সঞ্জীব চট্টোপাধ্যায়

রোজ সকালে বিষ্ণুবাবু কী করেন? ঘুম থেকে ওঠেন। না, বিষ্ণুবাবু রাতে ঘুমোতে পারেন না। অতএব ঘুম থেকে ওঠার কোনও প্রশ্নই নেই। তবে, হ্যাঁ, বিছানা ছাড়েন। বিছানা ছাড়েন সংসারের গুঁতোয়। তাঁর শোওয়ার ঘরের বাইরের জগৎ হইহই করে জেগে ওঠে। গোটাকতক নাতি নাতনি। গোটা দুয়েক পুত্রবধূ। গোটাতিনেক ডাকসাইটে ছেলে। একটি মুখরা ঠিকে-ঝি। সঙ্গে ততোধিক মুখরা তার মেয়ে অ্যাসিসটেন্ট। সব মিলিয়ে এক বিচিত্র কনসার্ট। ঐক্যতান নয়, অনৈক্যতান।
বিষ্ণু বারকতক চা চা করে দরজা দিয়ে মুখ বাড়িয়ে বাইরেটা দেখে নেন। দরজার বাইরে করিডর প্রশস্ত দুদিকে। একদিকে ছড়ানো জুতো, ঝ্যাঁটা, হাত মোচড়ানো আলুর পুতুল। অন্যদিকে খানকতক বই, খাতা পেনসিল আর একটি চেয়ারে বসে থাকা অসহায় একটি চরিত্র। এ বাড়ির গৃহশিক্ষক। বিষ্ণুবাবু শুধু চায়ের প্রত্যাশী। গৃহশিক্ষক ভদ্রলোককে দেখলে দু:খ হয়। তিনি ছাত্র-ছাত্রী দুটোরই প্রত্যাশা নিয়ে ঠায় বসে থাকবেন। কোনও কোনও দিন দুটোই পেয়ে যান। কোনও কোনও দিন একটা। কোনও কোনও দিন একটাও না।
চায়ের কী হল রে! দরজার বাইরে বাইরে দাঁড়িয়ে একবার হাঁক মেরেই বিষ্ণুবাবু ঘরে ঢুকে গেলেন। নিজের আধোআলোকিত ঘর অনেক ভালো। বাইরেটা বড়ো বেশি পরিষ্কার স্পষ্ট। 'হোওচ্ছে' রান্নাঘর থেকে একটা কর্কশকণ্ঠ উড়ে এল। বড় বউয়ের গলা। বিষ্ণবাবু তিনবার হাঁকবেন। এর মধ্যে চা এল এল, না এল তো ভাঁজ করা একটা বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বেন। অবশ্য ক্যালেন্ডারে একটা দাগ মেরে রাখবেন। হিসেবটা থাকা চাই কদিন চা পেলেন আর কদিন পেলেন না।
'কোই কী হল', গৃহশিক্ষকের তৃতীয় হাঁক। 'ওরে মেথা কোথায় গেলি, মাস্টার বসে আছে।' ইস, সেই মাস্টার! বিষ্ণুবাবু সিটকে গেলেন। কতদিন বলেছি মাস্টার নয়, মাস্টারমশাই। বাড়ির দুটো বউই জানোয়ার! ছোটটার বউ আনার সময় বেশ বাজিয়ে আনতে হবে। ও একদিনের দেখায় ঠিক চেনা যায় না! ছদ্মবেশে বাড়ির আনাচে কানাচে দিবারাত্র ঘুরতে হয়। তবেই মা লক্ষ্মীদের আসল রূপ ধরা যায়। মাছের কানকো তুলে দেখার মতো এক ঝলকের দেখায় জিনিস ঠিক বোঝা যায় না। ঠকে মরতে হয়। আজকাল আবার কানকোতে আলতা মাখানো থাকে।
'কী হল চায়ের?' জামার গলার বোতাম লাগাতে লাগাতে বিষ্ণবাবু দ্বিতীয়বার তাগাদা লাগালেন। এক কাপ চা করতে হাতে সব পক্ষাঘাত হয়। জটলা হচ্ছে মা লক্ষ্মীদের । সবকটার গলা শোনা যাচ্ছে কিন্তু চা হাতে এদিকে আসার গরজ কারুর নেই। মানুষ বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। একটু পালটে নিই, মানুষ বৃদ্ধ না হইলে উপেক্ষিত হয় না। দরজা দিয়ে আর একবার গলাটা বাড়ালেন। এ কী! মাস্টারমশায়ের পাশে একটা খালি কাপ রয়েছে মনে হচ্ছে! তার মানে! আমারটা ভুলেই মেরে দিয়েছে। বিষ্ণুবাবু গুটি গুটি শিক্ষক মশায়ের কাছে এগিয়ে গেলেন। কী মশাই চা পেয়েছেন? করুণ মুখে ভদ্রলোক বললেন, 'আজ্ঞে না। চা, ছাত্রী, কোনওটাই আসেনি!' বিষ্ণুবাবুকে খালি কাপের দিকে তাকাতে দেখে বললেন, 'ওটা বোধহয় কালকের। কাল সকালের কাপটা।'
'কেন আসেন আপনি? কী জন্য আসেন?' অসহায় ভদ্রলোককে বিষ্ণুবাবুর সোজা প্রশ্ন কড়া প্রশ্ন।
'পড়াতে আসি।'
'কে পড়ে? দায়টা কার, আপনার, না যে পড়ে তার?'
'আজ্ঞে যুগটাই তো পালটে গেছে। পড়াশোনায় সব তেমন মন নেই। মায়েদেরও শাসন কমে গেছে।'
'বাপেরা কী করছে? বগল বাজিয়ে বংশবৃদ্ধি করছে? কাল থেকে আর আসবেন না আপনি।'
'খাব কী? ছেলে ঠেঙিয়েই তো সংসার চলে। ভাত ভিক্ষে।'
'তবে মরুন। হাঁ করে বসে থাকুন।' বিষ্ণুবাবু গজগজ করতে করতে নিজের ঘরে এসে ঢুকলেন।
বেলা আটটার মধ্যে বাজার ফেলতে না পারলে ছেলেরা খেয়ে বেরোতে পারবে না। চায়ের জন্য বাজারের দেরি, এ যুক্তি সংসার মানবে না। বিষ্ণুবাবুর পিণ্ডি চটকে দেবে। চাকুরে ছেলে বলে কথা! সংসার মাথায় করে রেখেছে। তার আদর আগে, না অবসর ভোগী বুড়ো বিষ্ণুর আদর আগে।
সেই বিষ্ণুবাবু চায়ের অপেক্ষা না করেই ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন বাজারের জন্যে। টাকাটা রাতের বেলাতেই বিষ্ণুবাবু নিয়ে রাখেন। চশমার খাপে ভরে রাখেন, হিসেবটা এখনও মা লক্ষ্মীরা চায় না। তবে মাঝে মাঝে কানে আসে, এ কী বাজার! একটা মাত্র কপি! ওমা, এই কটা আলু, সে কীরে ছোটো! দ্যাখ বড়, মাছের টুকরোটা! তারপর থেকেই বিষ্ণুবাবু বাজারের থলেতে প্রতিটি জিনিসের 'কেজি প্রতি দাম' গ্রাম এবং দাম মন্তব্যসহ একটি চিরকুটে লিখে ভরে রাখেন। যেমন মাছ (কাটা পোনা) ১৮ টাকা কেজি দরে দুশো গ্রাম (আঁশসহ) ৩ টাকা ৬০ পয়সা। গতকল্য ষোলো টাকা ছিল। ফুলকপি প্রতিটি ৫৫ পয়সা হিসেবে দুটো ১ টাকা ১০ পয়সা। গতকল্য প্রতিটি ৫০ পয়সা ছিল। একবার ভেবেছিলেন বাজারের দায়িত্বটা ছেড়েই দেবেন। তারপর ভাবলেন, না, শ্রমের বিনিময়েই পাত পাতবেন। বলতে যেন না পারে বুড়ো বসে বসে ভাত মারছে।
পাড়ার চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একবার ভাবলেন, শীতের সকাল এক কাপ চা খেলে মন্দ হয় না। তারপরই মনে হল জীবনে যা কখনও করেননি তা এই বয়েসে কী করে করবেন। চ্যাংড়া ছেলে-ছোকরার সঙ্গে চায়ের দোকানে বসে চা খাবার বয়েস চলে গেছে।
ধোঁয়া ওঠা কেটলির দিকে তাকাতে তাকাতে বিষ্ণুবাবু বাজারের পথে পা বাড়ালেন।
সাদা ধবধবে সোয়েটারের ওপর ঘি রঙের গরম চাদর। মাথার সব চুলই প্রায় ধবধবে সাদা। পায়ে চকচকে জুতো। সবাই ভাবেন বৃদ্ধের কী সুখ। তিন চাকুরে ছেলে, দু বউ। আহা, কী সুখের সংসার।
বিষ্ণুবাবুর বাড়ি থেকে গৃহশিক্ষক বেরিয়ে এলেন শুকনো মুখে বিরক্তি নিয়ে। মনে তার গজগজানি, সামান্য টাকার জন্য ভদ্রলোকের কী হেনস্তা। পান বিড়ির দোকানে টাবু সবে সিগারেট ধরিয়েছিল। তাড়াতাড়ি লুকিয়ে রেখে দোকানের মালিককে বলল, 'উরে বাপরে, কত বড় মানী লোক, ওঁর মতো শিক্ষক এ তল্লাটে ছিল না। আমার বাবাকে উনি পড়িয়েছেন। এখন অবশ্য বয়েস হয়েছে। তাহলেও।'
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন