চণ্ডী লাহিড়ী
সংগীতপ্রিয় কলকাতার মানুষ পিট সিগারের গান শোনেনি বা তাঁর অনুষ্ঠান সামনে থেকে শোনার জন্য ভিড় করেনি—এমন শ্রোতা বিরল। সিগারের প্রিয় শহর কলকাতা একাধিকবার বিশ্বভ্রমণে বের হয়ে তিনি কলকাতায় এসেছেন—গান করে মাতিয়েছেন।

We shall overcome গানটি কলকাতার লোকের মুখে মুখে যে এখনও শোনা যায় তার মূলে সিগারের কলকাতায় আগমন ও মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কন্ঠ মিলিয়ে গান করার অভ্যাস।
দ্বিতীয় মহাযুদ্ধের ঠিক পর সিগার ‘দি উইভার্স’ বলে গানের দল গড়ে তোলেন। যুদ্ধক্লান্ত দেশ তখন শান্তির কথা শুনতে চায়, ঘরের মধ্যে সংসার চায়। তাঁর গুডনাইট আইরিন (১৯৪৯) বিশ লাখ রেকর্ড হয়েছে। পরপর প্রকাশিত হয়েছে On top smoky kisses।
কিন্তু এই জনপ্রিয়তাই তাঁর কাল হল। আমেরিকায় ম্যাকর্থির কমিউনিস্ট ধরার অভিযান শুরু হল। সেএক অদ্ভুত সাংস্কৃতিক আঁধার। সন্দেহ হলেই গ্রেপ্তার। প্রশ্নের পর প্রশ্ন—গোয়েন্দা লেলিয়ে নৈতিক সাহস ধ্বংস করাই ছিল ম্যাকার্থির লক্ষ্য।
১৯৫৫ সিগারের ডাক পড়ল। ‘আন আমেরিকান একটিভিটি’ তদন্ত কমিটির কাছে। সিগার মাথা উঁচু করে কমিটির সামনে দাঁড়ালেন—‘আমি গান গাই সাধারণ মানুষের জন্য। পিছনে কমিউনিস্টরা আছেন বা নেই সেটা জানা আমার কাজ নয়। সাধারণ খেটে খাওয়া মানুষকে বাঁচতে সাহায্য করা শিল্পীর ধর্ম। আমি কোনো অন্যায় করিনি।’
ম্যাকার্থি কোম্পানির এই উত্তর পছন্দ হয়নি। তাঁরা চটে লাল। রায় বের হল—একবছর জেল। উচ্চ আদালতে আপিল করতেই মুক্ত হলেন সিগার। তাঁকে সারা আমেরিকার তরুণ যুদ্ধ-বিরোধী জনতা সম্মান জানাতে ভিড় করল। সেই থেকে নিজেকে প্রতিবাদী বা বিদ্রোহী বোঝাতে যুব সম্প্রদায়ের হাতে উঠল গিটার—কন্ঠে সিগার।
জীবনের একেবারে শেষপ্রান্তে (২০০৪) এসে পিট সিগার নিজের কথা অকপটে বলেছেন—‘আমি সব মানুষের জন্য গান গাই। কমিউনিস্ট কোনোদিনই ছিলাম না। তারা যেখানেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়, আমিও এগিয়ে যাই। আমি ত্রিশ বছর আগে গানের দল গড়েছি। পরে সেদল ভেঙে দিয়েছি। কারণ অর্থের জন্য নাইট ক্লাবে গিয়ে বাজাতে হত। আমি নিজে মদ্যপান করিনা—সিগারেট, কফি কিছুই খাই না। সেজন্য নাইট ক্লাবে গেয়ে টাকা উপার্জন করতেও চাই না। আমরা দুই বুড়োবুড়ির চাহিদা সামান্যই।’
সিগার আরও বলেছেন—সিভিল রাইটার্স আন্দোলনের সমর্থন করি।
সিগার এখন চেষ্টা করছেন—লোকসংগীত যে গ্রাম বা গোষ্ঠীর থেকে আহরণ করা হয়—গানের রয়েলটি সেই গ্রাম বা গোষ্ঠীকে দান করতে হবে। রেকর্ডওয়ালারা গানের স্রষ্টাদের বঞ্চিত করেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন