের কী দিয়েছে?
দুর্নীতি।
নো। আমাদের ব্রিগেড দিয়েছে।
বলো, শিক্ষা প্রতিষ্ঠানের কনট্রিবিউশন?
স্টুডেন্টস ইউনিয়ান। নির্বাচন। ফাটাফাটি, মারামারি।
না। ক্যামপাস প্রেম।
বিবাহের সুফল ও কুফল বলো।
বিয়ে করলে প্রেম বন্ধ। একটা কুফল। সুফল হল ম্যারিটাল-সেক্স।
কেয়া বাত। সব ঠিক হ্যায়।
এইবার বলো, স্বামীদের কী অবস্থা?
ধর্মের জগৎ ছাড়া আর কোথাও স্বামী নেই। সবাই 'বয়-ফ্রেন্ড'।
ভেরি গুড।
পশ্চিমবাংলায় শাশুড়ির সংখ্যা কত?
নিল। সবাই ঝি-র স্ট্যাটাসে নেমে গেছেন।
ভেরি গুড।
বলো আমাদের জীবনে বিদ্যুতের অবদান কী?
হুকিং।
একসেলেন্ট।
এইবার বলো, মানুষের যাঁরা ভালো করতে চান তাঁদের কী বলা হয়?
প্রতিক্রিয়াশীল।
কারেক্ট।
টিভি শব্দটার পুরোটা কী?
টেলিভিশন।
না। টায়ার্ড ভিশন।
এবার আমার শেষ প্রশ্ন, মৃত্যুর পর কী করবে?
আচ্ছা প্রশ্ন! থ্যাংক ইউ। মৃত্যুর পর অনেকের ঘাড় মটকে দেব, মটমট করে।
এইবার প্রণাম মন্ত্র।।
সুর পাঁচালি :
শ্রীরাম দিলেন হনুমান জগতে
হনুমান দিয়ে গেলেন টুপি মাথে মাথে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন