চণ্ডী লাহিড়ী
লর্ড ক্লাইভকে সিরাজদ্দৌলা তাড়া করেছেন। ক্লাইভ ছেঁড়া প্যান্ট ছেঁড়া জামা পরে দিনের বেলা বনে জঙ্গলে আত্মগোপন করে কাটান। রাত্রে চাঁদের আলোয় পথ হাঁটেন। এক মুখ দাড়ি-পেটে অন্ন নেই। এভাবে এক সপ্তাহ কাটার পর, একদিন থাকতে পারলেন না। রানাঘাটের কাছে এক গ্রামে এক ভাঙা দরজায় কুপির আলো জ্বলছে দেখে টোকা মারলেন। গৃহস্থের অবস্থাও ভালো নয়। তিনি দরজা খুললেন। দেখলেন এক গোরা সাহেব, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি নিয়ে দাঁড়িয়ে। সেই গোরা সাহেব বললেন, আশ্রয় দাও রাত্রিটা। সাতদিন খাইনি। গরীব কৃষ্ণ পালের ঘরে খাবার কিছু নেই। সকালের জন্য রাখা ছিল পান্তা ভাত। সেই পান্তা ভাত ক্লাইভ খেলেন এবং ভোরে কলকাতার পথে বের হয়ে গেলেন।

এরপর হাওয়া ঘুরে গেল। পলাশীর যুদ্ধে সিরাজ হেরে গেলেন। জয়ী হলেন ক্লাইভ। তাঁর মনে পড়ল রানাঘাটের গামে কৃষ্ণ পাল এক রাত্রি তাঁকে আশ্রয় দিয়েছিলেন। খাইয়ে ছিলেন পান্তাভাত। ক্লাইভ তাঁকে রানাঘাটের জমিদারি মঞ্জুর করলেন। পান্তাভাত খাইয়েছিলেন বলে, গ্রামের লোক কৃষ্ণ পালকে নাম দিয়েছিল কৃষ্ণপান্তি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন