সঞ্জীব চট্টোপাধ্যায়

‘খুব খারাপ। কেলেঙ্কারি রকমের বাজে কোষ্ঠী। সব ক'টা গ্রহ ড্যামেজড। লেখাপড়ার আশা ছেড়েই দিন। নো চান্স। এখন কথা হল—ক'দিন বাইরে থাকবে। যাবজ্জীবন হয়ে যাবে। প্রেমিকাকে গলা টিপে খুন করবে। ঘটনাটা মাসখানেকের মধ্যেই ঘটবে।'
'এখন কথাটা কী হল জানেন, এই কোষ্ঠীটা যার, সে এখন আমেরিকায়।'
'ব্রিলিয়ান্ট স্কলার, পি.এইচ.ডি করছে।'
'করবেই তো। আমি আগেই দেখে নিয়েছি।'
'তা হলে ও-সব কী বললেন একটু আগে?'
'শুনুন, আমি গোলা জ্যোতিষী নই। তন্ত্রসাধক। প্রতি অমাবস্যায় শ্মশান করি। শ্মশানের শ্মশান তারাপীঠে। মাঝরাতে মা এসে আমার সঙ্গে লুকোচুরি খেলেন। মহাদেব টুকি টুকি করেন। আপনাকে দেখেই বুঝেছি আমাকে পরীক্ষা করতে এসেছেন। তান্ত্রিক জ্যোতিষীদের নিয়ে এসব করবেন না। বিপদে পড়ে যাবেন। হয় ওলাওঠা হবে, না হয় ধনুষ্টঙ্কার। শেয়ালেও কামড়ে দিতে পারে।'
'শেয়াল আসবে কোথা থেকে?'
'আমি পাঠিয়ে দেব।'
'তাহলে শুনুন, এই কোষ্ঠীটা যার, সে কিন্তু এখনও জন্মায়নি। আমি যেখানে যা পেরেছি, যা মনে এসেছে, একটা করে গ্রহ বসিয়ে দিয়েছি।'
'বেশ করেছেন, আমাদের কাছে কোষ্ঠীটাই সব, কার কোষ্ঠী আমরা জানতে চাই না। গ্রহই সব, মানুষ কিচ্ছু নয়। মানুষ হল ঘোড়া, গ্রহ হল সওয়ারি। যে দিকে চালাবে সেই দিকেই চলতে হবে। অসহায় মানুষ।'
টেলিভিশানের এক এক খোপে এক এক জ্যোতিষী। বিচিত্র সাজ। কেউ গ্রহাচার্য, কেউ গ্রহসম্রাট, কেউ গ্রহরাজ। শরীর থেকে গ্রহ ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। অনলাইন জ্যোতিষী। টেবিলের উপর যন্ত্র। থেকে থেকে পিঁক পিঁক। 'হ্যালো, হ্যাঁ বলুন। ষষ্ঠে মঙ্গল। একাদশে শনি, রাহু। বুধটা কোথায়?'
'সেই জন্যেই তো ফোন, রবি কোথায়? তিন বছর হয়ে গেল। নিরুদ্দেশ। সে বেঁচে আছে, না মরে গিয়েছে?'
'ধুর মশাই! ছকের রবি কোথায় আছে?'
'আটে আছে।'
'হুঁ! ড্যামেজড। নীচস্থ। একটা রবি চড়াতে হবে। রবিটাকে একটু পাওয়ার দিতে পারলেই ছকটা ঝলসে উঠবে। এখন বলুন কী জানতে চাইছেন?'
'রবি কোথায়?'
'রবি কে?'
'আমার জামাই। মেয়েটাকে বিয়ে করেই পালিয়েছে।'
'এই ছকটা কার?'
'আমার।'
'শ্বশুরের ছক দেখে জামাই কোথায় বলা যায়? জামাইয়ের ছকটা আনুন।'
'কোথায় পাব?'
'যেখান থেকে জামাই পেয়েছিলেন, সেখানেই পাবেন।'
'সে তো মেয়ে ধরেছিল। প্রেমের বিয়ে।'
'বিয়ের পর যেখানে গিয়ে উঠেছিল, সেইখানে খোঁজ করুন।'
'সেখানে প্রাোমোটার। পুরোনো আর কিছুই নেই। নতুন ঢালাই হচ্ছে।'
'মেয়ের আবার বিয়ে দিন।'
'কী করে দেব। মেয়ে তো একলা নয়। ভবিষ্যৎ আসছে।'
'বরণ করুন, নিজের অন্তিম স্মরণ করুন।'
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন