চণ্ডী লাহিড়ী
প্রথম দর্শনেই সাধারণ একজন আর্ট বুঝবে এমন নয়। আর্ট হল চর্চার ব্যাপার। ছবি দেখতে দেখতে চোখ তৈরি হয়। প্রথম দিনেই সেকাজটা হয় না। ক্লাসিকাল গান প্রথম শ্রবণে দুর্বোধ্য। কিন্তু শুনতে শুনতে একদিন কান তৈরি হয়ে যায়। তখন আর জটিল থাকে না। বিখ্যাত ভাস্কর প্রদোষ দাশগুপ্ত একটি মজার ঘটনা উল্লেখ করেছেন। ‘কোথায় আর্টের সৌন্দর্য নিহিত রয়েছে তা বুঝতে হলে কালচার চাই। এর টেস্ট তৈরি করে নিতে হয়। এটা জন্মগত নয়।’ মনে আছে একবার লক্ষ্ণৌতে দহিবড়া খাওয়া নিয়ে এরকম একটা কথা উঠেছিল। প্রিন্সিপাল অসিত হালদার মশাই খেতে খেতে বললেন, ‘ওই জিনিসটা খাও—ওটা খাচ্ছ না?’ আমি বললাম, ভালো লাগে না। উনি বললেন, খাও, ভালো লাগবে—খেতে খেতে ভালো লাগবে। ওর টেস্ট আপনিই তৈরি হয়ে যাবে। কথাটি তলিয়ে দেখেছি। খুবই সত্যি। যাঁরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল সংগীত ভালো লাগার কোনো চেষ্টা করেননি, তাঁদের জন্য বিলাসখানি টোরির মূল্য কী? এরও কালচার চাই।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন