চণ্ডী লাহিড়ী
ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডা. রাজেন্দ্রপ্রসাদ। তিনি ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র। থাকতেন ইডেন হোস্টেলে। তাঁর সহপাঠী ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ বিনয় সরকার, রাধাকুমুদ মুখোপাধ্যায়, হারান চাকলাদার, রবি ঘোষ প্রমুখ পরবর্তীকালের বহু বিখ্যাত মানুষ।

বিহারে তখনও কোনো নামি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্ম হয়নি। সেপ্রদেশের ভালো ছাত্ররা পড়তে আসতেন কলকাতায়। বাংলা বিহারের ভৌগোলিক সীমা নিয়ে যে বিরোধই থাকনা কেন, মনীষার ক্ষেত্রে আদানপ্রদান ছিল খুবই আন্তরিক। রাজেন্দ্রপ্রসাদ ছিলেন নিরামিষাশী। বাঙালি ছেলেরা প্রায়ই চেষ্টা করতেন রাজেনবাবুকে মাছ খাওয়াবার। রাষ্ট্রপতি হওয়ার পর পুরাতন স্মৃতি রোমন্থন করতে গিয়ে প্রেসিডেন্সির হোস্টেলে অতিবাহিত মধুর দিনগুলির কথা বলতে গিয়ে রাজেনবাবু তাঁকে মাছ খাওয়ানের ব্যাপারটি মজা করে উল্লেখ করেছিলেন।
সতীশবাবুর ডন সোসাইটি ছিল স্বদেশি চর্চার প্রাণকেন্দ্র। বিনয় সরকার লিখেছেন—রাজেন্দ্রপ্রসাদের সঙ্গেও খুব ভাব ছিল। আজও আমি তাকে ভাইয়া রাজিন্দর বলে ডাকি। সেও আমায় ভাইয়া বিনইয়া বলে ডাকে। রাজেন্দ্রপ্রসাদের সঙ্গে বহু বাঙালি ছাত্রের অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। সেই সূত্রেই সতীশবাবুর সঙ্গে তার দেখা। আর যাঁহা দেখা, তাঁহা ডন সোসাইটিতে ভর্তি হওয়া। বোধ হয়, রাধাকুমুদের নেতৃত্বে আমারই মতো রাজেন্দ্রপ্রসাদ ডন সোসাইটিতে নাম লেখাতে যায়।
ডন সোসাইটির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও সাধুবাদ জানিয়ে সতীশচন্দ্রকে রাজেন্দ্রপ্রসাদ এক সময় একটা চিঠিতে লিখেছিলেন—As the only institution of its kind we naturally expect much from it. The Dawn Society is a unique institution and is doing service to the community for which it cannot be too grateful to you.
ভারতের প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্রপ্রসাদ বেঁচেছিলেন ৭৯ বছর, তার মধ্যে দিল্লিতে রাষ্ট্রপতি ছিলেন ১২ বছর। মারা যান পাটনায় ২৮ ফেব্রুয়ারি ১৯৬৩ সাল। মৃত্যুর পর দেখা গেল ব্যাঙ্কে জমা আছে মাত্র ১৪৩২ টাকা। এর মধ্যে ধরা আছে ৪৪ বছরের জমা সুদ।
ডা. রাজেন্দ্রপ্রসাদ অনাড়ম্বর জীবনযাপন করতেন। জীবনে কোনো চাহিদা ছিল না। আদ্যপান্ত সৎজীবনের মূর্ত প্রতীক ছিলেন।
বর্তমানে যে-কোনো রাষ্ট্রপতির মাসিক বেতন মাসে পঞ্চাশ হাজার টাকা (২০০৭)। অর্থাৎ তাঁর একদিনের আয় ১৬৬৭ টাকা—যেটা রাজেন্দ্রবাবু ৪৪ বছরের সঞ্চয়ের চেয়েও বেশি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন