চণ্ডী লাহিড়ী
নিজের বিশ্বাসকে তত্ত্ব বলে প্রচার করার অপরাধে গ্যালিলিয়োর বিচার হয় পোপের নেতৃত্বে। বাইবেলে প্রচারিত একটি ‘চিরন্তন’ সত্যকে অস্বীকার করে গ্যালিলিয়ো নিজের বিশ্বাসকেই সত্য বলে প্রচার করেছিলেন ১৬৩২ সালে। না, পোপ মহান। পোপ করুণাময়। তিনি গ্যালিলিয়োর ওপর কোনো দৈহিক নির্যাতন করেননি। অত্যাচারের অস্ত্রগুলি কেবল তাঁকে দেখানো হয়েছিল।
সমসাময়িককালের একটি ডকুমেন্ট থেকে নতুন এই তথ্য জানা গেছে। সেই পোপের নির্দেশেই, ১৬২০-তে উইলিয়ম লিথগো নামক এক ইংরেজকে স্প্যানিশ যাজকেরা ইনকুইজিসনের সামনে হাজির করে। দুটো হাঁটু ভারী কাঠ দিয়ে বেঁধে উলটো দিকে দড়ি ধরে টান দিতেই মটমট করে হাঁটুর হাড়গুলো ভেঙে গেল আমার— লিখে গেছেন তিনি। জীবনে আর কোনোদিন ভদ্রলোক নিজের পায়ে দাঁড়াননি।
যিশুখ্রিস্টের নাম নিয়ে এই ইনকুইজিসন নামক শাস্তির ব্যবস্থা কতটা নিষ্ঠুর হতে পারে সেটা গ্যালিলিয়ো বিলক্ষণ জানতেন। সেজন্য গ্যালিলিয়ো চার্চের সঙ্গে সংঘাত এড়িয়ে গেলেন। তারিখটা ১৬৩৩ সালের ১২ এপ্রিল।
তাঁকে কারাগারে পাঠানো হল। গ্যালিলিয়ো বললেন, এপ্পার সাই মুভেৎ অর্থাৎ পৃথিবী তবুও ঘুরবে।
গ্যালিলিয়োর ওপর পোপের রাগের একটি কারণ ছিল। তাঁর বইয়ের একটি চরিত্র (Simplicius) সিমপ্লিসিউস নামক যে আধপাগল চরিত্র আছে সেটি নাকি পোপকে ব্যঙ্গ করেই রচিত। পোপের অবস্থান বিপজ্জনক। যদি ওই বইয়ের বর্ণিত চরিত্রের জন্য গ্যালিলিয়োকে শাস্তি দেওয়া হয় তাহলে আরও বেশি লোক জানাজানি হবে। বইয়ের বিক্রি বাড়বে। সেজন্য গ্যালিলিয়োকে শাস্তিদানের কাগজে কোথাও পোপ স্বাক্ষর করেননি। শাস্তি দেওয়া হয়নি। কেবল অস্ত্রগুলি দেখানো হয়েছিল।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন