চণ্ডী লাহিড়ী
দাদাঠাকুরের (শরৎ পন্ডিত ১৮৯১-১৯৬৮ জঙ্গিপুর) জীবদ্দশাতেই দাদঠাকুরের নামে সিনেমা তৈরি হয়। দাদাঠাকুর ছিলেন কৃশকায় এবং গড়পড়তা বাঙালির তুলনায় খর্বাকৃতি। আসল দাদাঠাকুর (শরৎ পন্ডিত) সিনেমার দাদাঠাকুরকে (ছবি বিশ্বাস) দেখে খুবই হেসেছিলেন আড়ালে। পরিমল গোস্বামীকে নাকি বলেছিলেন—সব ভালো, কেবল বড়ো ভুঁড়িটা আমার নেই। সামনের জন্মে ভালোমন্দ খেয়ে যদি ওরকম বাদশাহী ভুঁড়ি করতে পারি!

ড. প্রতাপচন্দ্র চন্দ্রের মা অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জনের প্রিয় শিষ্য নির্মলচন্দ্র চন্দ্রের স্ত্রী একমাত্র দাদাঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। দাদাঠাকুর ছিলেন খাঁটি ব্রাহ্মণ, প্রণাম নিতেন কিন্তু প্রণামী নিতেন না।
জঙ্গিপুরে নিজ গৃহে শত দারিদ্র্য সত্ত্বেও কারও কাছে হাত পাততেন না। উল্টে হিন্দু-মুসলমান-হাড়ি-ডোম নির্বিশেষে সবার খোঁজ নিতেন। জঙ্গিপুর বার্তা ছাপার জন্য যে ট্রেডল মেসিন কিনেছিলেন অ্যাটর্নি নির্মলচন্দ্র চন্দ্রের কাছে টাকা ধার করে তার সবটাই শোধ করেছিলেন। সটাই ধার নেওয়ার শর্ত। স্বয়ং প্রতাপবাবু একথা আমায় বলেছিলেন।
স্বপাক রান্না করতেন, কিন্তু ব্যতিক্রম ছিল নির্মলচন্দ্রের বাড়ি। কারণ নির্মলচন্দ্র চন্দ্র নিজেও জাতিভেদ মানতেন না। ঠাকুর দেবতা বিশ্বাস তেমন সোচ্চার ছিল না। পুত্র গুরুতর পীড়ায় আক্রান্ত— স্ত্রী প্রার্থনা করে চলেছেন—মা, মা, আমার ছেলেটাকে ভালো করে দাও মা।
দাদাঠাকুর মরণোন্মুখ পুত্রের পাশে দাঁড়িয়েই স্ত্রীকে বলেছিলেন, যে মা নিজের ছেলের মুখ বদলাতে পারে না সেতোমার ছেলেকে বাঁচাবে! (মা দুর্গা গণেশের মুখ বদল করে মানুষের মুখ বসাতে পারেননি)
দাদাঠাকুর দীর্ঘজীবী হয়েছিলেন। জীবনের বিভিন্ন পর্বে বিভিন্ন পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়েছিল। আমার স্কুল জীবনে পি.এম. বাগচি (পঞ্জিকাখ্যাত) পরিবারের একাংশ যাঁরা নবদ্বীপে বাস করতেন (পাশের বাড়ি), তাঁদের কাছেও দাদাঠাকুরের গল্প শুনেছি। বোতল পুরাণের গল্প সেই শৈশবেই শুনেছি। দীপালি (সিনেমা-পত্রিকা) সম্পাদক বসন্ত চট্টোপাধ্যায়ের আদি বাড়ি। কাটোয়ার উল্টোদিকে মাটিয়ারি গ্রামে আমার শৈশবের কয়েকটি বছর কেটেছিল। কলকাতায় থাকতেন মানিকতলা মার্কেটের দোতলার একটা ঘরে। অন্ধকার ঘরে তিনি কাজ করতেন বলে দাদাঠাকুর তাঁকে কখনো ‘কীরে পেঁচা? খবর কী?’ বলে সম্বোধন করতেন। তিনি অবশ্য নির্মলচন্দ্র চন্দ্রেরও বন্ধু ছিলেন। একমাত্র পরিমল গোস্বামী ও তাঁর জ্যেষ্ঠপুত্র কিছু মূল্যবান স্মৃতি লিখিতভাবে রেখে গেছেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন